১৫ লাখ পাটচাষি ২০০ টাকা করে ভর্তুকি পাচ্ছেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চলতি মৌসুমের জন্য ১৫ লাখ পাটচাষিকে ভর্তুকি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কৃষি মন্ত্রণালয়।পাট থেকে আঁশ ছাড়াতে চাষিদের বিনা মূল্যে দুই হাজার রিবনার (আঁশ ছাড়ানোর যন্ত্র) দেওয়া হবে। পাট পচাতে পুকুর তৈরির জন্য প্রত্যেক চাষিকে দেওয়া হবে নগদ ২০০ টাকা। চলতি মাসের মধ্যে এই ভর্তুকির অর্থ কৃষকের হাতে পৌঁছে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। চাষিদের এই ভর্তুকি দিতে ব্যয় হবে ৩৬ কোটি ১৮ লাখ ৭৫ হাজার টাকা।গতকাল বৃহস্পতিবার কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী এক সংবাদ সম্মেলনে পাটচাষিদের ভর্তুকি দেওয়ার বিষয়টি জানান। পাট কাটার পর তা পচানোর জন্য বড় গামলা বা চৌবাচ্চায় কিংবা মিনি পুকুর তৈরি, পলিথিন ও সার কেনা বাবদ কৃষককে ভর্তুকির টাকা দেওয়া হবে।বিগত বিএনপি-জামায়াত জোট সরকারের আমলে আদমজীসহ অনেকগুলো পাটকল বন্ধ করে দিয়ে পাটের ঐতিহ্যকে ম্লান করা হয়েছে উল্লেখ করে মতিয়া চৌধুরী বলেন, এ বছর পাটের বাম্পার ফলন হবে। চাষিদের উৎসাহ ধরে রাখতেই এই ভর্তুকি দেওয়া হচ্ছে। সংবাদ সম্মেলনে জানানো হয়, দেশীয় বিজ্ঞানীদের উদ্ভাবিত রিবনারগুলো তৈরি করেছে বাংলাদেশ মেশিন টুলস ফ্যাক্টরি। এর প্রতিটি দুই হাজার টাকায় কিনছে কৃষি মন্ত্রণালয়। ২৮টি পাট উৎপাদনকারী জেলার ১৭১ উপজেলায় রিবনার ও ভর্তুকির টাকা পাঠানো হয়েছে। আগামী সপ্তাহ থেকে তা কৃষকের মধ্যে বিতরণ শুরু হবে। প্রতিটি জেলার ১০০ কৃষক পরিবার একটি রিবনার পর্যায়ক্রমে ব্যবহার করবে।নগদ অর্থ-সহায়তা দেওয়ার জন্য উপসহকারী কৃষি কর্মকর্তা ইউনিয়ন ও ওয়ার্ডভিত্তিক জরিপ করা পাটচাষিদের মধ্যে কৃষক নির্বাচন করে অগ্রাধিকার তালিকা প্রণয়ন করবেন। এ ক্ষেত্রে কৃষি উপকরণ সহায়তা কার্ডের সাহায্য নেওয়া হবে। ডিজেলে ভর্তুকির জন্য কৃষক যে ব্যাংক অ্যাকাউন্ট খুলেছেন, তাতে এই ভর্তুকির টাকা হস্তান্তর করা হবে। যাঁরা অ্যাকাউন্ট খোলেননি, তাঁদের নতুন করে অ্যাকাউন্ট খোলার ব্যবস্থা করা হবে।কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক সায়ীদ আলী সংবাদ সম্মেলনে জানান, গত বছর চার লাখ ৮০ হাজার হেক্টর জমিতে ৫০ লাখ ৭৬ হাজার বেল পাট উৎপাদন হয়েছিল। গত বছর কৃষক ভালো দাম পাওয়ায় চলতি বছর পাটের ফলন বেড়েছে। চলতি বছর আট লাখ হেক্টর জমিতে ৮৪ লাখ বেল পাট উৎপাদন হবে বলে আশা করা যাচ্ছে। ভালো দাম পেলে ভালো ফলনের ধারাবাহিকতা বজায় থাকবে।সংবাদ সম্মেলনে কৃষিমন্ত্রী রিবনার দিয়ে পাট থেকে আঁশ ছাড়ানোর পদ্ধতি নিজেই দেখান। এই পদ্ধতিতে আঁশ ছাড়ালে আঁশের অপচয় কমবে জানিয়ে তিনি বলেন, এতে পাটের আঁশের গুণগত মানও বাড়বে। রিবনারের মাধ্যমে আঁশ ছাড়ানোর ব্যাপারে কৃষককে উৎসাহ দিতে ও সচেতন করতে গণমাধ্যমগুলোকে আরও বেশি করে প্রচার চালানোর আহ্বান জানিয়ে কৃষিমন্ত্রী বলেন, সবাই মিলে চেষ্টা করলে পাট তার সোনালি দিন আবার ফিরে পাবে।