১৫ রোজার পর সারা রাত দোকান খোলা রাখা যাবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১৫ রোজার পর রাজধানীসহ সারা দেশে সব বিপণিবিতান সারা রাত খোলা রাখা যাবে। বাংলাদেশ দোকান মালিক সমিতির নেতারা বলছেন, সারা রাত ক্রেতারা থাকবে না। তাই যতক্ষণ ক্রেতা থাকবে, ততক্ষণ তাঁরা দোকান খোলা রাখবেন। তবে এ ক্ষেত্রে বিপণিবিতানগুলোকে কিছু শর্ত মেনে চলতে হবে। ইফতারের সময় থেকে তারাবি পর্যন্ত দোকানে অর্ধেক বাতি জ্বালাতে হবে, শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র (এসি) বন্ধ রাখতে হবে এবং মার্কারি বাতি জ্বালানো যাবে না।গতকাল রোববার বিদ্যুৎ ভবনের ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানির (ডিপিডিসি) সম্মেলনকক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। বাংলাদেশ দোকান মালিক সমিতি ও ডিপিডিসি যৌথভাবে এ সংবাদ সম্মেলনের আয়োজন করে।ডিপিডিসির ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক এ কে ফরিদুল হক বলেন, দেশের সব দোকান ও বিপণিবিতানকে বিদ্যুৎ সাশ্রয়ে সরকারের নির্দেশনা মেনে চলতে হবে। নইলে এসব দোকানে বিদ্যুৎ-সংযোগ বিচ্ছিন্ন করা হবে।সংবাদ সম্মেলনে জানানো হয়, ডিপিডিসি ও দোকান মালিক সমিতির যৌথ দল বিপণিবিতানগুলো সরকারের নির্দেশনা মানছে কি না, তা তদারক করবে। কোনো বিপণিবিতানের বিরুদ্ধে নির্দেশ অমান্যের অভিযোগ পাওয়া গেলে, এর বিদ্যুৎ-সংযোগ বিচ্ছিন্ন করা হবে।দোকান মালিক সমিতির সভাপতি আমির হোসেন খান ও মহাসচিব এস এ কাদের ফিরোজ সংবাদ সম্মেলনে বক্তব্য দেন।সমিতির সাংগঠনিক সম্পাদক খন্দকার শাহ আলম প্রথম আলোকে বলেন, ‘আমরা সারা বছরের মধ্যে রোজার মাসে সবচেয়ে বেশি ব্যবসা করি। এমনিতে রাত আটটার মধ্যে দোকান বন্ধের সরকারি নির্দেশ আছে। আমরা সরকারের কাছে আবেদন করেছিলাম, রোজার মাসে যেন এই নিষেধাজ্ঞাটা না থাকে। সরকার আমাদের কথা শুনেছে।’