১৬ আফগানকে হত্যার দায় স্বীকার মার্কিন সেনার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঠান্ডা মাথায় পরিকল্পিতভাবে ১৬ জন বেসামরিক আফগান নাগরিককে হত্যার দায়ে একজন মার্কিন সেনার যাবজ্জীবন কারাদণ্ডাদেশ হতে পারে। রবার্ট বেলেস নামের ওই মার্কিন সেনা গতকাল বুধবার যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনের একটি সামরিক আদালতে তাঁর অপরাধ স্বীকার করেছেন। রয়টার্সের খবরে এ কথা জানানো হয়।গত বছরের মার্চ মাসে আফগানিস্তানের কান্দাহার প্রদেশের একটি গ্রামে প্রবেশ করে উপর্যুপরি গুলি ছুড়ে ১৬ জন বেসামরিক নাগরিককে হত্যা করেন সার্জেন্ট বেলেস। নিহত ব্যক্তিদের অধিকাংশ নারী ও শিশু। এ হত্যাকাণ্ডের কথা স্বীকার করেছেন বেলেস। এ বিষয়ে তিনি কোনো কারণ দর্শাতে পারেননি।বেলেসের আইনজীবী দাবি করেন, আফগানিস্তানে নিয়োগ পাওয়ার আগে থেকে মানসিক রোগে ভুগছিলেন বেলেস।অপরাধ স্বীকার করায় বেলেসকে মৃত্যুদণ্ড থেকে অব্যাহতি দিয়ে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দেওয়া হতে পারে। তবে আগামী ১৯ আগস্ট এ মামলার পরবর্তী বিচারকাজ শুরু হবে।৩৯ বছর বয়সী মার্কিন সেনা সার্জেন্ট বেলেস ইরাক ও আফগানিস্তানের চারটি যুদ্ধে অংশ নিয়েছেন।