১৫ বছরের জন্য টুজি লাইসেন্স পেল চার অপারেটর
নানা ঘটনা ও জটিলতার অবসান ঘটিয়ে নয় মাস পর দ্বিতীয় প্রজন্মের (টুজি) লাইসেন্স হাতে পেয়েছে দেশের চার মুঠোফোন অপারেটর কোম্পানি। আজ মঙ্গলবার ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী রাজিউদ্দিন আহমেদ মুঠোফোন অপারেটর গ্রামীণফোন, বাংলালিংক, রবি ও সিটিসেলের প্রতিনিধিদের হাতে নবায়ন করা ১৫ বছর মেয়াদি লাইসেন্স তুলে দিয়েছেন। ১ আগস্ট সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের এক চিঠিতে টুজি লাইসেন্স নবায়ন এবং দেনা-পাওনা পরিশোধের বিষয়ে অপারেটরদের সঙ্গে অমীমাংসিত বিষয়গুলো দ্রুত মীমাংসা করে সাত দিনের মধ্যে লাইসেন্স নবায়ন করতে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনকে (বিটিআরসি) নির্দেশ দেওয়া হয়। এরপর ২ আগস্ট চার অপারেটর কোম্পানিকে চিঠি দেয় বিটিআরসি।টুজি লাইসেন্স নবায়নের জন্য চার অপারেটর কোম্পানিকে সব মিলিয়ে প্রায় সাত হাজার ৫৬৩ কোটি টাকা ফি দিতে হচ্ছে। ২০১১ সালের নভেম্বরে তাদের লাইসেন্সের মেয়াদ শেষ হয়।টেলিযোগাযোগমন্ত্রী রাজিউদ্দিন আহমেদ বলেন, ‘নয় মাস পর আজ লাইসেন্স নবায়নের মাধ্যমে বিটিআরসি ও অপারেটরদের মধ্যে বন্ধুত্বের সেতু তৈরি হলো। ভবিষ্যতে অপারেটর ও নিয়ন্ত্রক সংস্থার মধ্যে যদি কোনো সমস্যা হয়, তাহলে তা তারা নিজেরাই আলোচনা করে সমাধান করবে।’ টেলিযোগাযোগ খাতে আরও নতুন বিনিয়োগ হবে উল্লেখ করে মন্ত্রী আরও বলেন, ‘এজন্য বিটিআরসিকে উদ্যোগ নিতে হবে।’ আগামীতে থ্রি-জি (তৃতীয় প্রজন্ম প্রযুক্তি) আসছে এবং সব অপারেটর যেন এ সেবা চালু করতে পারে, সে জন্য ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান মন্ত্রী।