১৫৩ সম্ভাব্য প্রার্থীর জীবন ঝুঁকিতে!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা সিটি করপোরেশন নির্বাচনে কাউন্সিলর পদে প্রার্থী হতে পারেন— এমন দেড় শতাধিক ব্যক্তির জীবন ঝুঁকির মধ্যে রয়েছে। মনোনয়নপত্র জমা দেওয়ার পর তাঁরা দলীয় বা প্রতিপক্ষের হামলার শিকার হতে পারেন। এসব সম্ভাব্য প্রার্থীর তথ্য পর্যালোচনা করে পুলিশ কর্মকর্তারা বলছেন, তাঁদের অনেকেই সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে জড়িত। কেউ কেউ সন্ত্রাসীদের মদদদাতা। তাঁরা নিজেরা যেমন হামলার শিকার হতে পারেন, আবার তাঁরাও অন্যের ওপর হামলা চালাতে পারেন।রাজধানীর ৪১টি থানার ৩৬টিতে সম্ভাব্য প্রার্থীদের নিরাপত্তা নিয়ে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)-এর এক জরিপে এ তথ্য উঠে এসেছে। আগামী মাসে ঢাকা সিটি করপোরেশনের নির্বাচনের তফসিল ঘোষণা হতে পারে ধরে নিয়ে আগাম নিরাপত্তাব্যবস্থা নিতে পুলিশ এই জরিপ চালিয়েছে।এ বিষয়ে ডিএমপি কমিশনার এ কে এম শহীদুল হক প্রথম আলোকে বলেন, দুটি দিক সামনে রেখে জরিপ চালানো হয়েছে। একটি হলো, প্রার্থীদের ব্যাপারে সরকার যদি কোনো তথ্য চায়, তাহলে দ্রুত তা সরবরাহ করতে একটি তথ্যব্যাংক তৈরি করা। দ্বিতীয়ত, যদি তাঁরা মনোনয়ন পেয়েই যান, তাহলে তাঁদের নিরাপত্তা নিশ্চিত করার একটি পরিকল্পনাও তৈরি করা।এদিকে পুলিশের একটি গোয়েন্দা সংস্থার পৃথক জরিপে বলা হয়েছে, কারাবন্দী ও বিদেশে থাকা সন্ত্রাসীরা নির্বাচনের সময় প্রভাব বিস্তার করতে পারে। এতে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কা রয়েছে। প্রতিবেদনে আরও বলা হয়, সরকারি দল সমর্থিত প্রার্থীদের বিজয়ের ক্ষেত্রে এবার পরিষেবা সংস্থাগুলোর কার্যক্রম গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। এগুলো হলো আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, নিরবচ্ছিন্ন বিদ্যুত্ সরবরাহ ও গ্রীষ্ম মৌসুমে পানি সরবরাহ নিশ্চিত করা। জরিপে সরকারদলীয় প্রার্থীদের ক্ষেত্রে ভোটারদের মনোভাবের বিষয়টিও উল্লেখ করা হয়।পুলিশ সূত্র জানায়, ডিএমপির পক্ষ থেকে জরিপ চালাতে সব থানায় একটি ছকও তৈরি করে দেওয়া হয়। এর ভিত্তিতে আটটি অপরাধ বিভাগের সব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তারা (ওসি) সম্ভাব্য প্রার্থীদের ওপর এক মাস ধরে জরিপ চালান। মহানগর পুলিশ সদর দপ্তর এর ভিত্তিতে প্রতিবেদন তৈরি করে।