১৫ সাংবাদিকের বিরুদ্ধে গাড়ি ভাঙচুরের মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাড়ি ভাঙচুর ও সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে ১৫ জন সাংবাদিকের বিরুদ্ধে মামলা হয়েছে। গত রোববার কোতোয়ালি থানার একজন এসআই বাদী হয়ে এ মামলা করেন।মামলার আসামিরা সবাই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থী। তাঁদের একজন ছাড়া সবাই সংশ্লিষ্ট গণমাধ্যমের বিশ্ববিদ্যালয় প্রতিবেদক।নিজস্ব আয়ে চলতে হবে—জগন্নাথ বিশ্ববিদ্যালয় আইনের এ ধারাটি বাতিলের দাবিতে রোববার শিক্ষার্থীরা ক্যাম্পাসের আশপাশে ও জাতীয় প্রেসক্লাবের সামনে গাড়ি ভাঙচুর করেন। এ ঘটনা নিয়েই পুলিশ মামলাটি করেছে।ছাত্ররা অভিযোগ করেন, বিশ্ববিদ্যালয় প্রশাসন সাংবাদিকদের হেনস্তা করতে এভাবে মামলা করার জন্য পুলিশকে উসকানি দিয়েছে। তবে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মেসবাহউদ্দিন আহমেদ প্রথম আলোকে বলেন, পুলিশ কর্মকর্তারা তাঁকে জানিয়েছেন, ঊর্ধ্বতন মহলের চাপে তাঁরা এটা করেছেন।এদিকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আন্দোলনরত শিক্ষার্থীদের দাবি অনুযায়ী প্রশাসনের উদ্যোগে ১২ জন ছাত্র ছাড়া পেয়েছেন। তবে শিক্ষার্থীরা বলেছেন, মামলা ও আইন বাতিল না হওয়া পর্যন্ত তাঁরা আন্দোলন চালিয়ে যাবেন। নতুন কর্মসূচি হিসেবে তাঁরা আজ বুধবার থেকে ধর্মঘটের ডাক দিয়েছেন।পুলিশের বক্তব্য: ছাত্রদের বিরুদ্ধে মামলা করতে কিসের চাপ—জানতে চাইলে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাউদ্দিন আহমেদ প্রথম আলোকে বলেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে সম্প্রতি যেসব ঘটনা ঘটছে, তাতে এসব সাংবাদিকের ইন্ধন আছে। সরকারের একটি গোয়েন্দা সংস্থা এ নিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে প্রতিবেদন দিয়েছে। মন্ত্রণালয় থেকে তালিকা ধরে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য থানার পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে। ওই তালিকা অনুযায়ী তাঁদের আসামি করা হয়েছে।অভিযুক্ত সাংবাদিকেরা গাড়ি ভাঙচুর ও পুলিশের কাজে বাধা দিয়েছিলেন কি না, প্রশ্ন করলে ভারপ্রাপ্ত কর্মকর্তা বলেন, ‘সেটা আমি জানি না, তবে এঁদের ইন্ধন থাকতে পারে।’ আসামির পরিচয়ের স্থানে সংবাদমাধ্যমের নাম উল্লেখ করার কারণ জানতে চাইলে ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, ‘গোয়েন্দা সংস্থার তালিকায় যেভাবে নাম আছে, সেভাবেই উল্লেখ করা হয়েছে।’ অপরাধ না করেও গোয়েন্দা সংস্থার নির্দেশে মামলার আসামি করা নিয়ে ওসি বলেন, ‘এত ভয়ের কিছু নাই, আমি তো আর গ্রেপ্তার করছি না।’বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর অশোক কুমার সাহা প্রথম আলোকে বলেন, ‘রোববার ঘটনাস্থলে প্রক্টরিয়াল বডির সদস্যরা ছিলেন। কিন্তু সাংবাদিকদের বিরুদ্ধে পুলিশ যে অভিযোগে মামলা করেছে, এর কোনো আলামত আমরা পাইনি।’কোতোয়ালি থানার পুলিশ জানায়, কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) শরীফ ইবনে আলম বাদী হয়ে গণমাধ্যমের নাম উল্লেখ করে ১৫ জন সাংবাদিকের বিরুদ্ধে এ মামলাটি করেছেন। এতে আরও তিন-চার শ জনকে অভিযুক্ত করা হয়েছে (মামলা নম্বর ২০)। মামলার এজাহারে বলা হয়েছে, অভিযুক্ত ব্যক্তিরা সংঘবদ্ধ হয়ে যানবাহন ভাঙচুর এবং সরকারি কর্মকর্তা-কর্মচারীদের সরকারি কাজে বাধা দেওয়ার জন্য আক্রমণাত্মক বল প্রয়োগ ও মারধর করেছেন।