৫০ কোটি টাকায় জোট আমলে তৈরি হয় ৭৬ বাজার। ৪২টি চালু হলেও কৃষক সুবিধা পাচ্ছেন না
১৬ জেলায় ৩৪ ‘কৃষক বাজার’ চালুই হয়নি
কৃষকের উৎপাদিত পণ্য সরাসরি ভোক্তাদের কাছে পৌঁছাতে কৃষি মন্ত্রণালয় উত্তরবঙ্গের ১৬ জেলায় ১৬টি পাইকারি ও ৬০টি উৎপাদক বাজার (গ্রোয়ার্স মার্কেট) তৈরি করেছিল। এতে ব্যয় হয়েছে ৫০ কোটি টাকা। এগুলোর মধ্যে ১২টি পাইকারি ও ২২টি উৎপাদক বাজার পাঁচ বছরে চালুই হয়নি। বাকিগুলো চালু হলেও বেশির ভাগ ক্ষেত্রে কৃষক সরাসরি এর সুফল পাচ্ছেন না।বিএনপি-জামায়াত জোট সরকারের সময় ২০০১ থেকে ২০০৫ সালের মধ্যে এই বাজারগুলো নির্মিত হয়। জেলা পর্যায় থেকে কৃষিজাত পণ্য এনে রাজধানীতে বিক্রির জন্য গাবতলীতে ১২ কোটি টাকা ব্যয়ে একটি কেন্দ্রীয় বাজারের নির্মাণকাজ তিন মাস আগে শেষ হলেও এখনো চালু হয়নি। সবজি সংরক্ষণের জন্য শীতাতপ নিয়ন্ত্রণের ব্যবস্থাও রয়েছে এতে। উত্তরাঞ্চলের বাজারগুলো থেকে এখানে পণ্য এনে বিক্রির কথা ছিল। কিন্তু ওই বাজারগুলো চালু না হওয়ায় কেন্দ্রীয় বাজারটিও চালু করা যাচ্ছে না।এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) ঋণ-সহায়তায় উত্তর-পশ্চিম শস্য বহুমুখীকরণ প্রকল্পের (এনসিডিপি) আওতায় এই ৩৪টি বাজার নির্মাণ করা হয়েছিল। বাজারগুলো চালু হলে প্রায় তিন লাখ কৃষক উপকৃত হবেন বলে আশা করা হয়েছিল। বাজারগুলোতে আধুনিক প্রযুক্তির নানা সুবিধা থাকলেও সব কটিই তালাবদ্ধ।বাজারগুলো চালু না হওয়ার কারণ অনুসন্ধান করে ২০০৯ সালে একটি প্রতিবেদন তৈরি করে কৃষি মন্ত্রণালয়। এতে বলা হয়, কৃষকদের যাতায়াত রয়েছে এমন স্থানে বাজারগুলো না করা, বাজারের সঙ্গে উৎপাদনকারী এলাকাগুলোর ভালো যোগাযোগ বা অবকাঠামো না থাকা, বিদ্যুৎ ও পানির সংযোগ না দেওয়া এবং কৃষক ও ব্যবসায়ী দল তৈরির কথা থাকলেও তা না করার কারণে বাজারগুলো চালু করা যায়নি।বাজারগুলো চালু না হলেও এডিবি ২০০৫ সালে বাংলাদেশে তাদের সেরা তিনটি প্রকল্পের একটি হিসেবে এই এনসিডিপি প্রকল্পকে পুরস্কৃত করে। সে বছরের ২৮ নভেম্বর ব্র্যাক সেন্টারে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে এডিবির তৎকালীন আবাসিক পরিচালক হুয়া দু ও সরকারের পদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।এখন এডিবির ঋণ-সহায়তায় প্রায় ৩০০ কোটি টাকা ব্যয়ে দ্বিতীয় শস্য বহুমুখীকরণ প্রকল্প শুরু হতে যাচ্ছে। দেশের দক্ষিণ-পশ্চিম ও উত্তর-পশ্চিমাঞ্চলের ২৭ জেলায় এই প্রকল্পের আওতায় বাজার নির্মাণসহ উচ্চমূল্যের শস্য উৎপাদনে উদ্যোগ নেওয়া হবে।