দেশের নাগরিক ও স্থায়ী বাসিন্দাদের কাছে অর্পিত সম্পত্তি ফেরত দেওয়ার বিধান রেখে বহুল আলোচিত অর্পিত সম্পত্তি প্রত্যর্পণ (সংশোধন) বিল, ২০১১ গতকাল সোমবার জাতীয় সংসদে পাস হয়েছে।ভূমিমন্ত্রী রেজাউল করিম বিলটি উত্থাপনের পর তা কণ্ঠভোটে পাস হয়। বিলটির ওপর রাশেদ খান মেননের একটি সংশোধনী গৃহীত হয়। অর্পিত সম্পত্তি হিসেবে তালিকাভুক্ত সম্পত্তি মূল মালিক বা তাঁর উত্তরাধিকারীদের ফেরত দিতে আইনটি পাস করা হয়। তবে উত্তরাধিকারীদের বাংলাদেশি বা বাংলাদেশি স্বার্থাধিকারী হতে হবে।আইনটি কার্যকর হওয়ার ১৫০ দিনের মধ্যে প্রত্যর্পণযোগ্য অর্পিত সম্পত্তির জেলাওয়ারি তালিকা প্রস্তুত করে সরকারি গেজেট প্রকাশ করা হবে। তালিকায় মৌজাওয়ারি সম্পত্তির প্রকৃতি, খতিয়ান নম্বর, দাগ নম্বর ও পরিমাণ উল্লেখ করা হবে।গেজেটে বর্ণিত জমির মালিকানা কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান দাবি করলে গেজেট প্রকাশের ৯০ দিনের মধ্যে ওই দাবির সমর্থনে কাগজপত্র, প্রমাণাদিসহ সংশ্লিষ্ট জেলা কমিটির কাছে আবেদন করতে হবে।জেলা কমিটি ১২০ দিনের মধ্যে আবেদন যাচাই-বাছাই করে লিখিত সুপারিশ জেলা প্রশাসকের কাছে পেশ করবে। তার ভিত্তিতে জেলা প্রশাসককে ৩০ দিনের মধ্যে সিদ্ধান্ত দিতে হবে। জেলা কমিটির সুপারিশে সংক্ষুব্ধ ব্যক্তি ৬০ দিনের মধ্যে কেন্দ্রীয় কমিটির কাছে আপিল দায়ের করতে পারবেন।আইনে অতিরিক্ত জেলা প্রশাসক, জেলা রেজিস্ট্রার, স্থানীয় একজন সাংসদসহ সাত সদস্যের জেলা কমিটি এবং ভূমি আপিল বোর্ডের চেয়ারম্যানকে সভাপতি করে আট সদস্যের কেন্দ্রীয় কমিটি গঠনের বিধান রাখা হয়েছে।আইনে বলা হয়েছে, কোনো অর্পিত সম্পত্তির দাবিনামা নির্ধারিত সময়ের মধ্যে নিষ্পত্তি না হলে তা সরকারি সম্পত্তি হিসেবে গণ্য হবে। সরকার ওই সম্পত্তি বিক্রি বা অন্য কোনোভাবে হস্তান্তর বা সরকারের বিবেচনামতো ব্যবহার করতে পারবে।আইনে আরও বলা হয়েছে, অর্পিত সম্পত্তি বিক্রি বা স্থায়ী ইজারা দেওয়ার ক্ষেত্রে সম্পত্তির উত্তরাধিকার বা ইজারাসূত্রে ভোগদখলকারী অগ্রাধিকার পাবেন। এ ছাড়া অদাবিকৃত অর্পিত সম্পত্তিও প্রত্যর্পণের জন্য আইনে বিধান রাখা হয়েছে।তবে এসব সম্পত্তি দাবি করে আবেদন করার নির্দিষ্ট সময়সীমা শেষ হওয়ার পর কোনো ব্যক্তি তাতে স্বত্ব, স্বার্থ বা অধিকার দাবি করতে পারবেন না।১৯৬৫ সালে পাকিস্তান-ভারত যুদ্ধের প্রেক্ষাপটে ১৯৬৫ সালের ৬ সেপ্টেম্বর থেকে ১৯৬৯ সালের ১৬ ফেব্রুয়ারি পর্যন্ত যেসব নাগরিক পাকিস্তান ছেড়ে ভারতে চলে যান, তাঁদের ফেলে যাওয়া সম্পত্তি শত্রুসম্পত্তি এবং পরে অর্পিত সম্পত্তি হিসেবে ঘোষণা করা হয়।২০০১ সালে অর্পিত সম্পত্তি প্রত্যর্পণ আইন, ২০০১ পাস হয়। ২০০২ সালে এটি আবার সংশোধন করা হয়। তবে আইনটি অদ্যাবধি বাস্তবায়ন করা হয়নি।গত বছরের ৭ ডিসেম্বর ভূমিমন্ত্রী বিলটি সংসদে উপস্থাপনের পরে অধিকতর পরীক্ষা-নিরীক্ষার জন্য ভূমি মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটিতে পাঠানো হয়। গত ৫ জুলাই সংসদীয় কমিটি এ বিলের প্রতিবেদন উত্থাপন করে।