১৬-১৭ নভেম্বর বিক্ষোভ সমাবেশ করবে বিএনপি
জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে বিএনপি ১৬-১৭ নভেম্বর সারা দেশে বিক্ষোভ সমাবেশ করবে। গতকাল রোববার রাতে দলের জাতীয় স্থায়ী কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত হয়েছে।বৈঠক শেষে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ কথা জানান। তিনি জানান, বৈঠকের অন্যান্য সিদ্ধান্ত আজ সোমবার সংবাদ সম্মেলনের মাধ্যমে জানানো হবে।বৈঠকে সভাপতিত্ব করেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে রাত আটটা থেকে ১১টা পর্যন্ত বৈঠক চলে।সভা সূত্রে জানা গেছে, বৈঠকে দেশের সর্বশেষ রাজনৈতিক পরিস্থিতি, জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি, কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচন, যুদ্ধাপরাধীদের বিচার, জাতিসংঘ মহাসচিব বান কি মুনের সঙ্গে সোমবার সন্ধ্যায় খালেদা জিয়ার বৈঠকের বক্তব্যের বিষয় নিয়ে আলোচনা হয়েছে।স্থায়ী কমিটির ১৯ সদস্যের মধ্যে ১৬ জন বৈঠকে উপস্থিত ছিলেন। অপর তিনজন—সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরী কারাবন্দী, সারোয়ারী রহমান অসুস্থ এবং তারেক রহমান লন্ডনে চিকিৎসাধীন।