এ ব্যাপারে জানতে চাইলে কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী প্রথম আলোকে বলেন, ‘বাজারগুলো নির্মাণের সময় কৃষকের চাহিদার কথা বিবেচনা না করে রাজনৈতিক স্বার্থ বিবেচনা করা হয়েছে। আমরা বাজারগুলো চালু করার চেষ্টা করছি।’বাজার আছে, ক্রেতা-বিক্রেতা নেই: প্রকল্পের আওতায় প্রতিটি বাজার পরিচালনার জন্য কমিটি করার কথা থাকলেও এর কোনো অস্তিত্ব নেই। বাজারগুলোতে পানি ও বিদ্যুতের সংযোগ, নারীর জন্য বিশেষ দোকান বরাদ্দ দেওয়ার কথা থাকলেও বেশির ভাগ বাজারেই তা করা হয়নি। তাই উৎপাদক, ব্যবসায়ী ও ক্রেতারা এসব বাজারে যাচ্ছেন না।জানতে চাইলে এডিবির একজন ঊর্ধ্বতন কর্মকর্তা প্রথম আলোকে বলেন, স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিদের সহযোগিতা না পাওয়ায় বিপুল অঙ্কের অর্থ বিনিয়োগ করে এসব বাজার নির্মাণ করার পরও চালু করা যাচ্ছে না।সাবেক কৃষিমন্ত্রী ও বিএনপির নেতা এম কে আনোয়ার প্রথম আলোকে বলেন, বাজারগুলোর নির্মাণকাজ শেষ করার পর তা চালু করার জন্য পর্যাপ্ত সময় পাওয়া যায়নি। রাজধানী থেকে কারওয়ান বাজারকে সরিয়ে অন্য জায়গায় নিয়ে গেলে তা চালু করতে কয়েক বছর লাগতে পারে। তিনি বলেন, পরবর্তী সময়ে যারা ক্ষমতায় এসেছে, তাদের দায়িত্ব ছিল এই বাজারগুলো চালু করা।সমস্যা বিদ্যুৎ ও পানি: রাজশাহী জেলার তানোর, পবা, পুঠিয়া, দুর্গাপুরে নির্মিত বাজারগুলো পুরোপুরি বন্ধ রয়েছে। নীলফামারী জেলার চারটির মধ্যে দুটিই বন্ধ রয়েছে। কুড়িগ্রামে সুবিধাজনক স্থানে জায়গা না পাওয়ায় নির্মাণকাজ শুরুই হয়নি।চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার কানসাটে তৈরি করা কাঁচাবাজারে নারী ব্যবসায়ীদের জন্য বিশেষ ব্যবস্থা রাখা হয়েছিল। দোকান বরাদ্দ নিয়েও বেশির ভাগ নারী ব্যবসায়ী তা চালু করেননি। কারণ হিসেবে নারীরা বলছেন, পুরুষ ও নারীদের প্রবেশের জন্য বাজারে একটি গেট রাখা হয়েছে। এতে তাঁরা দোকানে আসতে স্বস্তি বোধ করেন না।নওগাঁ সদরের সোমবাড়ীর হাটে তৈরি করা বাজারে নেই কোনো বিদ্যুতের সংযোগ। বাজারটির দুই কিলোমিটারের মধ্যে চার থেকে পাঁচটি পাইকারি বাজার রয়েছে। ফলে এই বাজারে ব্যবসায়ী ও ক্রেতা কেউ-ই নিয়মিত আসছেন না। পাবনার ঈশ্বরদীর দাশুরিয়ায় নির্মিত পাইকারি বাজারটির উন্মুক্ত স্থান এখনো ভাড়া দেওয়া হয়নি। সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ চান্দাইকোনা পাইকারি বাজারটি চালু হলেও সেখানে পানি সরবরাহের পর্যাপ্ত সুবিধা রাখা হয়নি। এই বাজারে বরাদ্দ পাওয়া ব্যবসায়ীদের বক্তব্য হচ্ছে, তাঁদের কাছে ব্যবসা করার পর্যাপ্ত অর্থ নেই। অতিরিক্ত খাজনার কারণে বেশির ভাগ ব্যবসায়ী এখানে আসতে রাজি না হওয়ায় কৃষি মন্ত্রণালয়ের পক্ষ থেকে সুপারিশ করা হয়েছিল জমিটি যাতে ভূমি মন্ত্রণালয়ের কাছ থেকে কৃষি মন্ত্রণালয়ের কাছে হস্তান্তর করা হয়।