১৫১ নেতা-কর্মী আট দিনের রিমান্ডে
বিএনপিসহ ১৮ দলীয় জোটের নেতা শফিউল আলম প্রধান, আবেদ রাজাসহ ১৫১ জন নেতা-কর্মীকে পৃথক দুই মামলায় গতকাল বুধবার আট দিন করে রিমান্ডে নেওয়ার আদেশ দিয়েছেন আদালত। অপর তিনজন বিরোধীদলীয় চিফ হুইপ জয়নুল আবদিন ফারুক, বিএনপির যুগ্ম মহাসচিব আমান উল্লাহ ও রুহুল কবির রিজভীকে প্রয়োজনে কারাফটকে জিজ্ঞাসাবাদের নির্দেশ দেওয়া হয়।এ ছাড়া এই ১৫৪ জনের জামিনের আবেদনও নাকচ করেন আদালত।পুলিশের কর্তব্যকাজে বাধা দেওয়ার অভিযোগে করা মামলায় ১৫১ জনকে পাঁচ দিন করে রিমান্ডে নেওয়ার আদেশ দেন ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম মোহাম্মদ আলী হোসেইন। ১২ মার্চ এই মামলায় ১৫৪ জন নেতা-কর্মীকে ১০ দিন করে রিমান্ডে নেওয়ার আবেদন করেছিল পুলিশ। এ ছাড়া বিস্ফোরক দ্রব্য আইনে করা মামলায় একই দিন তাঁদের সাত দিন করে রিমান্ডের আবেদন করা হয়। গতকাল ১৫১ জনকে তিন দিন করে রিমান্ডে নেওয়ার আদেশ দেন দ্রুত বিচার আদালত-৫-এর বিচারক কেশব রায় চৌধুরী। তবে জয়নুল আবদিন, আমান উল্লাহ ও রুহুল কবিরের বিষয়ে বলা হয়, তদন্ত কর্মকর্তা মামলার প্রয়োজনে কারাফটকে তাঁদের জিজ্ঞাসাবাদ করতে পারবেন।শুনানিতে আসামিপক্ষের আইনজীবী রফিকুল ইসলাম মিয়া বলেন, বিএনপির শান্তিপূর্ণ সমাবেশে পুলিশ হামলা করে এবং কার্যালয়ে ঢুকে দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ ১৫৭ জন নেতা-কর্মীকে গ্রেপ্তার করে। যাঁদের বিরুদ্ধে অভিযোগ করা হয়েছিল, পরদিন সেই মির্জা ফখরুল, সাদেক হোসেন ও আলতাফ হোসেন চৌধুরীকে ছেড়ে দেওয়া হয়। তাই ১৫৪ জনের বিরুদ্ধে অভিযোগ আনার সুযোগ নেই। এ ছাড়া আসামিদের রিমান্ডে নেওয়ার যৌক্তিক কারণ নেই। রাজনৈতিকভাবে হয়রানি করতে মামলা করা হয়েছে।ডান্ডাবেড়ি পরানোয় ব্যাখ্যা দাবি: গতকাল শীর্ষস্থানীয় ছয় নেতা ছাড়া বাকি নেতা-কর্মীদের কোন আইনে ডান্ডাবেড়ি পরিয়ে আদালতে হাজির করা হয়েছে, তার ব্যাখ্যা চান আসামিপক্ষের আইনজীবীরা।রাষ্ট্রপক্ষে অতিরিক্ত সরকারি কৌঁসুলি শাহ আলম তালুকদার আদালতে বলেন, যাঁদের বিরুদ্ধে একের অধিক মামলা আছে, তাঁদের ডান্ডাবেড়ি পরানোর ব্যাপারে আইনগত বাধা নেই।এ সময় বিচারক কেশব রায় চৌধুরী বলেন, অভ্যাসগত অপরাধীদের কারাবিধি অনুযায়ী ডান্ডাবেড়ি পরানোর বিধান রয়েছে। তবে কোনো মামলায় অধিকসংখ্যক আসামি হওয়ার কারণে পুলিশ আদালতের নিরাপত্তার প্রয়োজনে পিআরপির বিধি অনুসরণ করে ডান্ডাবেড়ি পরিয়ে হাজির করতে পারে।এ সময় আসামিপক্ষের আইনজীবীরা বলেন, সে ক্ষেত্রে ডান্ডাবেড়ি পরানোর জন্য পুলিশকে ব্যাখ্যাসহ আদালতের অনুমতি নিতে হবে। এ পর্যায়ে আদালত বলেন, সার্বিক বিষয় পর্যালোচনা করে আদেশ দেওয়া হবে।শুনানির একপর্যায়ে আসামিপক্ষের আইনজীবী সানাউল্লাহ মিয়া বলেন, বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী আদালতে বলেছিলেন, পুলিশ তাঁকে গ্রেপ্তার করে রিমান্ডে নিয়ে ডিম দিয়েছিল। সেই শোধ নিতে সাজানো মামলায় বিএনপির নেতা-কর্মীদের রিমান্ডে নেওয়ার আবেদন করা হচ্ছে।রাষ্ট্রপক্ষে শাহ আলম তালুকদারকে সহায়তা করেন এ এফ এম রেজাউল করিম, এফ এম রেজাউর রহমান, জাহিদ হোসেন সরদার, তাপস কুমার দত্ত, হাফিজুর রহমান, হেমায়েত উদ্দিন মোল্লা প্রমুখ।আসামিপক্ষে রফিকুল ইসলাম মিয়াকে সহায়তা করেন জয়নুল আবেদীন, আমিনুল হক, গোলাম মোস্তফা খান, সানাউল্লাহ মিয়া, খোরশেদ আলম মিয়া, মাসুদ আহমেদ তালুকদার, শাম্মী আখতার প্রমুখ।১১ মার্চ বিকেলে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণকে কেন্দ্র করে বিশৃঙ্খল পরিস্থিতি হয়। এরপর পুলিশ ওই কার্যালয়ে অভিযান চালিয়ে মির্জা ফখরুলসহ ১৫৭ জনকে আটক করে। ১২ মার্চ মির্জা ফখরুল ইসলাম আলমগীর, সাদেক হোসেন খোকা ও আলতাফ হোসেন চৌধুরীকে ছেড়ে দেয় পুলিশ। বাকি ১৫৪ জনের বিরুদ্ধে ওই দিন পুলিশ পল্টন থানায় দুটি মামলা করে।