১৫ বছরে সবচেয়ে কম বৃষ্টি, দুই মাসে তিনটি নিম্নচাপের আশঙ্কা
বাংলাদেশে গত ১৫ বছরের মধ্যে এবার বর্ষা মৌসুমে সবচেয়ে কম বৃষ্টি হয়েছে। মৌসুমি বায়ু সক্রিয় থাকা অবস্থায় এবার দেশে বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে ৪৭ হাজার ৪৪৭ মিলিমিটার, গত বছরের তুলনায় যা প্রায় নয় হাজার মিলিমিটার কম। এখন মৌসুমি বায়ু প্রায় শেষ হতে চলেছে। বাড়ছে নিম্নচাপ ও ঘূর্ণিঝড়ের আশঙ্কা। দুই মাসে অন্তত তিনটি গভীর নিম্নচাপ হতে পারে, যার একটি ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে বলে আবহাওয়া দপ্তর পূর্বাভাস দিয়েছে।জানা গেছে, সাধারণত মৌসুমি বায়ু প্রবাহের আগ মুহূর্তে বা বিদায়ের পরই সাগরে নিম্নচাপ ও ঘূর্ণিঝড়ের সৃষ্টি হয়। আবহাওয়া দপ্তরের হিসাবের জুন থেকে সেপ্টেম্বর পর্যন্ত মৌসুমি বায়ু সক্রিয় থাকে। এ সময় বরিশালে ৩০ বছরের মধ্যে, খুলনায় ২০ বছরের মধ্যে ও রংপুরে ১০ বছরের মধ্যে সবচেয়ে কম বৃষ্টি রেকর্ড করা হয়েছে।ঝড় সতর্কীকরণকেন্দ্রের দীর্ঘমেয়াদি পূর্বাভাস সূত্র জানায়, নভেম্বর মাসে বঙ্গোপসাগরে এক থেকে দুটি নিম্নচাপ সৃষ্টি হবে। এর মধ্যে একটি ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে। এ ছাড়া ডিসেম্বরে আরেকটি নিম্নচাপের আশঙ্কা রয়েছে। পূর্বাভাস দেওয়ার জন্য গঠিত ঝড় সতর্কীকরণকেন্দ্রের কমিটি ৪ অক্টোবর বিভিন্ন তথ্য-উপাত্ত দেখে এ পূর্বাভাস দেয়। এই কমিটি চলতি অক্টোবরে দুটি নিম্নচাপের পূর্বাভাস দিয়েছে, যার একটি ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে। ইতিমধ্যে দুটি গভীর নিম্নচাপ সৃষ্টি হয়েছে। কোনোটি ঘূর্ণিঝড়ে রূপ নেয়নি। তবে অক্টোবরের প্রথম সপ্তাহে সৃষ্ট গভীর নিম্নচাপের কারণে উপকূলে পাঁচ-সাত ফুট উচ্চতার জলোচ্ছ্বাস হয়। পতেঙ্গা আবহাওয়া দপ্তরের জ্যেষ্ঠ আবহাওয়াবিদ শেখ শাহজাহান আলম বলেন, ‘মৌসুমি বায়ু এখনো কিছুটা সক্রিয় থাকায় অক্টোবরে সৃষ্ট দুটি গভীর নিম্নচাপ ঘূর্ণিঝড়ে রূপ নেয়নি। সাধারণত মৌসুমি বায়ু বিদায়ের পর কিংবা আগমনের সময় ঘূর্ণিঝড় হয়।’সবচেয়ে কম বৃষ্টি: ১৯৯৪ সালের পর গত ১৫ বছরের মধ্যে বর্ষা মৌসুমে এবারই সবচেয়ে কম বৃষ্টি হয়েছে। ’৯৪ সালে ৪৫ হাজার ৩৭২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়। আবহাওয়া দপ্তর সূত্র জানায়, বর্ষা মৌসুমে চট্টগ্রামে ২২ হাজার ৯৭৬ মিলিমিটার ও ঢাকায় পাঁচ হাজার ১৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়। এ ছাড়া বরিশালে ৩০ বছরের মধ্যে, খুলনায় ২০ বছরের মধ্যে ও রংপুরে ১০ বছরের মধ্যে এবারই সবচেয়ে কম বৃষ্টি হয়। এ তিন বিভাগে বৃষ্টিপাত রেকর্ড করা হয় যথাক্রমে চার হাজার ৯২০ মিলিমিটার, চার হাজার ২২৭ মিলিমিটার ও চার হাজার ২৭৮ মিলিমিটার।তবে সিলেট ও রাজশাহী বিভাগে এবার গত দুই বছরের তুলনায় বেশি বৃষ্টি হয়েছে। সিলেটে জুন থেকে সেপ্টেম্বর পর্যন্ত বৃষ্টি হয়েছে চার হাজার ১৩৬ মিলিমিটার। একই সময়ে রাজশাহীতে রেকর্ড করা হয়েছে চার হাজার ১৩৬ মিলিমিটার। পরিসংখ্যানে দেখা যায়, মৌসুমি বায়ু সক্রিয় থাকা অবস্থায় গত চার মাসে সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে জুন মাসে, ১৭ হাজার ৮৫৭ মিলিমিটার। এরপর জুলাইতে হয়েছে ১১ হাজার ৪৪৩ মিলিমিটার। আগস্ট ও সেপ্টেম্বরে বৃষ্টিপাত রেকর্ড করা হয় যথাক্রমে ১০ হাজার ১২২ মিলিমিটার ও আট হাজার ২৫ মিলিমিটার। সেপ্টেম্বরে সারা দেশে স্বাভাবিকের চেয়ে ২৬ শতাংশ কম বৃষ্টি হয়। তবে মৌসুমি বায়ু বিদায় নেওয়ার সময় গভীর নিম্নচাপের কারণে কয়েক দিন মাঝারি থেকে ভারী বৃষ্টি হয়। ১৫ বছরের মধ্যে ২০০৪ সালে সবচেয়ে বেশি বৃষ্টিপাত রেকর্ড করা হয়, যার পরিমাণ ৬৯ হাজার ৯০৫ মিলিমিটার। এ ছাড়া ২০০৭ সালে ৬৬ হাজার ৫২০ মিলিমিটার বৃষ্টি হয়। ওই বছর চট্টগ্রাম নগরের বিভিন্ন অঞ্চল ডুবে যায়, পাহাড়ধসের ঘটনা ঘটে। তখন ৬০ জনেরও বেশি লোক প্রাণ হারায়। ২০০৮ সালে ৬০ হাজার ৫৫১ মিলিমিটার ও পরের বছর ৫৬ হাজার ১৬৩ মিলিমিটার বৃষ্টি হয়। সতর্কসংকেত প্রত্যাহার: দেশের দুই সমুদ্রবন্দর চট্টগ্রাম ও মংলা এবং কক্সবাজার উপকূলীয় এলাকায় জারি করা ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত প্রত্যাহার করা হয়েছে। আবহাওয়া দপ্তর জানায়, গভীর নিম্নচাপ গত শুক্রবার দিবাগত রাতে ওডিশা অতিক্রম করে। তাই সংকেত নামিয়ে ফেলতে বলা হয়েছে। গতকাল শনিবার দুপুর পর্যন্ত ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত বহাল রাখা হয়েছিল।