বগুড়ার শেরপুরের আরডিআরএসের সঙ্গে যৌথভাবে স্থাপন করা পাইকারি বাজারে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর থেকে পানি সরবরাহের জন্য একটি পাম্প স্থাপন করা হলেও তা শুরু থেকেই অকেজো। বাজারের খোলা স্থান ১৩ জন ব্যবসায়ীকে বরাদ্দ দেওয়া হলেও সেখানে ৪০ জন ব্যবসায়ী নিয়মিত বসছেন। বৈদ্যুতিক পাখার ব্যবস্থা না হওয়ায় কৃষিপণ্য দ্রুত শুকিয়ে যায়। ব্যবসায়ীরা সেখানে ১২টি পাখা স্থাপনের অনুরোধ করলেও এখনো তা বাস্তবায়িত হয়নি। নামে পাইকারি হলেও বাজারের বেশির ভাগ ব্যবসায়ী খুচরো। বাজারটির দ্বিতীয় তলা খুচরো বিক্রেতাদের হস্তান্তর করে প্রথম তলাটি পাইকারি বিক্রেতাদের জন্য ছেড়ে দেওয়ার কথা বলা হয়েছিল। এখনো তা বাস্তবায়িত হয়নি। জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার জামালগঞ্জের বাজারটি এখনো চালু করা যায়নি। কৃষি মন্ত্রণালয় থেকে এই বাজার চালু না হওয়ার কারণ হিসেবে ইজারামূল্যকে দায়ী করে তা বাতিল করার সুপারিশ করা হয়েছে। এই পাইকারি বাজারের পেছনেই এনসিডিপি বাজার হওয়ায় সেখানে সবজি বিক্রেতারা আসছেন না।ঠাকুরগাঁও সদরের ছোট খোঁচাবাড়ী বাজারটির অর্ধেকও চালু হয়নি। উৎপাদক এলাকা হিসেবে বাজারের দূরত্ব বেশি হওয়ায় বেশির ভাগ পাইকারি বিক্রেতা এখানে আসতে রাজি হচ্ছেন না। কিছুদিন চালু থাকলেও দেখা গেছে বিক্রেতার চেয়ে ক্রেতার সংখ্যা বেশি।দিনাজপুর জেলার ছোট খোঁচাবাড়ী পাইকারি বাজারে দুটি শৌচাগারের ব্যবস্থা রাখা হলেও সেখানে নেই পানির ব্যবস্থা, নেই বিদ্যুতের সংযোগ। রংপুরের মাহিগঞ্জের পাইকারি বাজারটি আংশিক চালু হয়েছে। বাজার পরিচালনার জন্য কৃষকদের যে কমিটি গঠন করা হয়েছে, তা সক্রিয় না থাকায় বেশির ভাগ বিক্রেতা এই বাজারে আসতে আগ্রহ দেখাচ্ছেন না।গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলার গোলাবাগ বাজারটি চালু করা যায়নি। মূল সমস্যা হিসেবে ব্যবসায়ীরা বলছেন, বাজারে পণ্য পরিবহন করে নেওয়ার পর্যাপ্ত যোগাযোগ অবকাঠামো দুর্বল। দুটি এনজিওকে উৎপাদক গ্রুপ তৈরি করে ঋণ দেওয়ার ব্যবস্থা করা হলেও তা সঠিকভাবে বাস্তবায়ন করা হয়নি। নীলফামারী প্রতিনিধি জানান, এ জেলায় যে পাঁচটি অত্যাধুনিক বাজার নির্মাণ করা হয়েছে, তার