৩৭ হাজার ৬৭২টি বিদ্যালয়ে প্রাক-প্রাথমিক শিক্ষা চালু হচ্ছে
১৫০০ নতুন প্রাথমিক বিদ্যালয় হচ্ছে
স্বাধীনতার পর ১৯৭৫ সাল পর্যন্ত ৩৬ হাজার ৮৪৩টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণ করা হয়েছিল। এরপর আশির দশকে ৮২৯টি সরকারি প্রাথমিক বিদ্যালয় গড়ে ওঠে। গত প্রায় দুই দশকের ব্যবধানে এবার প্রথম একসঙ্গে দেড় হাজার গ্রামে একটি করে সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হয়েছে। এ খাতে খরচ হবে প্রায় ৬৩৪ কোটি ৬৩ লাখ টাকা।একই সঙ্গে বিদ্যমান ৩৭ হাজার ৬৭২টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রাক-প্রাথমিক শিক্ষা চালুর জন্য প্রতিটি বিদ্যালয়ে একজন করে শিক্ষক নিয়োগ করা হবে। এরই মধ্যে প্রতিটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে একটি করে শিক্ষকের পদ সৃষ্টির প্রস্তুতি চলছে।জানা যায়, দুই কিলোমিটারের মধ্যে বিদ্যালয় নেই এমন দেড় হাজার গ্রামে এসব প্রাথমিক বিদ্যালয় স্থাপন করা হবে। প্রকল্পটি জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় ওঠার অপেক্ষায় রয়েছে। এরই মধ্যে পরিকল্পনা কমিশনের প্রকল্প মূল্যায়ন কমিটি এ প্রকল্পের বিষয়ে কিছু পর্যবেক্ষণ দিয়েছে, যা প্রাথমিক শিক্ষা অধিদপ্তর বিবেচনা করছে।প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের জরিপ অনুযায়ী দেশের ১৬ হাজার ১৪২টি গ্রামে সরকারি বা বেসরকারি কোনো প্রাথমিক বিদ্যালয় নেই। ২০০৮ সালের ১০ সেপ্টেম্বর এই পরিসংখ্যান প্রকাশিত হওয়ার পর সরকারি ও বেসরকারি বিভিন্ন পর্যায় থেকে এসব গ্রামে বিদ্যালয় প্রতিষ্ঠার কথা বলা হচ্ছে। এর মধ্যে গ্রামের আয়তন ও জনসংখ্যার ঘনত্ব বিবেচনা করলে এক হাজার ৯৪৩টি গ্রামে প্রাথমিক বিদ্যালয় থাকা উচিত ছিল। সাবেক তত্ত্বাবধায়ক সরকারের প্রাথমিক ও গণশিক্ষাবিষয়ক উপদেষ্টা রাশেদা কে চৌধুরীর উদ্যোগে বিদ্যালয় না থাকা গ্রামের পরিসংখ্যান বের করা হয়।ওই প্রতিবেদন অনুযায়ী, কুমিল্লা জেলায় এক হাজার ১৭৩টি গ্রামে, মানিকগঞ্জে ৫৪৮, টাঙ্গাইলে ৫২৮, দিনাজপুরে ৩৩৬, রংপুরে ২৩৭, জয়পুরহাটে ৩২৬, সিরাজগঞ্জে ৩৫৬, পাবনায় ৩৬৮, সাতক্ষীরায় ৩৩৫ ও নেত্রকোনা জেলায় ৮৭৯টি গ্রামে প্রাথমিক বিদ্যালয় নেই। অন্য জেলাগুলোতেও কমবেশি একই চিত্র।জানা যায়, টেকনাফের ছয়টি ইউনিয়নে গ্রাম রয়েছে ১৪৩টি। এগুলোর মধ্যে ৭৭টি গ্রামে সরকারি-বেসরকারি কোনো ধরনের শিক্ষাপ্রতিষ্ঠান নেই। ব্যক্তি উদ্যোগে দুর্গম গ্রামে পাঁচটি প্রাথমিক বিদ্যালয় স্থাপন করা হলেও নানা সমস্যায় সেগুলোও বন্ধ রয়েছে। ফলে প্রায় ৪৫ হাজারের মতো শিশু-কিশোর শিক্ষার সুযোগ থেকে বঞ্চিত হচ্ছে। এসব শিশু-কিশোর লেখাপড়ার পরিবর্তে সমুদ্র উপকূলে চিংড়ি পোনা আহরণ, মাছ ধরা, পাহাড় থেকে জ্বালানি কাঠ সংগ্রহসহ বিভিন্ন পেশায় জড়িয়ে পড়ছে।