গত ৯ মার্চ রাজারবাগ পুলিশ লাইন মিলনায়তনে পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় ডিএমপি কমিশনার বলেছিলেন, আসন্ন সিটি করপোরেশন নির্বাচনে সব কাউন্সিলর প্রার্থীর জন্য ব্যক্তিগত নিরাপত্তা দেওয়া পুলিশের পক্ষে সম্ভব নয়। তবে কোন প্রার্থীকে ব্যক্তিগত নিরাপত্তা দেওয়া হবে, তা সরকার বিবেচনা করবে। তিনি বলেন, সম্ভাব্য প্রার্থীদের একটি তালিকা পুলিশ তৈরি করছে। নির্বাচন কমিশন চাইলে তা দেওয়া হবে। সম্ভাব্য প্রার্থীদের বিরুদ্ধে কী ধরনের মামলা আছে, সাজা ভোগ করেছেন কি না, গ্রেপ্তার হয়েছিলেন কি না, এসব তথ্য সংগ্রহ করা হচ্ছে। তবে তাঁরা মনোনয়ন পাওয়ার যোগ্য কি না, সে সিদ্ধান্ত নেবে নির্বাচন কমিশন।কমিশনার শহীদুল হক প্রথম আলোকে বলেন, রাজধানীতে অনেক প্রার্থী আছেন, যাঁরা মনোনয়ন পেলে কিছুটা সমস্যা হবে। অনেক ভোটারও চান না, এসব লোক প্রার্থী হোক। আগের নির্বাচনে পুলিশের তালিকাভুক্ত অনেক সন্ত্রাসী প্রার্থী গানম্যান পেয়েছিলেন, এটা সরকারের ভুল সিদ্ধান্ত ছিল।ডিএমপির জরিপে বলা হয়, মহানগর পুলিশের এলাকার মধ্যে কামরাঙ্গীরচর, ডেমরা, তুরাগ, উত্তরখান ও দক্ষিণখান থানা এলাকা ঢাকা সিটি করপোরেশনের আওতাভুক্ত নয়। এ কারণে এসব এলাকায় জরিপ চালানো হয়নি। জরিপে বলা হয়, ঢাকা সিটি নির্বাচনে এবার ভোটার ৩৭ লাখ ৫৬ হাজারের বেশি। পুরুষ ভোটার ২০ লাখ ১০ হাজার ও নারী ভোটার ১৭ লাখ ৪৫ হাজারের কিছু বেশি।ঢাকা সিটি করপোরেশনের সর্বশেষ নির্বাচন হয় ২০০২ সালের ২৫ এপ্রিল। সেই হিসেবে ২০০৭ সালের ১৪ মে এর মেয়াদোত্তীর্ণ হয়। নবম সংসদ নির্বাচনের আগে সিটি নির্বাচনের উদ্যোগ নিলেও সেটা সম্ভব হয়নি। কিন্তু সংসদ নির্বাচনের পর সীমানা নিয়ে দায়ের করা তিনটি রিটের কারণে নির্বাচন পিছিয়ে যায়। গত ২৫ ফেব্রুয়ারি আদালতের রায়ের পর নির্বাচনের পথ উন্মুক্ত হয়।আইনশৃঙ্খলা পরিস্থিতি: আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে বলা হয়, এবার নির্বাচনে কারাবন্দী সন্ত্রাসীরা কারাগারের ভেতর থেকেই তত্পরতা চালাতে পারে। বিদেশে থাকা সন্ত্রাসীরাও তত্পর হতে পারে। জরিপে বলা হয়, হিযবুত তাহ্রী নিষিদ্ধ করায় ও যুদ্ধাপরাধের বিচারের উদ্যোগ নেওয়ায় একটি রাজনৈতিক দলের মদদে নাশকতামূলক তত্পরতার আশঙ্কাও রয়েছে। এ জন্য সরকারকে সতর্ক হওয়ার পরামর্শ দেওয়া হয়।