বর্ধিত সেমিস্টার ও হল ফি প্রত্যাহার, মানোন্নয়ন পদ্ধতি সংশোধন এবং শিক্ষার্থীদের নানা ধরনের সুযোগ-সুবিধাসহ ১৬ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ক্লাস ও সেমিস্টার পরীক্ষা বর্জন করেছেন বলে জানা গেছে।আজ মঙ্গলবার সকাল থেকেই শিক্ষার্থীরা ক্লাস ও পরীক্ষা বর্জন কর্মসূচি হাতে নিয়েছেন। একই সঙ্গে শিক্ষার্থীরা ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল ও সমাবেশ শেষে উপাচার্যের কাছে স্মারকলিপিও দিয়েছেন।জানা গেছে, আজ সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা ক্যাম্পাসের কাঁঠালচত্বরে এসে জড়ো হন। এরপর তাঁরা ক্যাম্পাসের ভেতরে কাঠের গুঁড়ি ফেলে সড়ক অবরোধ করেন এবং প্রশাসনিক ভবনের সামনে কাঠের গুঁড়িতে আগুন ধরিয়ে দেন। পরে তাঁরা একটি সমাবেশে বক্তব্যও দেন।সমাবেশে শিক্ষার্থীরা বলেন, অবিলম্বে ১৬ দফা দাবি বাস্তবায়িত না হলে ক্লাস ও পরীক্ষা বর্জন অব্যাহত থাকবে। পরে তাঁরা উপাচার্যের দপ্তরে গিয়ে স্মারকলিপি দেন।বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা জানান, আগে দুই সেমিস্টারের ভর্তি ফি ছিল চার হাজার ৫০ টাকা। এখন এক সেমিসস্টারের ফি নির্ধারণ করা হয়েছে চার হাজার ৫০ টাকা। একই সঙ্গে হলে ভর্তি ফি মাসিক ২০০ টাকার স্থলে ৩০ টাকা করতে হবে। এর ওপর শিক্ষার্থীরা আবাসিক হলগুলোতে পর্যাপ্ত সুযোগ-সুবিধা পাচ্ছেন না। রয়েছে নিজস্ব পরিবহন-সংকট। এ অবস্থায় তাঁদের আন্দোলন করা ছাড়া কোনো গতি নেই বলে জানিয়েছেন শিক্ষার্থীরা।তবে সংশ্লিষ্ট একাধিক নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে, লোকপ্রশাসন বিভাগের তৃতীয় বর্ষ দ্বিতীয় সেমিস্টারের শিক্ষার্থী ও ছাত্রলীগের কর্মী মো. ইলিয়াস হোসেন ওরফে সবুজের বিরুদ্ধে যাতে কোনো ধরনের শাস্তিমূলক ব্যবস্থা না নেওয়া হয়, সে জন্যই ছাত্রলীগের একটি অংশের নেতৃত্বে ওই ক্লাস ও পরীক্ষা বর্জন করা হয়। ছাত্রলীগের কর্মী সবুজ গত সোমবার বিকেলে তাঁর বিভাগের এক শিক্ষকের বাসায় গিয়ে নম্বর কম দেওয়ার অভিযোগ এনে হামলা চালান। সেটিকে ধামাচাপা দেওয়ার জন্যই এই কর্মসূচি নেওয়া হতে পারে বলেও জানা গেছে।বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার কামাল উদ্দিন ভূঁইয়া বলেন, ‘হঠাত্ করেই শিক্ষার্থীরা নানা দফা দাবির কথা উল্লেখ করে একটি স্মারকলিপি দিয়েছে।’