১৫০ পাখি হয়ে গেল ১১!
রাজধানীর মিরপুরে অবস্থিত ঢাকা চিড়িয়াখানা থেকে রহস্যজনকভাবে পাখি চুরি হয়েছে। চিড়িয়াখানা কর্তৃপক্ষ প্রথমে ১৫০টি পাখি চুরি হয়েছে জানালেও পরে তারা বলেছে ১১টি পাখির কথা। এ ছাড়া গত রোববার রাতে চুরি সংঘটিত হয়েছে, কিন্তু মামলা করা হয় গতকাল সোমবার রাতে। আজ মঙ্গলবার সকালে বিষয়টি গণমাধ্যমকে জানানো হয়।ঢাকা চিড়িয়াখানার কিউরেটর এম শহীদুল্লাহ আজ সকালে বিভিন্ন প্রজাতির ১৫০টির মতো পাখি চুরি হয়েছে বলে জানিয়েছিলেন। পরে তিনি সাংবাদিকদের জানান, তিন প্রজাতির ১১টি পাখি চুরি হয়েছে। এগুলো হলো: তিনটি কাকাতুয়া, দুটি লাল টিয়া ও ছয়টি হলুদ টিয়া।এদিকে ঢাকা চিড়িয়াখানার নিরাপত্তা বিভাগের অতিরিক্ত দায়িত্বে থাকা জু অফিসার মো. শামীম হোসেন বলেন, একটি শেডে ১৬টি আলাদা খাঁচায় পাখিগুলো রাখা হয়েছিল। সুনির্দিষ্ট সংখ্যা না বললেও আনুমানিক প্রায় দেড় শ পাখি শেডটিতে রাখা ছিল বলে প্রথম আলো ডটকমকে তিনি জানান। শামীম আরও বলেন, পুরো চিড়িয়াখানার নিরাপত্তার দায়িত্বে আছেন তাঁদের ২৬ জন নিজস্ব নিরাপত্তা প্রহরী। এ ছাড়া ২০ জন আনসার সদস্যকেও নিরাপত্তায় নিয়োজিত রাখা হয়েছে। কিউরেটর এম শহীদুল্লাহ মনে করছেন কোনো সংঘবদ্ধ পাখি চোরাকারবারি চক্র এই কাজ করেছে। কাকাতুয়া ও টিয়া খানিকটা হিংস্র স্বভাবের; খাঁচায় মানুষের উপস্থিতি দেখে তাদের ওপর হামলা চালিয়েছিল পাখিগুলো। মেঝেতে রক্ত পড়ে ছিল। পাখিগুলো এ বছরই আনা হয়েছিল।কিউরেটর আরও বলেন, চুরি যাওয়া পাখিগুলোর মূল্য পাঁচ লাখ টাকা। তবে পাখি সরবরাহকারী প্রতিষ্ঠান ফ্যালকন ট্রেডার্স জানিয়েছে, তাদের কাছ থেকে ১১টি পাখি সাড়ে আট লাখ টাকায় কেনা হয়েছে। আর পাখিগুলোর বর্তমান বাজারমূল্য ১০ লাখ টাকারও বেশি। গত রোববার রাতে পাখি চুরি হলেও এক দিন পর গতকাল সোমবার রাতে এ ঘটনা সম্পর্কে শাহ আলীবাগ থানায় মামলা করা হয়েছে। কর্তব্যে অবহেলার কারণে নিরাপত্তাপ্রহরী শংকর লাল মৃধা ও পাখির রক্ষণাবেক্ষণকারী চাঁন মিয়াকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। জানা গেছে, গত রোববার রাতে চিড়িয়াখানায় পশ্চিমাংশে গয়াল ও ইম্পালার প্রাণীর খাঁচার পূর্ব পাশে অবস্থিত পাখির শেডের একটি খাঁচা থেকে পাখিগুলো চুরি হয়। সীমানাপ্রাচীর থেকে পাখির এই শেডের দূরত্ব আনুমানিক ২০০ গজ। ভোরবেলা রক্ষণাবেক্ষণকারী চান মিয়া শেডের ও খাঁচার দরজা খোলা অবস্থায় দেখতে পান। তবে ভোরবেলা পাখি চুরির এই ঘটনা চিড়িয়াখানা কর্তৃপক্ষের নজরে এলেও শাহ আলীবাগ থানায় মামলা করা হয় গতকাল সোমবার রাতে। বাদী হয়ে এই মামলা করেন চিড়িয়াখানার কিউরেটর। কিউরেটর আরও বলেন, পর্যাপ্ত নিরাপত্তা প্রহরী না থাকায় পাখি চুরির এ ঘটনা ঘটেছে। তিনি বলেন, এর আগে ২০০৮ সালে ছয়টি পাখি ঢাকা চিড়িয়াখানা থেকে চুরি হয়েছিল। ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানোসহ পুরো প্রক্রিয়া শেষ করে গতকাল রাতে মামলা করা হয়েছে।পাখির চুরির রাতে কী করছিলেন? এ প্রশ্নের জবাবে নিরাপত্তা প্রহরী শংকর লাল মৃধা প্রথম আলো ডটকমকে জানান, জিরাফ ও সীমানাপ্রাচীরের আশেপাশের এলাকায় পাহারা দিচ্ছিলেন তিনি। পাখি চুরির মতো ঘটনা ঘটবে, এটি তিনি ধারণা করতে পারেননি। এদিকে চুরি যাওয়া পাখিগুলোর খাঁচার কাছে গিয়ে দেখা যায়, খাঁচার মূল দরজার কড়া কাটা। র্যাব ও পুলিশের একটি দল আজ চিড়িয়াখানায় বিষয়টি তদন্তের জন্য গেছেন।