১৬ ঘণ্টা পর ঢাকা-চট্টগ্রাম ট্রেন চলাচল শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাশকতার কারণে বন্ধ হয়ে যাওয়া ঢাকা-চট্টগ্রাম রুটে ১৬ ঘণ্টা পর রেল যোগাযোগ শুরু হয়েছে। আজ মঙ্গলবার রাত সাড়ে আটটার দিকে রেল যোগাযোগ শুরু হয়।এর আগে আজ মঙ্গলবার ভোররাতে ঢাকা থেকে চট্টগ্রামগামী তূর্ণা-নিশীথা ট্রেনের একটি ইঞ্জিনসহ ছয়টি বগি লাইনচ্যুত হয়। হরতালের প্রথম প্রহরে রেললাইনের ফিসপ্লেট খুলে ফেলায় কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার শ্রীমন্তপুরে এ দুর্ঘটনা ঘটে। এতে কমপক্ষে ৩০ জন আহত হন।দুর্ঘটনার পর থেকে ঢাকা-চট্টগ্রাম-সিলেট ও ময়মনসিংহ রেলপথে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। চট্টগ্রাম থেকে ঢাকাগামী মহানগর প্রভাতী, মহানগর গোধূলী এবং চট্টগ্রাম থেকে সিলেটগামী পাহাড়িকা এক্সপ্রেসের যাত্রা বাতিল করা হয়েছে। এদিকে এ ঘটনা তদন্তে রেলওয়ের পূর্বাঞ্চলের প্রধান প্রকৌশলী মাহবুবুর রহমানকে প্রধান করে চার সদস্যের কমিটি গঠন করা হয়েছে। এ ছাড়া নাশকতার ঘটনায় ১৭ জনকে আটক করা হয়েছে।কুমিল্লা রেলওয়ের স্টেশনমাস্টার মোহাম্মদ হোসেন মজুমদার প্রথম আলো ডটকমকে বলেন, খবর পেয়ে লাকসাম ও আখাউড়া থেকে উদ্ধারকারী ট্রেন সকাল সাড়ে আটটার দিকে ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে। স্টেশনমাস্টার মোহাম্মদ হোসেন মজুমদার আরও বলেন, তূর্ণা-নিশীথা ট্রেনটি কুমিল্লা থেকে রাত চারটা ২৫ মিনিটে চট্টগ্রামের উদ্দেশে ছেড়ে যায়। কুমিল্লার শ্রীমন্তপুরে পৌঁছার পর ট্রেনটির একটি ইঞ্জিন ও পাঁচটি বগি লাইনচ্যুত হয়। রেললাইনের ফিসপ্লেট উপড়ে ফেলায় এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার কারণে কুমিল্লার রসুলপুর এলাকায় নোয়াখালী এক্সপ্রেস ট্রেন ও আখাউড়া রেলজংশনে ঢাকা থেকে চট্টগ্রামগামী মেইল ট্রেন আটকা পড়েছে। বেলা দুইটার দিকে ঢাকা থেকে চট্টগ্রামগামী মহানগর প্রভাতী দুর্ঘটনাস্থল শ্রীমন্তপুরে পৌঁছে। আর চট্টগ্রাম থেকে ঢাকাগামী সুবর্ণ এক্সপ্রেস ট্রেনটিও এ সময় শ্রীমন্তপুরে যায়। সেখানে যাত্রীরা ট্রেন বদল করে নিজ নিজ গন্তব্যে যান।ট্রেনের যাত্রী আবুল খায়ের গ্রুপের বিপণন বিভাগে কর্মরত খোরশেদ আলম বলেন, ‘আমি ছিলাম ট্রেনটির একেবারে পেছনের বগিতে। হঠাত্ ট্রেনে বিকট এক শব্দ হয়। পরে জানতে পারি, ট্রেনের বগি লাইনচ্যুত হয়েছে। এ সময় যাত্রীরা চিত্কার করে নেমে যান। তখন অনেকে কমবেশি আহত হন।’ঘটনাস্থলে উপস্থিত ২০০৭ সালের ২ আগস্ট উপকূল ট্রেনকে দুর্ঘটনা থেকে রক্ষাকারী স্থানীয় বাসিন্দা রকিবুল হাসান জানান, আগেও একই জায়গায় দুর্ঘটনা ঘটেছিল।বিএনপির নেতৃত্বাধীন ১৮ দলীয় জোট ও ছাত্রশিবির আজ সারা দেশে হরতাল ডেকেছে। এই হরতালে আতঙ্ক ছড়ানোর জন্য দুর্বৃত্তরা নাশকতা করেছে বলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রাথমিকভাবে ধারণা করছে।চার সদস্যের তদন্ত কমিটিএ ঘটনা তদন্তে রেলওয়ের পূর্বাঞ্চলের প্রধান প্রকৌশলী মাহবুবুর রহমানকে প্রধান করে চার সদস্যের কমিটি গঠন করা হয়েছে। কমিটির অন্য তিন সদস্য হলেন পূর্বাঞ্চল রেলওয়ের প্রধান পরিচলন (সিওপিএস) কর্মকর্তা মো. বেলাল উদ্দিন, প্রধান যান্ত্রিক প্রকৌশলী আখতারুজ্জামান হায়দার ও প্রধান সংকেত ও টেলিযোগাযোগ কর্মকর্তা চন্দন কান্তি দাস।বেলাল উদ্দিন প্রথম আলো ডটকমের কাছে এ ঘটনাকে ভয়ংকর নাশকতা উল্লেখ করে বলেন, দুর্বৃত্তরা রেললাইনের ১২৬ ফুট দীর্ঘ লোহার দণ্ড খুলে নেয়। এর সঙ্গে ৪০টি স্লিপার যুক্ত ছিল। দুর্বৃত্তরা সরকারকে নয় বরং জনগনকে প্রতিপক্ষ মনে করছে।১৭ জন আটকবিকেল সাড়ে তিনটার দিকে কুমিল্লা মহানগরের চাঙ্গেনী এলাকায় একটি মেস থেকে ১৭ জনকে আটক করা হয়েছে। মাস্টার মেসটি শিবিরের নিয়ন্ত্রিত বলে জানা গেছে। আটক হওয়া ব্যক্তিরা সবাই শিবিরের সদস্য ও সাথি।কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আয়নুল হক জানান, বিকেলে নাশকতা সৃষ্টির জন্য তারা গোপন বৈঠক করছিল, এমন খবরের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে বিপুল পরিমাণ জিহাদি বই উদ্ধার করা হয়। আর এই চক্রটি হরতালে বিভিন্ন সময় গাড়ি, কাভার্ড ভ্যানে আগুন দিয়েছে বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছে।