১৬ বছর কেটে গেল...
দিনাজপুর জেলার বিরল উপজেলার ৯ নম্বর মঙ্গলপুর ইউনিয়নের বালাপুকুর গ্রামের প্রান্তিক চাষি শান্তি (৫০)। তাঁর উচ্চরক্তচাপ, মাঝেমধ্যেই মাথা ঘোরে। ৩ আগস্ট সকাল সাড়ে ১০টায় এসেছিলেন দিনাজপুর জেনারেল হাসপাতালে। বহির্বিভাগ থেকে তাঁকে বলা হয়েছে, ‘আপনি যে রোগে ভুগছেন, সে রোগের কোনো ডাক্তার নেই হাসপাতালে।’ কথা বলতে গিয়ে পরিচয় জেনে কৃষক শান্তি বলেন, ‘তোমরা একনা ভালো করি নেখেন তো। সরকার হাসপিতালটাত যুদি ডাক্তার আসিবার ব্যবস্থা করে, ভালো হতো।’ওই দাবি কেবল কৃষক শান্তির নয়। দিনাজপুরের সব মানুষের। আড়াই শ শয্যার দিনাজপুর জেনারেল হাসপাতাল সূত্রে জানা গেছে, কোনো প্রকার জনবল না বাড়িয়ে ১৯৯৮ সালে এটিকে ১০০ থেকে ২৫০ শয্যায় উন্নীত করা হয়। ১৬ বছর ধরে এ হাসপাতালেই কাজ চলেছে দিনাজপুর মেডিকেল কলেজের। নতুন ভবন নির্মাণ শেষ হওয়ায় গত এপ্রিল মাসে শিফট্ হয়ে যায় দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতাল। ফলে মুখ থুবড়ে পড়ে হাসপাতালটির চিকিৎসাসেবা। সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে, ১০০ শয্যার হাসপাতাল হিসেবে ধরলেও ৩৪ জন কনসালট্যান্ট থাকার কথা। কিন্তু সেখানে ২১টি পদই খালি। সার্জারি, মেডিসিন, হূদরোগ ও চক্ষু বিভাগ পুরোপুরি বন্ধ। ১৩ বছর ধরে ১০০ শয্যার জনবল দিয়ে খুঁড়িয়ে খুঁড়িয়ে চলছে আড়াই শ শয্যার কাজ। হাসপাতালের আবাসিক সার্জন এ টি এম জিল্লুর রহমান বলেন, জরুরি চিকিৎসার জন্যই রোগীরা হাসপাতালে আসেন। কিন্তু কনসালট্যান্ট পর্যায়ে চিকিৎসক না থাকায় এখানে কোনো জরুরি চিকিৎসা দেওয়া সম্ভব হয় না। ৩ আগস্ট সরেজমিনে দেখা যায়, মাত্র তিন মাস আগেও হাসপাতালটিতে রোগীসহ অন্যান্য মানুষের ভিড়ে চলা দায় ছিল। বিছানা ছাড়িয়ে প্রতিটি ওয়ার্ডের মেঝে, বারান্দা এমনকি প্রতিটি করিডরে রোগীরা ছড়িয়ে থাকত। কিন্তু এদিন সুনসান নীরব যেন হাসপাতালটি।রোগীদের টিকিট কাটতে থাকা চতুর্থ শ্রেণীর কর্মচারী মো. শামসুজ্জোহা জানান, তিন মাস আগেও পুরুষ ও মহিলা দুটি বিভাগে কমপক্ষে ৫০০ রোগী থাকত। কিন্তু বর্তমানে ২০০ রোগীও হয় না। কারণ জানতে চাইলে উত্তর দেন, ‘ডাক্তার নাই। রোগী কার কাছে আসবে?’ এদিকে খোঁজ নিয়ে দেখা গেছে, হাসপাতালটিতে নিতান্ত বাধ্য না হলে কেউ চিকিৎসা নিতে আসে না। কাঞ্চন কলোনি বস্তি এলাকার বাসিন্দা মরিয়ম (৩০)। তিনি পেশায় হকার। শিশুসন্তান ময়নার প্রচণ্ড কাশি। তাকে নিয়ে এসেছেন হাসপাতালে। মরিয়মের দাবি, ‘আমি গরিব মানুষ। বাড়ির কাছত এত বড় হাসপাতাল থাকতি টাকা খরচ করি আমি কেনে যাব দূরে।’হাসপাতালের মহিলা শৈল্য বিভাগে বিছানায় বসে আছেন বিরল উপজেলার মোসলেমা খাতুন (৬০)। তিন দিন হলো পেটে টিউমারের অস্ত্রোপচার হয়েছে। সঙ্গে আছেন মেয়ে খায়রুন্নেছা। খায়রুন্নেছা বলেন, ‘যেই ডাক্তারটা মায়ের অপারেশন কইছে, ওঁয় দিনে একবার আইসে। আর কুনো দরকার হইলে ছোট ডাক্তাররা আছে, ওঁরাই দেখে।’হাসপাতালটির সার্জারি বিভাগের চিকিৎসা কর্মকর্তা মোবারক হোসেন বলেন, ডাক্তারের কাছেই তো রোগীরা আসে। হাসপাতালে ডাক্তার না থেকে বড় বড় বিল্ডিং থেকে কী হবে? চিকিৎসকের অভাবে বর্তমানে এখানে কোনো জরুরি রোগী ভর্তি করা সম্ভব হচ্ছে না।দিনাজপুর পৌরসভার মেয়র শফিকুল হক বলেন, হাসপাতালটি পৌরসভার পাশেই। স্বল্প খরচে আর সময়ে হাসপাতালটিতে পৌঁছা যায়। বিশেষ করে নিম্ন আয়ের মানুষের কথা বিবেচনা করে সরকারের উচিত এখানে প্রয়োজনীয় জনবল দেওয়া। সিভিল সার্জন মো. আব্দুল করিম বলেন, ‘প্রায় ১৬ বছর ধরে হাসপাতালটিতে ২১ জন চিকিৎসকের পদ খালি পড়ে আছে। এ অবস্থায় দিনাজপুরের মানুষের চিকিৎসাসেবার কথা বিবেচনা করে প্রয়োজনীয় জনবল চেয়ে ১৯ জুলাই স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকের কাছে চিঠি দিয়েছি।’