১৬ এপ্রিল থেকে ৪৮ ঘণ্টার কর্মবিরতিতে যাচ্ছেন বিমানকর্মীরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিমানের চেয়ারম্যানকে অপসারণ ও ‘অযোগ্য’ পরিচালনা পর্ষদ ভেঙে দেওয়ার দাবিতে এবার ৪৮ ঘণ্টার কর্মবিরতির ডাক দিয়েছেন বিমানকর্মীরা। ১৬ এপ্রিল সকাল ছয়টা থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের কর্মকর্তা-কর্মচারীরা এই কর্মবিরতি শুরুর ঘোষণা দিয়েছেন।গতকাল মঙ্গলবার বিমানের প্রধান কার্যালয় বলাকা ভবনের লাউঞ্জে আয়োজিত সমাবেশ থেকে এই কর্মসূচি ঘোষণা করেন ‘বিমান বাঁচাও ঐক্য পরিষদ’-এর আহ্বায়ক মশিকুর রহমান। তিনি বলেন, ১৬ এপ্রিলের আগেই দাবি পূরণ হয়ে গেলে কর্মসূচি পালনের প্রয়োজন পড়বে না।সমাবেশ থেকে বলা হয়, ৪৮ ঘণ্টার এ কর্মসূচির মাধ্যমে বিমানের সব ফ্লাইট চলাচল বন্ধ করে দেওয়া হবে।বিমানের ১০ সদস্যের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান হলেন বিমানবাহিনীর সাবেক প্রধান অবসরপ্রাপ্ত এয়ার মার্শাল জামাল উদ্দিন আহমেদ। তাঁর পদত্যাগের দাবিতে কর্মীরা ৪৮ ঘণ্টার কর্মবিরতিতে গেলে কার্যত অচল হয়ে পড়বে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর। কারণ বিমানকর্মীরাই বাংলাদেশে চলাচলকারী দেশি-বিদেশি সব বিমানসংস্থার গ্রাউন্ড হ্যান্ডেলিংসহ বিভিন্ন সেবা দিয়ে থাকেন।পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী, গতকাল বেলা ১১টা থেকে বিমানকর্মীরা বলাকায় জড়ো হয়ে বিক্ষোভ সমাবেশ করেন এবং বেলা একটা পর্যন্ত অবস্থান ধর্মঘট করেন। এ সময় বিপুলসংখ্যক পুলিশ বলাকা ভবন ঘিরে রাখে।মশিকুর রহমানের সভাপতিত্বে সমাবেশে পাইলট অ্যাসোসিয়েশনের সভাপতি ক্যাপ্টেন এস এম হেলাল, বিমান শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. শাহজাহান, বিমান অফিসার্স অ্যাসোসিয়েশনের সভাপতি জহিরুল হকসহ প্রকৌশলী ও কেবিন ক্রুদের সংগঠনের নেতারা বক্তব্য দেন।সমাবেশের পরপরই বিমানকর্মীরা চেয়ারম্যানের অফিসকক্ষের দরজায় তালা লাগিয়ে দেন এবং চেয়ারম্যান জামাল উদ্দিন আহমেদের কুশপুত্তলিকা দাহ করেন।বিমান শ্রমিক লীগের সভাপতি মশিকুর রহমান বলেন, ‘বিমানের সব সংগঠন মিলেই এ কর্মসূচির ঘোষণা করা হয়েছে। পদত্যাগ না করা পর্যন্ত জামাল উদ্দিনকে অফিস করতে দেওয়া হবে না।’জামাল উদ্দিন আহমেদসহ বিমানের বর্তমান পরিচালনা পর্ষদকে দুর্নীতিগ্রস্ত ও অদক্ষ আখ্যায়িত করে বিমান বাঁচাও ঐক্য পরিষদের ব্যানারে গত ৫ মার্চ থেকে আন্দোলন করে আসছেন বিমানের কর্মকর্তা-কর্মচারীরা।একই সঙ্গে তাঁরা পরিচালনা পর্ষদকে অবাঞ্ছিত ঘোষণা করেন। এরপর থেকে গত এক মাসে পরিচালনা পর্ষদের কেউ আর বিমান কার্যালয়ে আসেননি। এমনকি কোনো সভাও হয়নি। কর্মীদের আন্দোলন চলাকালে গত ২০ মার্চ বিমানের চেয়ারম্যান জামাল উদ্দিন সপরিবারে ওমরা করতে সৌদি আরব যান। গত ৩১ মার্চ তিনি দেশে ফেরেন।মন্ত্রীর অনুরোধ: কর্মীদের আন্দোলনে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের যাতে কোনো ক্ষতি না হয়, সে বিষয়ে সতর্ক থাকতে অনুরোধ করেছেন বেসামরিক বিমান পরিবহনমন্ত্রী ফারুক খান।গতকাল সচিবালয়ে ভারতীয় হাইকমিশনার পঙ্কজ শরণের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, বিমান বাঁচাও আন্দোলনের নামে বিমানের যাতে ক্ষতি না হয়, সে বিষয়ে সজাগ থাকা দরকার। একই সঙ্গে মন্ত্রী এ-ও স্বীকার করেছেন, ক্ষতির হাত থেকে বাঁচাতে বিমানের ব্যবস্থাপনা উন্নত করা প্রয়োজন। তিনি বলেন, বিমান পাবলিক লিমিটেড কোম্পানি হওয়ায় প্রতিষ্ঠানটির যেকোনো বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব পরিচালনা পর্যদের।