চারটি প্রায় দেড় বছরেও চালু হয়নি। স্থানীয় ব্যবসায়ীরা এটিকে তামাক রাখার গুদাম বানিয়েছেন। জেলা সদরের যাদুর হাটে চালু হওয়া একমাত্র উৎপাদক বাজারের ইজারাদার জোর করে টোল আদায় করছেন বলে লিখিত অভিযোগ করেছেন ব্যবসায়ীরা। ওই বাজারের আট ব্যবসায়ীর সই করা অভিযোগপত্রটি গত ২০ এপ্রিল পরিচালক (যুগ্ম সচিব) কৃষি বিপণন অধিদপ্তর বরাবর পাঠানো হয়। নীলফামারী শহরের নতুন বাজারে ৫৬ লাখ ৯৮০ টাকায় নির্মিত পাইকারি বাজারের কাপড় ব্যবসায়ী ছাবেদুল ইসলাম বলেন, কাঁচামালের ব্যবসার জন্য বাজারে দোকান নিলেও সমিতি সক্রিয় না হওয়ায় তা চালু করা যাচ্ছে না। মহিলা কর্নার মহিলাদের নামে বরাদ্দ হলেও সেখানে তাঁদের স্বামী ও স্বজনেরা ব্যবসা করছেন।ডোমার উপজেলার বোড়াগাড়ী বাজারে গিয়ে দেখা যায়, প্রায় ৪০ লাখ টাকা ব্যয়ে নির্মিত উৎপাদক বাজার সমিতির কার্যালয়ে চলছে ভূমি অফিসের কাজ। অন্যান্য স্থানে তামাক রাখা হয়েছে।পঞ্চগড় প্রতিনিধি জানান, দুই কোটি ৩৫ লাখ টাকা ব্যয়ে জেলার পাঁচটি কৃষকবাজার এবং একটি পাইকারি বাজার নির্মাণ করার দীর্ঘদিন পরও তা চালু হয়নি। বাজার পরিচালনার জন্য কৃষক বিপণন দল তৈরির দায়িত্ব ছিল বেসরকারি সংস্থা আরডিআরএসের ওপর। এ কাজও ঠিকমতো হয়নি।প্রতিটি বাজারে ২০টি উন্মুক্ত স্থান, নারীদের জন্য পৃথক চারটি দোকান, পণ্য বাছাইকরণ ছাউনি, ধৌতকরণ কক্ষ, প্যাকেজিং এলাকা, গুদামঘর, শৌচাগার, পণ্য ওঠানো-নামানোর এলাকা, একটি বাজার ব্যবস্থাপনা কমিটির অফিস ও প্রশিক্ষণকক্ষ রয়েছে।নাটোর প্রতিনিধি জানান, নাটোরের তেবাড়িয়া সরকারি কৃষি বিপণনকেন্দ্র তিন বছর ধরে বন্ধ। জেলা কৃষি বিপণন কার্যালয় সূত্রে জানা যায়, উত্তর-পশ্চিম শস্য বহুমুখীকরণ প্রকল্পের (এনসিডিপি) আওতায় ৬৭ লাখ টাকা ব্যয়ে ২০০৭ সালে তেবাড়িয়া হাটে পাইকারি বাজারটি নির্মাণ করা হয়।তেবাড়িয়া হাটের সবজি ব্যবসায়ী আবদুল মোতালেব বলেন, বাজারটি সারা বছর তালা দেওয়া থাকে। মাঝেমধ্যে রাজনৈতিক দলের কর্মীরা আড্ডা দেন।নাটোর পৌরসভার মেয়র কাজী শাহ আলম বলেন, বিপণনকেন্দ্র নির্মাণের জায়গা নির্ধারণ করা ঠিক হয়নি। কেন্দ্রটি বাজারের মধ্যে হওয়ায় হাটের দিন ইজারাদাররা ক্রেতা-বিক্রেতাদের কাছ থেকে খাজনা নিতে বাধ্য হন। নাটোর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক এম দেলোয়ার হোসেন বলেন, বাজার পরিচালনার জন্য ৫৬০ জন কৃষি উৎপাদক ও ১৭ হাজার কৃষক নিয়ে বিপণনকারী দল তৈরি করা হয়েছে। কয়েকবার বিপণনকেন্দ্রের জায়গা বরাদ্দের নিলাম ডাকা হলেও কেউ সাড়া দেননি।