১৫ মামলার একটিও নিষ্পত্তি হয়নি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১৫ বছর হয়ে গেল, ১৯৯৬ সালের শেয়ার কেলেঙ্কারির একটি মামলাও নিষ্পত্তি হলো না। হাজার হাজার ক্ষুদ্র বিনিয়োগকারীকে সর্বস্বান্ত করার ওই ঘটনায় ১৫টি মামলা হয়েছিল, শাস্তি পায়নি জড়িত ব্যক্তিদের কেউই।এরই মধ্যে ঘটে গেছে আরও একটি শেয়ার কেলেঙ্কারির ঘটনা। আগের চেয়েও ব্যাপক ও বিস্তৃত এ ঘটনায় পুঁজি হারিয়ে নিঃস্ব হয়েছেন লাখ লাখ বিনিয়োগকারী। এ ঘটনায় জড়িত ব্যক্তিদের চিহ্নিত করতে গঠিত তদন্ত কমিটি গত ৭ এপ্রিল অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের তদন্ত প্রতিবেদন জমা দিয়েছে। বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর ও কৃষি ব্যাংকের চেয়ারম্যান খোন্দকার ইব্রাহিম খালেদের নেতৃত্বে চার সদস্যের তদন্ত কমিটি দুই মাস অনুসন্ধান চালিয়ে এ প্রতিবেদন তৈরি করে। এই তদন্ত প্রতিবেদনে যাঁদের নাম রয়েছে, তাঁদের অনেকেই ছিয়ানব্বইয়ের শেয়ার কেলেঙ্কারিতে জড়িত ছিলেন।বিশেষজ্ঞরা বলছেন, ওই সময় দোষী ব্যক্তিদের শাস্তি হলে একই ঘটনার পুনরাবৃত্তি হতো না। কিন্তু তদন্ত প্রতিবেদনের দুর্বলতা ও মামলা দায়েরের পদ্ধতিগত ত্রুটি ও সরকারের আন্তরিকতার অভাবে ১৫ বছরেও মামলাগুলোর বিচারকাজ শেষ হয়নি।যোগাযোগ করা হলে পুঁজিবাজার বিশেষজ্ঞ ও অর্থনীতিবিদ আবু আহমেদ প্রথম আলোকে বলেন, ‘ছিয়ানব্বই সালের মামলার কথা বলে বলে আমরা ক্লান্ত হয়ে গেছি। কিন্তু কাজের কাজ কিছু হয়নি। তাই এবার মামলায় যাওয়ার আগে সরকারের উচিত হবে অধিকতরও তদন্ত করা। যাতে অন্তত পদ্ধতিগত ত্রুটির কারণে মামলার গুরুত্ব নষ্ট হয়ে না যায়।’ছিয়ানব্বইয়ের শেয়ার কেলেঙ্কারির ঘটনায় ১৫টি প্রতিষ্ঠানের ৩৬ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছিল। তাঁদের মধ্যে বেক্সিমকো গ্রুপের কর্ণধার সালমান এফ রহমান ও ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সাবেক সভাপতি রকিবুর রহমানের নাম রয়েছে। এবারের প্রতিবেদনেও এ দুজনের নাম আছে।খোঁজ নিয়ে জানা গেছে, ওই সময়ের অভিযুক্ত ব্যক্তিদের মধ্যে দুজন মারা গেছেন। ১৫টি মামলার মধ্যে দুটি আপিল বিভাগে, পাঁচটি নিম্ন আদালতে ও সাতটি উচ্চ আদালতে শুনানির জন্য রয়েছে। একটি মামলা খারিজ হয়ে গেছে। পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি) সূত্রে মামলার এই সর্বশেষ অবস্থা পাওয়া গেছে। এসইসির সূত্র জানায়, আলোচিত এই মামলাসহ সিকিউরিটিজ আইনের মামলাগুলো দ্রুত নিষ্পত্তির জন্য বিশেষ বেঞ্চ গঠনে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে একাধিকবার অনুরোধ জানানো হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজেও এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছেন। এর ধারাবাহিকতায় সরকারি প্রতিষ্ঠান-সম্পর্কিত সংসদীয় কমিটি গত বছর সেপ্টেম্বর মাসে সাংসদ ধীরেন্দ্র দেবনাথ শম্ভুকে প্রধান করে তিন সদস্যের একটি কমিটি করে। কমিটির পক্ষ থেকে শেয়ার কেলেঙ্কারির সঙ্গে জড়িত ব্যক্তিদের শাস্তি নিশ্চিত করতে মামলা পরিচালনার জন্য নতুন আইনজীবী নিয়োগেরও সুপারিশ করা হয়। কমিটি একটি বৈঠক করলেও কোনো অগ্রগতি হয়নি।যোগাযোগ করা হলে অ্যাটর্নি জেনারেল কার্যালয়ের একজন কর্মকর্তা বলেন, হাইকোর্টে মামলা থাকলে তা সক্রিয় করার জন্য সরকারের নির্দেশনা থাকা দরকার। কিন্তু তাঁদের কাছে সে ধরনের কোনো নির্দেশনা নেই। আগের দফায় আওয়ামী লীগ সরকারের ক্ষমতা গ্রহণের চার মাসের মধ্যে দেশের ইতিহাসে সবচেয়ে বড় ওই শেয়ার কেলেঙ্কারির ঘটনা ঘটেছিল। সে সময় কৃত্রিমভাবে শেয়ারের দাম বাড়িয়ে সাধারণ বিনিয়োগকারীদের কাছ থেকে শত শত কোটি টাকা হাতিয়ে নেয় একটি চক্র। ওই ঘটনায় এসইসি ১৯৯৭ সালের ২ এপ্রিল শেয়ার কেলেঙ্কারির অভিযোগে মুখ্য মহানগর হাকিম আদালতে অভিযুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে পৃথকভাবে মামলাগুলো দায়ের করেছিল।অভিযুক্ত ব্যক্তিদের মধ্যে ইমতিয়াজ হোসেন অ্যান্ড কোম্পানির স্বত্বাধিকারী ইমতিয়াজ হোসেন ও রূপন অয়েল অ্যান্ড ফিডস লিমিটেডের মো. নুরন্নবী মারা গেছেন। এরপর ইমতিয়াজ হোসেনের পক্ষে মামলা খারিজের আবেদন করা হয়। কিন্তু আদালত কোম্পানির বিরুদ্ধে মামলা চালানোর আদেশ দেন। পরে কোম্পানির পক্ষ থেকেও মামলা প্রত্যাহারের আবেদন করা হয়। তবে হাইকোর্ট এ ব্যাপারে কোনো আদেশ দেননি বলে জানা গেছে। নুরন্নবী মারা গেলেও অন্য পাঁচ আসামির বিরুদ্ধে মামলাটি চলছে।বাকি মামলাগুলোর মধ্যে বেক্সিমকো ও শাইনপুকুরের বিরুদ্ধে এখনো অভিযোগ গঠন করা সম্ভব হয়নি। মামলা করার পরদিনই শাইনপুকুর হোল্ডিংস লিমিটেডের সালমান এফ রহমান, এ বি সিদ্দিকুর রহমান, বেক্সিমকো ফার্মাসিউটিক্যাল লিমিটেডের সালমান এফ রহমান, এ এস এফ রহমান ও ডি এইচ খান উচ্চ আদালত থেকে অন্তর্বর্তীকালীন জামিন পান। উচ্চ আদালত থেকে তাঁদের বিরুদ্ধে কোনো অভিযোগ গঠন করা যাবে না বলেও জানানো হয়। পরে আদালতের এ সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করে এসইসি। বর্তমানে মামলা দুটি আপিল বিভাগে রয়েছে। আরেক অভিযুক্ত ফার্স্ট ক্যাপিটাল সিকিউরিটিজের রেজওয়ান বিন ফারুক মামলা খারিজের জন্য রিট আবেদন করলে হাইকোর্ট এসইসির প্রতি রুল জারি করেন। রুল নিষ্পত্তি না হওয়ায় নিম্ন আদালতে বিচারকাজ স্থগিত রয়েছে।