১৬ গ্রামের মানুষের ভোগান্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যশোরের বাঘারপাড়া ও মাগুরার শালিখা উপজেলার সীমান্তবর্তী নারকেলবাড়িয়ায় চিত্রা নদীর ওপর সেতু না থাকায় ১৬ গ্রামের মানুষের ভোগান্তি চরম আকার ধারণ করেছে।স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা গেছে, দুই সাংসদের ঠেলাঠেলির কারণে সেতুটি হচ্ছে না।সম্প্রতি সরেজমিনে দেখা গেছে, চিত্রা নদীর এপারে যশোরের বাঘারপাড়া আর ওপারে মাগুরার শালিখা উপজেলা। ব্যবসা-বাণিজ্য ও স্কুল-কলেজের দিক থেকে বাঘারপাড়ার নারকেলবাড়িয়া বেশ সমৃদ্ধ। নদীর ওপারের শালিখা উপজেলার কাদিরপাড়া, গোবরা, হরিশপুর, দেয়াডাঙ্গা, বয়রাসহ সাত থেকে আটটি গ্রামের মানুষের ব্যবসা-বাণিজ্য ও লেখাপড়ার জন্যে শিক্ষার্থীদের এপারে আসতে হয়। অন্যদিকে, এপারের বাঘারপাড়া উপজেলার নারকেলবাড়িয়া, খানপুর, ক্ষেত্রপালী, দয়ারামপুর, জয়পুর, শ্রীরামপুর, পুলিয়ার ও বলরামপুর গ্রামের মানুষের ব্যবসায়িক পণ্য সরবরাহ ও ঢাকায় যাতায়াতের জন্য ওপারের সীমাখালী বাজারে যেতে হয়। আর এ যাতায়াতের জন্য উভই পারের মানুষেরই নির্ভর করতে হয় সাঁকো ও খেয়া নৌকার ওপর। নারী, শিশু ও বৃদ্ধদের ঝুঁকির নিয়ে সাঁকো পার হতে দেখা যায়।নারকেলবাড়িয়া ডিগ্রি কলেজের প্রভাষক সোহরাব হোসেন বলেন, ‘এসএসসি, এইচএসসি, ডিগ্রি ও সমাপনী পরীক্ষার কেন্দ্র নারকেলবাড়িয়ায়। তাই ওপারের শিক্ষার্থীদের এপারে আসতেই হয়। আমি নিজে ওপারে মোটরসাইকেল রেখে দেড় কিলোমিটার হেঁটে এপারে এসে কলেজ করি।’ নারকেলবাড়িয়া বাজারের চালকলের স্বত্বাধিকারী মুরশিদ আলম জানান, এ বাজার থেকে শনি ও মঙ্গলবার হাটের দিন কয়েক ট্রাক খেজুরের গুড় ও সবজি ঢাকায় পাঠানো হয়। কিন্তু সেতুর অভাবে প্রায় ৩০ কিলোমিটার ঘুরে যশোরের ওপর দিয়ে যেতে হয়। ফলে যাতায়াত খরচ বেশি পড়ে, সময়ও নষ্ট হয়। বাজারের জুতা-স্যান্ডেলের ব্যবসায়ী সেলিমুল আলম জানান, সেতুর অভাবে সাত কিলোমিটার পথ ঘুরে মালামাল ওপারে পাঠাতে হয়। যেখানে সেতু হলে পথ হতো মাত্র আধা কিলোমিটার। ভূষিমালের ব্যবসায়ী ইকবাল মোল্লা বলেন, ‘কতজন যে ভিডিও করল, কয়দিন মাইপে মাইপে (মেপে মেপে) নিয়ে গেল, আমাগের ভাগ্যি (ভাগ্যে) কিছুই হলো না। ঠেলাঠেলির ঘর খোদায় রক্ষা কর। দুই এমপির ঠেলাঠেলিতে আমাগের কিছুই হবে না।’যশোরের বাঘারপাড়ার সাংসদ রণজিত্ রায় জানান, নির্বাচনী প্রতিশ্রুতি থাকলেও কালই তা বাস্তবায়ন করতে হবে, এমন তো নয়। সময় হলে সেতু হবে।মাগুরার শালিখা উপজেলার সাংসদ বীরেন শিকদার বলেন, ‘সীমান্তবর্তী এলাকা হলেও একটু তো সমস্যা হয়ই। ভোট কম পেয়েছি বলে সেতু করব না, এমনটি নয়। তবে স্থানীয় ব্যক্তিদের বলা হয়েছে, এলাকা থেকে চার হাজার ভোট কম পেয়েছি, আপনারা হাতটা একটু শক্ত বানান, তারপর প্রতিশ্রুতির কথা বলেন। তার পরও সেতুর জন্য আমার প্রচেষ্টা অব্যাহত রয়েছে। সংসদে একবার বিষয়টি উত্থাপন করা হয়েছে।’এ ব্যাপারে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর যশোরের নির্বাহী প্রকৌশলী আবুল কালাম আজাদ জানান, ‘নারকেলবাড়িয়ায় সেতু নির্মাণের জন্য একটি প্রস্তাব পাঠানো হয়েছে।’