১৬ প্লেট ফুচকা খেলেন মম!
চরিত্রের প্রয়োজনে অভিনয়শিল্পীরা কত কিছুই না করেন! সম্প্রতি এরই একটি প্রমাণ দিতে হলো অভিনয়শিল্পী জাকিয়া বারী মমকে। গতকাল রোববার ও আগের দিন শনিবার মম শুটিং করেন এক ঘণ্টার নাটক ‘ফুচকা’র। এ নাটকের শুটিং করতে গিয়েই সারা দিনে একটানা ১৬ প্লেট ফুচকা খেতে হয় মমকে।মম বলেন, ‘আমার সহশিল্পী সজলের জন্য বরাদ্দ ছিল মাত্র তিন প্লেট। আর আমার একার জন্য ১৬ প্লেট। সব মিলিয়ে প্রায় দেড় শর মতো ফুচকা হজম করতে হয়েছে। সারা দিন আর অন্য কোনো কিছুই খেতে পারিনি। বিষয়টি এমন ছিল পান খেয়ে মুখ পোড়ানোর মতো।’মম আরো বলেন, ‘একটানা ফুচকা খাওয়ার কারণে আমার পুরো মুখটাই অন্য রকম হয়ে গেছে। অথচ নাটকের প্রয়োজনে আমাকে হাসিমুখে সংলাপ বলতে হয়েছে। রাতে শুটিং শেষ হওয়ার পর ওষুধ খেতে হয়েছে। এমনকি আজ সোমবারও আমার মুখের অবস্থা খুব একটা ভালো নয়। বলতে পারেন, সারা জীবনের ফুচকা খাওয়ার স্বাদ এক দিনে মিটে গেছে।’এক ঘণ্টার নাটক ‘ফুচকা’ লিখেছেন রুম্মান রশীদ খান। আর পরিচালনা করেছেন নুযহাত আলভী আহমেদ।জানা গেছে, ফুচকা খাওয়ার ছলেই নাটকে মম ও সজলের পরিচয়। সজল যতটা বোকা, মম ততটাই চটপটে। ফুচকা খেতে ভালো না লাগলেও মমর সঙ্গ পাওয়ার জন্য নিয়মিত ফুচকা খান সজল। একটা সময় দুজনের সম্পর্ক গভীর হয়। বিয়ের সিদ্ধান্ত নেন তাঁরা। কিন্তু বিয়ের তিন দিন পরই মমর জীবনের সব কিছু ওলটপালট হয়ে যায়। যে ফুচকার মাধ্যমে দুজনের সম্পর্ক শুরু হয়েছিল, সেই ফুচকার মাধ্যমেই মম-সজলের জীবন অন্যদিকে মোড় নেয়।‘ফুচকা’ নাটকটি ভালোবাসা দিবসে যেকোনো একটি স্যাটেলাইট চ্যানেলে দেখানো হবে।