১৬ জানুয়ারি আধাবেলা হরতাল
আগামী ১৬ জানুয়ারি বুধবার সারা দেশে আধাবেলা হরতালের ঘোষণা দিয়েছে বামপন্থী দুটি রাজনৈতিক জোট।জ্বালানি তেল ও বিদ্যুতের দাম বৃদ্ধির প্রতিবাদে গণতান্ত্রিক বাম মোর্চা এবং বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) ও বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ) এ হরতাল ডেকেছে।আজ বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে বাম মোর্চা সংবাদ সম্মেলনের মাধ্যমে আর সিপিবি-বাসদ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) সামনে অবস্থান কর্মসূচি থেকে আনুষ্ঠানিকভাবে হরতালের এ ঘোষণা দেয়। বেলা ১১টা থেকে শুরু হয়ে এখনো ওই অবস্থান কর্মসূচি চলছে। সেখানে সিপিবি-বাসদের পক্ষে সিপিবির সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম হরতালের ঘোষণা দেন।সিপিবির কেন্দ্রীয় কমিটির সদস্য রুহিন হোসেন প্রথম আলো ডটকমকে বলেন, জ্বালানি তেল ও বিদ্যুতের দাম কমানোর জন্য সরকারকে ১৬ জানুয়ারি পর্যন্ত সময়সীমা দেওয়া হয়েছিল। কিন্তু সরকার দাম না কমানোয় হরতালের কর্মসূচি ঘোষণা করা হয়েছে।