বগুড়ার সারিয়াকান্দি উপজেলার কামালপুর ও বোহাইল ইউনিয়নের মধ্যবর্তী মাত্র আড়াই কিলোমিটার এলাকায় ১৮টি প্রাথমিক বিদ্যালয় গড়ে উঠেছে। অথচ বোহাইল ইউনিয়নের নদীবেষ্টিত চরমাঝিড়া গ্রামে কোনো বিদ্যালয় নেই।এ প্রসঙ্গে সাবেক উপদেষ্টা রাশেদা কে চৌধুরী প্রথম আলোকে বলেন, ‘এই চিত্র প্রমাণ করে, সরকার ও বেসরকারি সংস্থাগুলো দেশের সর্বত্র, সব মানুষের কাছে; বিশেষ করে, অনুন্নত ও অনগ্রসর এলাকায় পৌঁছাতে পারেনি।’ তিনি বলেন, উপদেষ্টা হিসেবে দায়িত্ব নেওয়ার পর দেশের কতটি গ্রামে প্রাথমিক বিদ্যালয় নেই, সংশ্লিষ্ট ব্যক্তিদের সেই হিসাব বের করতে বলেছিলেন তিনি। প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক শ্যামল কান্তি ঘোষ প্রথম আলোকে বলেন, সরকার নীতিগতভাবে প্রতিটি গ্রামে একটি প্রাথমিক বিদ্যালয় গড়ার পক্ষে। প্রথম পর্যায়ে দেড় হাজার বিদ্যালয় গড়ার প্রক্রিয়া চলছে।বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক সিদ্দিকুর রহমান সরকারি উদ্যোগে নতুন প্রাথমিক বিদ্যালয় প্রতিষ্ঠার উদ্যোগকে স্বাগত জানিয়েছেন।প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের হিসাবে দেশে সরকারি-বেসরকারিসহ ১১ ধরনের প্রাথমিক বিদ্যালয়ের সংখ্যা ৮০ হাজার ৩৯৭টি। এর মধ্যে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সংখ্যা ৩৭ হাজার ৬৭২ এবং নিবন্ধিত প্রাথমিক বিদ্যালয়ের সংখ্যা ১৯ হাজার ৬৮২টি। কয়েক বছর ধরে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রাক-প্রাথমিক শিক্ষা চালুর দাবি উঠেছে। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এবং শিক্ষা-সংশ্লিষ্টরাও এ বিষয়ে একমত। এই পরিপ্রেক্ষিতে সরকার ৩৭ হাজার ৬৭২টি প্রাথমিক বিদ্যালয়ে প্রাক-প্রাথমিক শিক্ষা চালু করতে একজন করে শিক্ষক নিয়োগ দিতে যাচ্ছে।এ প্রসঙ্গে জানতে চাইলে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) বাবলু কুমার সাহা বলেন, সরকারি বিদ্যালয়ে প্রথম শ্রেণীতে পাঁচ থেকে আট বছরের শিশুরা ভর্তি হয় এবং এটা নিয়ে শিক্ষক, শিশু ও অভিভাবকদের মধ্যে অস্বস্তিকর অবস্থা চলে। তিনি বলেন, প্রাক-প্রাথমিক শিক্ষা চালু করতে হলে নতুন শ্রেণীকক্ষ, শিক্ষক নিয়োগ এবং শিক্ষক প্রশিক্ষণের প্রয়োজন হবে। তবে সবকিছুর আগে শিক্ষকদের পদ সৃষ্টির বিষয়ে কাজ চলছে।