পুলিশের সাবেক মহাপরিদর্শক এএসএম শাহজাহান এ প্রসঙ্গে প্রথম আলোকে বলেন, যাঁরা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন, তাঁরা যদি কোনো মামলার পরোয়ানার আসামি হন, তবে পুলিশের উচিত অবিলম্বে তাঁকে গ্রেপ্তার করা। আবার কেউ যদি নিরাপত্তাহীনতায় ভোগেন, তবে তাঁর নিরাপত্তা নিশ্চিত করাও পুলিশের দায়িত্ব। তবে এ কাজ নিরপেক্ষতার সঙ্গে করা উচিত। গতবারের নির্বাচনে আইনশৃঙ্খলা পরিস্থিতির কথা উল্লেখ করে বলা হয়, তখন তফসিল ঘোষণার পর নির্বাচনের দিন পর্যন্ত ২৪ দিনে রাজধানীতে সাতটি স্থানে বোমা বিস্ফোরণ, নয়টি স্থানে হামলা ও অগ্নিসংযোগ, সাতটি স্থানে গুলিবর্ষণ ও পুলিশের সঙ্গে দুটি স্থানে সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় একজন নিহত ও ২৮ জন আহত হয়। গ্রেপ্তার হয় ৩১ জন।মেয়র প্রার্থীদের অবস্থা: পুলিশের গোয়েন্দা সংস্থার প্রতিবেদনে মেয়র পদে সরকারি দলের ছয়জন সম্ভাব্য প্রার্থীর নাম উল্লেখ করা হয়। তাঁরা হলেন সাংসদ সাবের হোসেন চৌধুরী, ফজলে নূর তাপস, এ কে এম রহমতুল্লাহ, মোফাজ্জল হোসেন চৌধুরী, হাজি সেলিম ও সাঈদ খোকন।বিএনপির সম্ভাব্য প্রার্থীরা হলেন সাদেক হোসেন, মির্জা আব্বাস, আ স ম হান্নান শাহ ও আবদুল আউয়াল মিন্টু।কাউন্সিলর প্রার্থী: ডিএমপির জরিপে দেখা যায়, ৯০টি ওয়ার্ডের নির্বাচনে এবার ৬২৪ জন প্রার্থী হতে পারেন। তবে এ সংখ্যা বাড়তে পারে। সম্ভাব্য প্রার্থীদের মধ্যে আওয়ামী লীগের ৪৪১ জন, বিএনপির ১০৯ জন, জাতীয় পার্টির ১০ জন ও অন্যান্য ৬৪ জন। তাঁদের মধ্যে ১৫৩ জন প্রতিপক্ষ বা সন্ত্রাসীদের আক্রমণের শিকার হতে পারেন। এতে বলা হয়, সবচেয়ে বেশি ঝুঁকিতে আছেন মতিঝিল ও লালবাগ এলাকার প্রার্থীরা। এসব এলাকায় ৩৪ জন করে প্রার্থীর জীবন ঝুঁকিতে। এ ছাড়া রমনা অঞ্চলে ১৪ জন, ওয়ারী অঞ্চলে ছয়, তেজগাঁও অঞ্চলে ১৬, মিরপুরে ২৭, গুলশানে ২২ ও উত্তরা এলাকায় ১২ জন ঝুঁকিতে আছেন। গত নির্বাচনে বিজয়ী ছিলেন এমন ৬৫ জন প্রার্থী এবারও নির্বাচনে অংশ নিতে পারেন বলে উল্লেখ করা হয়।ভোটারদের মনোভাব: পুলিশের গোয়েন্দা প্রতিবেদনে বলা হয়, এবার নির্বাচন সামনে রেখে দলীয় ও অভ্যন্তরীণ কোন্দল চরমে উঠতে পারে। তবে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে না পারলে সরকারি দলের প্রার্থীরা বিপর্যয়ের মুখে পড়তে পারেন। এ ছাড়া গ্রীষ্ম মৌসুমে নিয়মিত পানি ও বিদ্যুত্ সরবরাহ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। তবে রাজধানীর ট্রাফিকব্যবস্থার বিষয়টিও ভোটারদের ওপর প্রভাব ফেলতে পারে।ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান প্রথম আলোকে বলেন, নির্বাচনে জনগণের প্রত্যাশা থাকে ভালো প্রার্থী পাওয়া। সন্ত্রাসে যুক্ত বা বিতর্ক আছে এমন প্রার্থীকে নির্বাচিত করা উচিত নয়। তবে ভালো প্রার্থীর নির্বাচনের ক্ষেত্রে জনগণের পাশাপাশি সরকারেরও দায়িত্ব আছে। রাজনৈতিক দলগুলোর উচিত খারাপ প্রার্থীদের মনোনয়ন না দেওয়া।