১৫ বিচারকের শপথ, আপিল বিভাগের বিচারপতিরা যাননি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে নিয়োগ পাওয়া ১৭ জন অতিরিক্ত বিচারকের মধ্যে ১৫ জন গতকাল রোববার শপথ নিয়েছেন। অপর দুজনের শপথ হয়নি। সকাল ১০টা ২০ মিনিটে প্রধান বিচারপতি মোহাম্মদ ফজলুল করিম সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে পর্যায়ক্রমে ১৫ জন বিচারককে শপথবাক্য পাঠ করান।৪০ মিনিটের এই শপথ অনুষ্ঠানে আপিল বিভাগের পাঁচ বিচারপতি উপস্থিত ছিলেন না। তাঁদের জন্য রাখা পাঁচটি আসন খালি ছিল। তবে হাইকোর্ট বিভাগের বিচারপতিরা অনুষ্ঠানে উপস্থিত থাকলেও তাঁদের জন্য রাখা ১৪টি আসন ফাঁকা ছিল।আপিল বিভাগের বিচারপতিদের শপথ অনুষ্ঠানে না থাকা প্রশ্নে অ্যাটর্নি জেনারেল মাহ্বুবে আলম সাংবাদিকদের বলেন, তাঁরা শপথ অনুষ্ঠান থেকে বিরত থেকেছেন, অতীতে এমন ঘটনা ঘটেনি।পরে নতুন নিয়োগপ্রাপ্ত বিচারকদের সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ও অ্যাটর্নি জেনারেলের পক্ষ থেকে পর্যায়ক্রমে সংবর্ধনা দেওয়া হয়। যোগাযোগ করা হলে সুপ্রিম কোর্টের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এম আতোয়ার রহমান প্রথম আলোকে জানান, শপথ গ্রহণের বিষয়টি সুপ্রিম কোর্টের উভয় বিভাগের বিচারপতিদের অবহিত করা হয়েছে।১১ এপ্রিল সংবিধানের ৯৮ অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতি জিল্লুর রহমান হাইকোর্টের অতিরিক্ত বিচারক হিসেবে ১৭ জনকে নিয়োগ দেন। অনিবার্য কারণবশত প্রধান বিচারপতি তাঁদের মধ্যে ১৫ জনকে শপথ পাঠ করাবেন বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছিল।প্রধান বিচারপতি প্রথমে মোহাম্মদ ফারুককে শপথবাক্য পাঠ করান। এরপর পর্যায়ক্রমে শওকত হোসেন, এফ এম আর নাজমুল আহসান, কৃষ্ণা দেবনাথ, এ এন এম বশির উল্লাহ, আব্দুর রব, কাজী রেজা-উল হক, আবু জাফর সিদ্দীকি, এ কে এম জহুরুল হক, জাহাঙ্গীর হোসেন, শেখ মোহাম্মদ জাকির হোসেন, হাবিবুল গনি, গোবিন্দ চন্দ্র ঠাকুর, শেখ হাসান আরিফ ও জে বি এম হাসান অতিরিক্ত বিচারক হিসেবে শপথ নেন। অনুষ্ঠানে জানানো হয়, বেলা সাড়ে ১১টায় আদালত বসবে।সূত্র জানায়, গতকাল সকাল সাড়ে নয়টা থেকে ১০টা পর্যন্ত আপিল বিভাগের এক নম্বর বিচারকক্ষে প্রধান বিচারপতিসহ আপিল বিভাগের ছয় বিচারপতি একসঙ্গে বিচারকাজ পরিচালনা করেন। পরে ১০টায় এজলাস ত্যাগ করেন বিচারপতিরা। সূত্র জানায়, আপিল বিভাগের একজন বিচারপতি ছাড়া শপথ অনুষ্ঠান শেষে প্রধান বিচারপতিসহ আপিল বিভাগের চার বিচারপতি এজলাসে বসেছেন। শপথ শেষে সাড়ে ১১টা থেকে মাঝে বিরতি দিয়ে বিকেল সাড়ে চারটা পর্যন্ত অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম, সমিতির সভাপতি খন্দকার মাহবুব হোসেন ও সম্পাদক মো. বদরুদ্দোজাসহ আইনজীবীরা এজলাস ঘুরে ঘুরে নতুন বিচারপতিদের অভিনন্দন জানান।প্রতিক্রিয়া: অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম সাংবাদিকদের বলেন, ‘সমিতি ও অ্যাটর্নি জেনারেলের পক্ষ থেকে বিচারকদের সংবর্ধনা দেওয়া হয়েছে। আশা করছি, অচিরেই দুজন বিচারক শপথ নেবেন। রাষ্ট্রপতি তাঁদের নিয়োগ দিয়েছেন। ওই আদেশ বাতিল হয়নি, নিয়োগ বহাল আছে।’ তিনি বলেন, শিবির কর্মী হত্যার ঘটনায় একজনের বিরুদ্ধে অভিযোগ তোলা হয়েছে। যে চক্র এ অভিযোগ তুলেছে, সেই চক্র তাঁকে ঘায়েল করার জন্য অপপ্রচার চালাচ্ছে। অপর একজন সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতির দরজায় লাথি মেরেছেন বলা হচ্ছে। এটি মিথ্যা ও বিভ্রান্তিকর। কারণ প্রধান বিচারপতির এজলাসে থাইয়ের কোনো দরজা নেই। সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি খন্দকার মাহবুব হোসেন সাংবাদিকদের বলেন, ‘আমাদের বিশ্বাস ছিল, প্রধান বিচারপতি এমন কিছু করবেন না, যাতে সুপ্রিম কোর্টের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়। বিতর্কিত দুজনের বিষয়ে আমাদের আপত্তি ছিল। প্রচারমাধ্যম এ ব্যাপারে সহায়তা করেছে। দুই বিচারকের শপথ না করার মধ্য দিয়ে সমিতির অভিমত প্রধান বিচারপতি স্বীকৃতি দিয়েছেন।’ তবে তাঁদের নিয়োগ বাতিল হবে কি না, এ নিয়ে তিনি সন্দিহান। তিনি বলেন, এই দুজনের শপথ পড়ানো হলে তিন দিনের কালো পতাকা উত্তোলনের কর্মসূচি আগেই ঘোষণা করা হয়েছে। প্রয়োজনে কঠোর কর্মসূচি দেওয়া হবে।এদিকে হাইকোর্টে নিয়োগ পাওয়া ১৭ অতিরিক্ত বিচারকের মধ্যে দুজনকে শপথ না পড়ানোয় বিস্ময় প্রকাশ করেছে জাতীয় আইনজীবী পরিষদ কেন্দ্রীয় কমিটি। বিবৃতিতে বলা হয়, আইনজীবী সমিতির সভাপতি খন্দকার মাহবুব হোসেন ও বিএনপি-জামায়াতপন্থী কিছু আইনজীবী তাঁদের বিরুদ্ধে কুিসত প্রচার চালিয়ে আসছেন। এ ঘটনায় নিন্দা জানানোর পাশাপাশি এ অশুভ তৎপরতার বিরুদ্ধে আইনজীবীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানানো হয়।