১৬ ঘণ্টা টানাহেঁচড়ার পর বরিশালে সুচিকিৎসা!
র্যাবের গুলিতে পঙ্গু লিমনের জন্য ‘উন্নত চিকিৎসা’র আবেদন করেছিলেন তার আইনজীবী। ঝালকাঠির আদালত তার ‘সুচিকিৎসা’র ব্যবস্থা করার নির্দেশ দিয়েছেন। এরপর কারা প্রশাসন তাকে বরিশাল শেরেবাংলা চিকিৎসা মহাবিদ্যালয় হাসপাতালে ভর্তি করায়। কিন্তু এখানে তার জন্য সুচিকিৎসার সুযোগ নেই বললেই চলে।লিমন ঢাকার পঙ্গু হাসপাতালে ছিল। গত মঙ্গলবার সকালে রওনা হয়ে রাতে তাকে নেওয়া হয় ঝালকাঠি, এরপর বরিশাল। এভাবে পঙ্গু লিমনকে নিয়ে টানাহেঁচড়া হয় ১৬ ঘণ্টা। পরিবারের পক্ষ থেকে বলা হয়েছে, এতে লিমনের শারীরিক অবস্থার আরও অবনতি হয়েছে।গতকাল বরিশাল হাসপাতালে লিমন সাংবাদিকদের কাছে বলেছে, মঙ্গলবার বিকেল থেকে তার খাওয়া-দাওয়া বন্ধ। পায়খানা-প্রস্রাব হলে কে পরিষ্কার করবে—এই দুশ্চিন্তায় তাকে নাকি খেতে দেওয়া হয়নি।লিমনের বাবা তোফাজ্জেল হোসেন গতকাল সকালে বলেন, লিমন এখানে থাকলে না খেয়ে ও বিনা চিকিৎসায় মারা যাবে। পঙ্গু হাসপাতাল থেকে দেওয়া ওষুধও খেতে দেওয়া হচ্ছে না।মঙ্গলবার রাতে লিমনকে ঝালকাঠির আদালতে নেওয়া হয়। জ্যেষ্ঠ বিচারিক হাকিম নুসরাত জাহান রাত নয়টায় সুচিকিৎসার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে ঝালকাঠির কারা কর্তৃপক্ষকে নির্দেশ দেন। আদালতের এই নির্দেশের পর রাত সাড়ে নয়টার দিকে কোর্ট পুলিশের একটি দল লিমনকে ঝালকাঠি কারাগারে নিয়ে যায়। কারাগারের আনুষ্ঠানিকতা শেষে রাত ১২টার দিকে জেল পুলিশের একটি পিকআপ ভ্যানে করে রাতেই তাকে বরিশাল কারাগারে পাঠানো হয়।বরিশাল কেন্দ্রীয় কারাগারের সুপার মো. ছগির মিয়া প্রথম আলোকে বলেন, মঙ্গলবার দিবাগত রাত সোয়া দুইটায় লিমনকে বরিশাল কারাগারে আনা হয়। পরে আদালতের নির্দেশ অনুযায়ী পৌনে তিনটায় তাকে বরিশাল শেরেবাংলা চিকিৎসা মহাবিদ্যালয় হাসপাতালে ভর্তি করা হয়। এভাবে টানাহেঁচড়ার কারণে লিমন ঘুমাতেও পারেনি।সকালে লিমনের বাবা-মা দেখা করতে গেলে প্রথমে অনুমতি মেলেনি। পরে জ্যেষ্ঠ কারা তত্ত্বাবধায়ক (সুপার) অনুমতি দেন। অনুমতিপত্র নিয়ে হাসপাতালে কর্তব্যরত কারারক্ষীদের কাছে গেলে তাঁরাও নানা টালবাহানা করেন। শেষ পর্যন্ত দুপুর একটা ৪০ মিনিটে পরিবারের লোকজন লিমনের সঙ্গে দেখা করার সুযোগ পায়।লিমনের মা হেনোয়ারা বেগম প্রথম আলোকে বলেন, পঙ্গু হাসপাতাল থেকে এখানে আনার পর তাঁর ছেলের চিকিৎসা ঠিকমতো হচ্ছে না। তার পায়খানা-প্রস্রাব পরিষ্কার করার কোনো লোক নেই। সে জন্য তাকে না খাইয়ে রাখা হয়েছে।এ ব্যাপারে জানতে চাইলে বরিশাল শেরেবাংলা চিকিৎসা মহাবিদ্যালয় হাসপাতালের অর্থোপেডিক বিভাগের চিকিৎসক বাবুল কুমার সাহা প্রথম আলোকে বলেন, ‘আমরা আজ (বুধবার) থেকে তার চিকিৎসা শুরু করেছি। তাকে খেতে না দেওয়ার অভিযোগ সঠিক নয়। পায়খানা হলে কে পরিষ্কার করবে—এই দুশ্চিন্তায় লিমন নিজেই খাওয়া বন্ধ করেছে। আমরা কারা কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছি, যাতে লিমনের মাকে তার কাছাকাছি রাখা যায়। বর্তমানে লিমনের অবস্থা ভালো আছে এবং ঢাকার ব্যবস্থাপত্রেই চিকিৎসা চলছে।’গত ২৩ মার্চ ঝালকাঠি জেলার রাজাপুরে গুলিবিদ্ধ হওয়ার পর ২৫ মার্চ রাতে লিমনকে ঢাকায় জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (পঙ্গু হাসপাতাল) ভর্তি করা হয়। এর পর থেকে লিমন সেখানেই চিকিৎসাধীন ছিল।র্যাবের দায়ের করা অস্ত্র মামলায় লিমনকে অভিযুক্ত করে অভিযোগপত্র দাখিল করায় গত মঙ্গলবার তাকে বিচারিক আদালতে হাজির করা হয়। আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। সেই সঙ্গে তার সুচিকিৎসার ব্যবস্থা করতে বলা হয়।বরিশাল শেরেবাংলা চিকিৎসা মহাবিদ্যালয় হাসপাতালের অর্থোপেডিক বিভাগের চিকিৎসা সম্পর্কে জানতে চাইলে ওই বিভাগের সহকারী অধ্যাপক মনিরুজ্জামান শাহীন প্রথম আলোকে বলেন, অর্থোপেডিক বিভাগে একজন অধ্যাপক, চারজন সহকারী অধ্যাপক, একজন রেজিস্ট্রার ও একজন সহকারী রেজিস্ট্রার আছেন। তিনি জানান, ঢাকা মেডিকেলের সমমানের চিকিৎসাসেবা এখান থেকে দেওয়া সম্ভব। কিন্তু কিছু টেকনিক্যাল সমস্যা বিশেষ করে এমআরই, সি-এআরএম মেশিন না থাকায় রোগীদের উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পঙ্গু হাসপাতালসহ অন্যান্য স্থানে পাঠানো হয়। তা হলে ঢাকার বদলে বরিশালে লিমনের উন্নত চিকিৎসা হবে কী করে? জবাবে তিনি বলেন, ‘আমরা সাধ্যমতো চেষ্টা করে যাব।’