১৫ সাব-রেজিস্ট্রারকে চাকরিচ্যুতি করার প্রস্তাব অনুমোদন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উচ্চ আদালতে অবৈধ ঘোষিত সত্য ও জবাবদিহিতা কমিশনের (ট্রুথ কমিশন) কাছে নিজেদের দুর্নীতি স্বীকার করা ১৫ জন সাব-রেজিস্ট্রারকে চাকরিচ্যুতির প্রস্তাব অনুমোদন হয়েছে। আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী শফিক আহমেদ বৃহস্পতিবার এ প্রস্তাব অনুমোদন করেন।এদিকে মুজিবনগর কর্মচারী পরিচয়ে চাকরি নেওয়া তিনজন সাব-রেজিস্ট্রারকে গত বৃহস্পতিবার মন্ত্রণালয় বিভাগীয় মামলায় দোষী সাব্যস্ত করে চাকরি থেকে বরখাস্ত করেছে। তাঁরা হলেন হবিগঞ্জের লাখাই উপজেলার সাব-রেজিস্ট্রার আবুল বাশার, ভোলার রাধাবল্লবের বাদল কুমার বিশ্বাস এবং বরগুনার পাথরঘাটার নূরুল হক। মন্ত্রণালয় জানিয়েছে, দুর্নীতি ও অসদাচরণের অভিযোগ প্রমাণিত হওয়ায় তাঁদের বরখাস্ত করা হয়েছে। সরকারি কর্মকমিশনের সঙ্গে পরামর্শ করে মন্ত্রণালয় তাঁদের বরখাস্ত করেছে।মুজিবনগর কর্মচারী হিসেবে চাকরিতে যোগ দেওয়া ১৯০ জন কর্মকর্তা-কর্মচারীর বিরুদ্ধে তদন্ত শুরু হয়। আইন মন্ত্রণালয়ের উপসচিব আবু আহমেদ জোয়ার্দার এ তদন্ত করছেন। তাঁদের বিরুদ্ধে বিভাগীয় মামলাও করা হয়েছে।আইন, বিচার ও সংসদবিষয়কমন্ত্রী শফিক আহমেদ বৃহস্পতিবার প্রথম আলোকে বলেন, যাঁরা নিজেরা দুর্নীতির কথা স্বীকার করেছেন, তাঁদের শাস্তি না দেওয়া হলে দুর্নীতিমুক্ত প্রশাসন হবে না এবং সুশাসন বা আইনের শাসন কোনোটাই কার্যকর হবে না। সে জন্য মুজিবনগর কর্মচারী পরিচয়ে চাকরি নেওয়া তিনজনকে বরখাস্ত করা হয়েছে। ট্রুথ কমিশনের কাছে দোষ স্বীকার করা কর্মকর্তাদের বিষয়ে কিছু প্রক্রিয়া শেষে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।মন্ত্রণালয় জানায়, ট্রুথ কমিশনের কাছে দুর্নীতির কথা স্বীকার করে অবৈধভাবে অর্জিত সম্পদ সরকারি কোষাগারে ফেরত দেওয়া ১৫ জন সাব-রেজিস্ট্রারকে চাকরি থেকে বরখাস্ত করতে তদন্ত কমিটির প্রস্তাব অনুমোদন করেছেন আইনমন্ত্রী। এখন এ বিষয়ে পরামর্শের জন্য নথি সরকারি কর্মকমিশনের কাছে পাঠানো হবে। কর্মকমিশন মতামত দিলে তাঁদের চাকরি থেকে বরখাস্ত করা হবে।সূত্র জানায়, এসব কর্মকর্তার বিরুদ্ধে আগেই বিভাগীয় মামলা হয়েছে। দুই দফা শুনানি শেষে তদন্ত কর্মকর্তা আইন মন্ত্রণালয়ের উপসচিব কে এম রাশেদুজ্জামান তাঁদের চাকরি থেকে বরখাস্তের সুপারিশ করেন। অসদাচরণ ও দুর্নীতির অভিযোগ প্রমাণিত হওয়ায় ১৯৮৫ সালের সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালার ৪ (৩) ডি অনুযায়ী এ সুপারিশ করা হয়।যে ১৫ জন সাব-রেজিস্ট্রারকে চাকরিচ্যুতির প্রস্তাব অনুমোদন করা হয়েছে, তাঁরা হলেন: ফরিদপুর সদরের মুজিবুর রহমান, সরিষাবাড়ীর আবদুল জলিল, মুন্সিগঞ্জ সদরের আজিজুর রহমান, রাজবাড়ী সদরের হারুন অর রশিদ, নারায়ণগঞ্জ সদরের আবদুস সামাদ মিয়া, চাঁদপুরের হাজীগঞ্জের মো. শহীদুল্লাহ, ফরিদপুরের ভাঙ্গার আবদুল বাতেন, গাইবান্ধা সদরের আ. সাত্তার, সিলেট সদরের হুমায়ুন কবীর ও কোম্পানীগঞ্জের শাহাদাৎ হোসেন ভূঁইয়া, ঠাকুরগাঁও সদরের দেওয়ান মোজহার হোসেন, নরসিংদীর রায়পুরার মো. আলী, চুয়াডাঙ্গা সদরের রেজাউল করিম, পিরোজপুরের মঠবাড়িয়ার আ. জব্বার খান এবং ভোলা সদরের এ কে এম আনোয়ার হোসেন।সাবেক মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক এবং তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা এম হাফিজউদ্দিন খান এ প্রসঙ্গে প্রথম আলোকে বলেন, যাঁরা স্বেচ্ছায় নিজেদের দুর্নীতির কথা স্বীকার করেছেন তাঁদের বিরুদ্ধে সরকারি কর্মচারী শৃঙ্খলা বিধি অনুযায়ী বিভাগীয় শাস্তির ব্যবস্থা আইনের শাসনের প্রতি সরকারের আনুগত্য প্রকাশ করবে। তবে কাজটি অনেক আগেই করা দরকার ছিল। স্ব-স্বীকৃত দুর্নীতিবাজ রেখে প্রতিষ্ঠান চালানো যায় না।প্রসঙ্গত, বিগত তত্ত্বাবধায়ক সরকারের সময় ট্রুথ কমিশনে দুর্নীতির কথা স্বীকার করে অবৈধভাবে অর্জিত ৩৪ কোটি টাকা সরকারি কোষাগারে জমা দিয়েছিলেন ৪৫২ জন। এসব আত্মস্বীকৃত দুর্নীতিবাজের মধ্যে ৩৫১ জন সরকারি চাকুরে।