১৫ হাজার হেক্টর জমির ধান পানির নিচে
উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে গত দুই দিনে সুনামগঞ্জে প্রায় ১৩ হাজার হেক্টর জমির ফসল তলিয়ে গেছে। আর কিশোরগঞ্জে ছয়টি বাঁধ ভেঙে তলিয়ে গেছে প্রায় দুই হাজার হেক্টর জমির ফসল। হাওরাঞ্চলের একমাত্র ফসল ঘরে তুলতে না পেরে কৃষকেরা এখন দিশেহারা। অনেক এলাকায় ফসল বাঁচাতে বাঁধ নির্মাণ ও মেরামতের কাজে দিনরাত ব্যস্ত সময় কাটাচ্ছেন উদ্বিগ্ন কৃষক। সুনামগঞ্জ: সুনামগঞ্জে পাঁচটি উপজেলায় ঢলের পানিতে দুটি হাওরের প্রায় ১২ হাজার হেক্টর জমির ফসল তলিয়ে গেছে। শুক্রবার রাতে মহাসিং নদীর তীর উপচে দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার মোল্লারপাড় হাওর এবং সদর উপজেলাসহ চারটি উপজেলায় বিস্তৃত দেখার হাওরে পানি ঢুকে এসব ফসল ডুবে যায়।কয়েক দিন ধরেই হাওর দুটির ফসল বাঁচাতে বাঁধ রক্ষায় কৃষকেরা দিনরাত কাজ করছিলেন। কিন্তু শেষরক্ষা হয়নি।দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ফারুক আহমদ বলেন, ‘অনেক চেষ্টা করেও হাওর দুটির ফসল রক্ষা করা গেল না। দুই হাওরে কমপক্ষে ১২ হাজার হেক্টর জমির ফসল ডুবে গেছে।’ তবে সুনামগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ফখরুল ইসলাম চৌধুরী বলেন, হাওরের প্রায় ১০ হাজার হেক্টর জমির ফসল ডুবে গেছে।এদিকে গতকাল বাঁধ ভেঙে তাহিরপুর উপজেলার পনার হাওর, মহালিয়া হাওর ও কাউজ্জুরি হাওরের এক হাজার ২০০ হেক্টর জমির ধান ডুবে গেছে। গতকাল পর্যন্ত উপজেলার ২৩টি হাওরের মধ্যে ১৬টির ফসলই পানিতে ডুবে গেছে। ফলে এই এলাকার কৃষকেরা মুষড়ে পড়েছেন।দুর্লভপুর গ্রামের কৃষক আলী নুর মিয়া বলেন, ‘আমার নয় একর জমির ধান পানিতে ডুবে গেছে। এখন ভাতই খাইমু কেমনে, আর পুলাপানরে পড়াইমুই কেমনে।’ তাহিরপুর কৃষি কার্যালয়ের কর্মকর্তা মো. আসাদুজ্জামান বলেন, তিনটি হাওরের এক হাজার ২০০ হেক্টর জমির ফসল ডুবে গেছে।কিশোরগঞ্জ: কিশোরগঞ্জের দুটি উপজেলায় গত দুই দিনে ছয়টি বাঁধ ভেঙে নতুন করে দুই হাজার হেক্টর জমির ফসল ডুবে গেছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, দুই দিনে ইটনা উপজেলার মৃগা ইউনিয়নের অরংগার বাঁধ ও সিংগার বাঁধ, জয়সিদ্ধি ইউনিয়নের বামুনবিঘা বাঁধ ও সদর ইউনিয়নের আলালের বাঁধ ভেঙে বিস্তীর্ণ জমির ফসল ডুবে গেছে। মিঠামইন উপজেলায় ভেঙে গেছে গোবিন্দপুর ও ঘাগড়া বাঁধ। ফলে গত দুই দিনেই ডুবে গেছে প্রায় দুই হাজার হেক্টর জমির বোরো ফসল। অনেক কৃষক বাধ্য হয়ে আধা পাকা ধান জমি থেকে তুলে আনছেন।ইটনা উপজেলার লাইমপাশা গ্রামের কৃষক তাহের মিয়া জানান, বাঁধ ভেঙে তাঁর পাঁচ একর জমির আধাপাকা ধান ডুবে গেছে। ফসল নিয়ে তিনি চরম অনিশ্চয়তার মধ্যে আছেন। বাঁধ ভেঙে ছয় একর জমির ফসল ডুবে গেছে মিঠামইন উপজেলার চারিগ্রাম গ্রামের কৃষক মাজহারুল হকের। তিনি বলেন, ‘আগামী বছর কী খাব, জানি না।’ কৃষকদের সহায়তা দিতে সরকারের প্রতি দাবি জানান তিনি। কাঞ্চনপুর গ্রামের কৃষক মোফাজ্জল হোসেন হতাশা ব্যক্ত করে বলেন, একমাত্র ফসল ঘরে তুলতে না পারায় এবার পরিবার নিয়ে উপোস করতে হবে।ইটনার কালনী, নামাকাড়া ও ধলেশ্বরী নদীর পানি বাড়ায় জয়সিদ্ধি, এলংজুরী, লাইমপাশা, পাঁচকানিয়া, ইটনা সদর এবং মিঠামইনের দাইরা, ঘোড়াউত্রা, হাটুরিয়া নদীর পানি বাড়ায় কেওয়ারজোড়, ঢাকী, চারিগ্রাম, ঘাগড়া, কাঞ্চনপুর এলাকার পরিস্থিতির অবনতি হয়েছে।কৃষকদের সঙ্গে কথা বলে জানা যায়, পানি বাড়ার ফলে ছোট-বড় প্রায় ৫০টি বাঁধ হুমকির মুখে রয়েছে। উদ্বিগ্ন কৃষকেরা লাইমপাশা, জয়সিদ্ধি, ঢাকি ও চারিগ্রাম বাঁধ রক্ষার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। বাঁধ রক্ষার কাজে অংশ নেওয়া ঢাকি গ্রামের কৃষক আবদুল জলিল জানান, ‘ফসল বাঁচলে জীবন বাঁচবে, তাই নিজেদের উদ্যোগে কাজ করে যাচ্ছি।’ কিশোরগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্র জানায়, এরই মধ্যে গত কয়েক দিনে ছোট-বড় ২০টি বাঁধ ভেঙে অন্তত ১৫ হাজার হেক্টর জমির ফসল ডুবে গেছে। নদীর পানি বাড়তে থাকলে আরও কয়েকটি বাঁধ ভেঙে যেতে পারে।ইটনা উপজেলা পরিষদের চেয়ারম্যান আমিনুল ইসলাম জানান, ‘অকাল বন্যায় আমার উপজেলার ১০ হাজার হেক্টর জমির ফসল ডুবে গেছে। আমাদের একমাত্র ফসল বোরো ধান। ফসল তুলতে না পারলে কৃষকদের না খেয়ে মরতে হবে।’ তিনি অভিযোগ করেন, অকাল বন্যার হাত থেকে হাওরাঞ্চলের ফসল রক্ষায় সরকার কোনো উদ্যোগ নেয়নি। তিনি অবিলম্বে বাঁধ রক্ষায় সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে এগিয়ে আসার আহ্বান জানান।মিঠামইন উপজেলা পরিষদের চেয়ারম্যান কামরুল আহসান বলেন, ‘আমার এলাকায় পাঁচ হাজার হেক্টরেরও বেশি জমির ফসল ডুবে গেছে। অনেক এলাকার কৃষক আতঙ্কে আছেন—বাঁধ ভেঙে কখন তাঁদের ফসল ডুবে যায়।’কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক রফিকুল ইসলাম বলেন, ‘শুধু নিচু এলাকার জমির ফসল ডুবে গেছে। তবে পরিস্থিতি তেমন ভয়াবহ নয়।’ইটনা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাহাদত হুসাইন ও মিঠামইনের ইউএনও সাদেকুর রহমান বলেন, বাঁধ রক্ষায় প্রশাসনের পক্ষ থেকে সর্বাত্মক সহায়তা দেওয়া হচ্ছে।এদিকে গতকাল শনিবার ঝুঁকিপূর্ণ বাঁধ পরিদর্শন করেছেন স্থানীয় সাংসদ ও জাতীয় সংসদের স্পিকার আবদুল হামিদ। তিনি কৃষকদের সান্ত্বনা দিয়ে বলেন, হাওরাঞ্চলের উন্নয়ন ও বাঁধ রক্ষায় হাওর মন্ত্রণালয় নামের আলাদা মন্ত্রণালয় গঠনের দাবি জানাবেন তিনি।[প্রতিবেদন তৈরিতে সহায়তা করেছেন সাইফুল হক মোল্লা, নিজস্ব প্রতিবেদক, কিশোরগঞ্জ; খলিল রহমান, সুনামগঞ্জ প্রতিনিধি ও গোলাম সরোয়ার, তাহিরপুর প্রতিনিধি।]