অভিযুক্ত অন্যরা হলেন দোহা সিকিউরিটিজের এ কে এম সামসুদ্দোহা, এসইএস কোম্পানির রুনা আলম, সাবেদ সিদ্দিকী, এইচএমএমএস ফাইন্যান্সিয়াল কনসালট্যান্সি অ্যান্ড সিকিউরিটিজের হেমায়েত উদ্দিন আহমেদ, মুশতাক আহমেদ সাদেক, সৈয়দ মাহবুব মোরশেদ, শরীফ আতাউর রহমান, আহমেদ ইকবাল হাসান, সিকিউরিটিজ কনসালট্যান্সের এম জি আজম চৌধুরী, শহিদুল্লাহ, অধ্যাপক মাহবুব আহম্মেদ, চিক টেক্স লিমিটেডের মো. মাকসুদুর রহমান, ইফতিয়ার মোহাম্মদ, প্রিমিয়াম সিকিউরিটিজের এ রউফ চৌধুরী, মশিউর রহমান, সৈয়দ এইচ চৌধুরী, অনু জায়গীরদার, আমাম সি ফুডস ইন্ডাস্ট্রিজের জহুর আহমেদ, অলিম্পিক ইন্ডাস্ট্রিজের আজিজ মোহাম্মদ ভাই, অ্যাপেক্স ফুডসের জাফর আহমেদ, জহুর আহমেদ, চিটাগাং সিমেন্ট ক্লিংকার গ্রাইন্ডিং কোম্পানির এ এম এম শহিদুল হক বুলবুল, মো. রকিবুর রহমান ও আবু তায়েব।জানা গেছে, মামলার পরপরই নিম্ন আদালত রুনা আলম, সাবেদ সিদ্দিকী, নুরন্নবী, হেমায়েত উদ্দিন, মুশতাক আহমেদ, মাহবুব মোরশেদ, শরীফ আতাউর রহমান, আহমেদ ইকবাল হাসান, ইমতিয়াজ হোসেন, এ কে এম সামসুদ্দোহার বিরুদ্ধে অভিযোগ গঠন করেন। কিন্তু তাঁরা নিম্ন আদালতের এ সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে উচ্চ আদালতে যান। উচ্চ আদালত এসইএস কোম্পানির বিরুদ্ধে অভিযোগ বাতিল করেন। অন্য পাঁচটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে যান্ত্রিকভাবে অভিযোগ গঠন করা হয়েছে উল্লেখ করে উচ্চ আদালত পুনঃ অভিযোগ গঠনের জন্য পাঠান। পরে উচ্চ আদালতে এসইসি আপিল করলে ছয়টি মামলা আবার নিম্ন আদালতে সাক্ষ্য গ্রহণের জন্য ফেরত আসে। এভাবে উচ্চ আদালত থেকে নিম্ন আদালত করতে করতে পার হয়ে গেছে অনেক দিন। এ সময়ে শুধু ইমতিয়াজ হোসেন অ্যান্ড কোম্পানির বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ শুরু হয়েছিল। অন্যরা আবারও উচ্চ আদালত থেকে সাক্ষ্য গ্রহণের ওপর স্থগিতাদেশ নিয়েছেন।এ ছাড়া অলিম্পিক ইন্ডাস্ট্রিজ, চিক টেক্সটাইল, আমাম সি ফুড, প্রিমিয়াম সিকিউরিটিজ, অ্যাপেক্স ফুড ও সিকিউরিটিজ কনসালট্যান্সি মামলা খারিজের জন্য আবেদন করা হয়। তবে অ্যাপেক্স ফুডের আবেদন নাকচ করে দিয়েছেন হাইকোর্ট।১৯৯৬ সালের ২৬ ডিসেম্বর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য আমিরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বে তদন্ত কমিটি হয়েছিল।