১৬০ কোটি টাকার আরও দুটি জাহাজ রপ্তানি হচ্ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জার্মানির গ্রোনা শিপিং কোম্পানির কাছে আরও দুটি সমুদ্রগামী জাহাজ রপ্তানি করছে চট্টগ্রামের ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড। প্রায় ১৬০ কোটি টাকা মূল্যের এই দুটি জাহাজ কাল বৃহস্পতিবার চট্টগ্রামের ড্রাইডক জেটিতে আমদানিকারকের কাছে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হবে।জার্মানির কোম্পানিটির কাছে প্রায় ৯৬০ কোটি টাকা মূল্যের মোট ১২টি জাহাজ রপ্তানির চুক্তি করেছিল ওয়েস্টার্ন মেরিন। সেই চুক্তি অনুযায়ী ‘ইএমএস লেক’ ও ‘ইএমএস ডলার্ট’ নামের এই দুটি জাহাজ রপ্তানি হচ্ছে। এর আগে গত বছরের ২৬ নভেম্বর একই মূল্যের আরও দুটি জাহাজ রপ্তানি করেছে দেশীয় এ প্রতিষ্ঠানটি।আজ বুধবার নগরের একটি হোটেলে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ডের ব্যবস্থাপনা পরিচালক মো. সাখাওয়াত হোসেন। এ সময় কোম্পানির পরিচালক মো. আবদুল মবিন এবং মো. আরিফুজ্জামান উপস্থিত ছিলেন।সংবাদ সম্মেলনে জানানো হয়, এই দুটি জাহাজ নির্মাণে দেশি প্রকৌশলীদের অবদান বেশি। আগের দুটি জাহাজে ৩৯ জন বিদেশি বিশেষজ্ঞ কাজ করেছিলেন। এবার দুটি জাহাজে মাত্র ১৫ জন বিদেশি বিশেষজ্ঞ কাজ করেছে। দেশীয় ২৫০ জন প্রকৌশলী এবং সাড়ে তিন হাজার শ্রমিক এই প্রতিষ্ঠানে জাহাজ নির্মাণের কাজ করছেন। এই দুটি জাহাজে তিন হাজার টন লোহা ব্যবহূত হয়েছে। প্রায় ২২ কিলোমিটার মেরিন ক্যাবল এবং মরিচা প্রতিরোধ ও সৌন্দর্যবর্ধনের জন্য ব্যবহার করা হয়েছে ২৪ হাজার লিটার রং। প্রায় ১০০ মিটার লম্বা এই জাহাজে পণ্যের ধারণক্ষমতা পাঁচ হাজার ২০০ টন।