১৫ লাখ টাকার চুক্তিতে হত্যা করা হয় জাহিদকে
বাগেরহাটের ফকিরহাট উপজেলার সদর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান খান জাহিদ হাসানকে ভাড়াটে খুনিরা ১৫ লাখ টাকার চুক্তিতে হত্যা করেছে। টাকার জোগান দিয়েছে ফকিরহাটের অন্তত তিনজন ব্যক্তি। হত্যা-পরিকল্পনার বৈঠকগুলো হয়েছে ফকিরহাটে এবং খুলনার রূপসা উপজেলার নৈহাটি এলাকায়। হত্যাকাণ্ডে সরাসরি অংশ নিয়েছে ফকিরহাট, খুলনা ও অন্য স্থান থেকে আসা নয়-দশজন।এই হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে গ্রেপ্তার হওয়া আলমগীর শেখ ওরফে বাঘা (৩২) নামের এক যুবক গতকাল শনিবার খুলনার মুখ্য বিচারিক হাকিম আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে এসব তথ্য দেন বলে সূত্র জানায়। এই হত্যাকাণ্ডে নিজেও সরাসরি জড়িত ছিলেন বলে জানিয়েছেন আলমগীর শেখ। জবানবন্দি শেষে রাতেই তাঁকে খুলনা কারাগারে পাঠানো হয়।৭ জুন রাত সাড়ে ৯টায় রূপসা ফেরিঘাট এলাকা থেকে আলমগীর শেখকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পরপরই তাঁকে জেলা ডিবির কার্যালয়ে নিয়ে রাতভর জিজ্ঞাসাবাদ করা হয়।রূপসা উপজেলার নৈহাটি ইউনিয়নের শ্রীরামপুর গ্রামের আলমগীর শেখ নৈহাটি ইউপি চেয়ারম্যান মোস্তফা কামালের দেহরক্ষী হিসেবে পরিচিত। পুলিশ জানিয়েছে, আলমগীর একজন পেশাদার খুনি। তাঁর বিরুদ্ধে হত্যাসহ একাধিক মামলা রয়েছে। পূর্ব রূপসা ফেরিঘাট এলাকার একটি হত্যা মামলায় বেশ কিছুদিন কারাগারে থাকার পর সম্প্রতি তিনি জামিনে মুক্তি পেয়েছিলেন। গত ১৮ মে সকাল পৌনে ১০টার দিকে রূপসা উপজেলার আমদাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে খুলনা-বাগেরহাট পুরোনো সড়কে মোটরসাইকেলে আসা সন্ত্রাসীরা খান জাহিদ হাসান (৫৩) ও তাঁকে বহনকারী মোটরসাইকেলচালক মুন্না আকনকে (২৮) গুলি করে হত্যা করে পালিয়ে যায়। তিনি এ সময় তাঁর খুলনার বাসভবন থেকে ফকিরহাটে নিজ এলাকায় আসছিলেন।ঘটনার পরের দিন নিহত জাহিদের স্ত্রী শিরিন আক্তার ফকিরহাট উপজেলা পরিষদের চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সভাপতিসহ নয়জনের নাম উল্লেখসহ অজ্ঞাত কয়েকজনকে আসামি করে রূপসা থানায় হত্যা মামলা দায়ের করেন। পরে মামলাটি জেলা গোয়েন্দা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। পুলিশ এ পর্যন্ত এই মামলার এজাহারভুক্ত আজাদ নামের এক আসামিসহ মোট পাঁচজনকে গ্রেপ্তার করেছে।মামলার তদন্ত কর্মকর্তা ও খুলনা জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইলিয়াস ফকির বলেন, ‘আলমগীর শেখ বাঘার স্বীকারোক্তিমূলক জবানবন্দি ঘটনার কুড়ি দিনের মধ্যে মামলার তদন্তকারীদের আলোর পথ দেখিয়েছে। কারণ, ঘটনার উল্লেখযোগ্য কোনো প্রত্যক্ষদর্শী না থাকায় তদন্ত করতে গিয়ে আমরা কিছুটা অন্ধকারে ছিলাম।’আলমগীর শেখের ভাষ্য অনুযায়ী ওসি জানান, তিনবারের নির্বাচিত চেয়ারম্যান জাহিদের সঙ্গে কিছু মানুষের ব্যক্তিগত ও রাজনৈতিক শত্রুতা, তাঁর অধিক জনপ্রিয়তা ও রেলওয়ের জমি দখলে বাধা দেওয়ার ঘটনায় তাঁর শত্রুরা একত্র হয়ে তাঁকে হত্যার পরিকল্পনা করেছে।নিহত জাহিদ হাসানের স্ত্রী শিরিন আক্তার শনিবার রাতে মুঠোফোনে এই প্রতিবেদককে বলেন, ‘আমি এখন আমার ও ছেলেমেয়েদের জীবনের নিরাপত্তা নিয়ে শঙ্কিত। তবে আমি চাই, আমার স্বামীর প্রকৃত খুনিরা গ্রেপ্তার হোক। বের হয়ে আসুক হত্যা-পরিকল্পনাকারীদের পরিচয়।’