মামলায় যেসব সাংবাদিকদের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে তাঁরা হলেন: বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) নিজস্ব প্রতিবেদক এস এম মহসিন, দৈনিক যুগান্তর-এর সাদিকুল নিয়োগী, কালের কণ্ঠ-এর জসিম রেজা, বিএনএন নিউজের মোয়াজ্জেম শাকিল, ফোকাস বাংলা নিউজের জোনায়েদ আহমেদ ও আতিকুল ইসলাম, দৈনিক ইনডিপেন্ডেন্ট-এর জামিল খান, ডেইলি সান-এর সোলায়মান সালমান, ইনকিলাব-এর এস এ মালেক, নয়া দিগন্ত-এর সুজাউল ইসলাম, দৈনিক সংগ্রাম-এর জাবের, ডেইলি নিউ এজ-এর আবদুর রহমান, খবরপত্র-এর ইব্রাহীম প্রিন্স, সকালের খবর-এর তানভীর রায়হান এবং শীর্ষ নিউজের মো. ইয়াছিন হোসেন।মামলায় সাংবাদিক ছাড়াও বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের সভাপতি শাহিন আহমেদ খান, সাধারণ সম্পাদক রিয়াদ হোসেন, প্রচার সম্পাদক ইব্রাহিম খলিল, বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের আহ্বায়ক গোলাম মাওলা, যুগ্ম আহ্বায়ক খলিলুর রহমান, খন্দকার আল আশরাফ, এ বি এম মহসিন বিশ্বাস, মাহবুব রহমান, মানিকসহ ছাত্রদলের ১০ জন কর্মীকে আসামি করা হয়। আজ থেকে ধর্মঘটের ডাক: গতকালও সকাল থেকে দুপুর পর্যন্ত আইন বাতিল, আটক ছাত্রদের মুক্তি ও মামলা বাতিলের দাবিতে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। এ সময় প্রশাসনিক ভবনে ক্ষুব্ধ শিক্ষার্থীরা তালা ঝুলিয়ে দেন। এতে উপাচার্যসহ প্রশাসনিক কর্মকর্তারা পৌনে এক ঘণ্টা অবরুদ্ধ হয়ে থাকেন।বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে অবশ্য বলা হয়েছিল, গত সোমবার আন্দোলনরত শিক্ষার্থীসহ ছাত্রনেতাদের সঙ্গে ফলপ্রসূ আলোচনা হয়েছে। দাবি মেনে নেওয়ার পরিপ্রেক্ষিতে শিক্ষার্থীরা আন্দোলন ছেড়ে শ্রেণীকক্ষে ফেরার সিদ্ধান্ত নেন। কিন্তু আন্দোলনরত শিক্ষার্থীরা বলছেন, বিশ্ববিদ্যালয় আইনের ২৭(৪) ধারা বাতিল করা না হলে তাঁরা ক্লাসে ফিরবেন না। তাঁদের অভিযোগ, প্রশাসন ছাত্রলীগসহ নামধারী কয়েকটি ছাত্রসংগঠনের সঙ্গে বৈঠকে জোর করে কয়েকজন সাধারণ ছাত্রকে ধরে নিয়ে যায়। তাই কোনো আলোচনা নয়, শিক্ষামন্ত্রী যদি সরাসরি ঘোষণা দেন, তবেই তাঁরা আন্দোলন বন্ধ করবেন।গতকাল সন্ধ্যায় আন্দোলনরত একাধিক শিক্ষার্থী প্রথম আলোকে বলেন, প্রশাসন তাঁদের দাবির একাংশ মেনে নিয়েছে। কিন্তু মূল দাবি আইন বাতিলের ব্যাপারে কিছুই হয়নি। এ কারণে আজ বুধবার থেকে ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে।বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ গতকাল এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, বিশ্ববিদ্যালয় আইনের ২৭(৪) ধারা বাতিলের ব্যাপারে উপাচার্যের সঙ্গে শিক্ষামন্ত্রী এবং বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যানের ফলপ্রসূ আলোচনা হয়েছে। তাঁরা আইন পরিবর্তনের আশ্বাস দিয়েছেন।প্রত্যক্ষদর্শীরা জানান, আইন বাতিল ও আটক ছাত্রদের মুক্তির দাবিতে গতকাল সকাল সাড়ে নয়টা থেকে বিক্ষোভ শুরু করেন শিক্ষার্থীরা। ক্লাস বর্জন করে কয়েক শ শিক্ষার্থী দুপুর পর্যন্ত টানা বিক্ষোভ করেন। বেলা পৌনে একটার দিকে শিক্ষার্থীরা প্রশাসনিক ভবনে তালা লাগিয়ে দেন। এ সময় উপাচার্য মেসবাহউদ্দিন আহমেদ, কোষাধ্যক্ষ শওকত জাহাঙ্গীর, রেজিস্ট্রার মো, ওহিদুজ্জামানসহ প্রশাসনিক কর্মকর্তারা অবরুদ্ধ হয়ে পড়েন।বেলা দেড়টার দিকে ছাত্রলীগের নেতাদের সহযোগিতায় উপাচার্য ও কোষাধ্যক্ষ শিক্ষার্থীদের মধ্যে উপস্থিত হন। উপাচার্য শিক্ষার্থীদের বিভিন্ন দাবি শুনে আন্দোলনরত শিক্ষার্থীদের বলেন, সন্ধ্যার মধ্যে আটক ছাত্রদের ছাড়িয়ে আনবে প্রশাসন। একই সঙ্গে কোষাধ্যক্ষ আর কোনোভাবেই বেতন-ভাতা না বাড়ানোর আশ্বাস দেন।উপাচার্য প্রথম আলোকে বলেন, গত সোমবার বিক্ষোভকারীদের প্রতিনিধিদের নিয়ে বৈঠক হয়েছে। তাঁদের দাবি মানা হয়েছে। তার পরও গতকাল উচ্ছৃঙ্খল কিছু ছাত্র ক্যাম্পাসের পরিবেশ অস্থিতিশীল করেছেন। তিনি বলেন, শিক্ষামন্ত্রীর আশ্বাস ও প্রশাসনের পদক্ষেপের পরও এ ধরনের আন্দোলন উদ্দেশ্যপ্রণোদিত। এর পেছনে একটি কুচক্রী মহল কাজ করছে। এদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান উপাচার্য।