১৬০ দিনে দুটি ফসল কৃষকেরা খুশি
মাত্র ১৬০ দিনে দুটি দেশি জাতের লাভজনক ফসল গম ও মুগডাল চাষের পদ্ধতি শেখায় ভোলার কৃষকেরা দারুণ খুশি। যে জমিতে বোরো আবাদ করার সুবিধা নেই, সে জমিতে ১০৫ দিনে গমের আবাদ ও তার পরপরই ৫৫ দিনে মুগডাল চাষের প্রসার ঘটানোর জন্য ভোলায় কাজ করছে কৃষি গবেষণা ইনস্টিটিউটের গম গবেষণাকেন্দ্র ও অস্ট্রেলিয়ান সেন্টার ফর ইন্টারন্যাশনাল এগ্রিকালচার রিসার্স এসিআইএআর। এ গমবীজ ও মুগবীজ উদ্ভাবন করেছে কৃষি গবেষণা ইনস্টিটিউট। ভোলার দৌলতখান উপজেলার দক্ষিণ জয়নগর ইউনিয়নের নয়াহাওলা গ্রামের কৃষক সেলিনা আক্তার (৪২), জয়নাল আবেদীন (৩৬), কাঞ্চন হাওলাদার (৪৩), ইউসুফ আলী (৫৬), মো. বাশার, আফসার উদ্দিন ও নাজিম উদ্দিন জানান, এই ব্লকে প্রায় ৫৩০ হেক্টর জমিতে সেচসুবিধা না থাকায় কৃষকেরা বোরো আবাদ করতে পারছে না। এ বছর ওই এলাকায় কৃষি বিভাগ ও এসিআইএআরের সহায়তায় ১০ জন কৃষক ৩৩০ শতাংশ জমিতে গম ও মুগ চাষের প্রদর্শনী খেত করেছে। প্রথম ভাগে ২৩ নভেম্বর তারা খেতে গমবীজ বপন করেছে। এখন খেতের গম পেকে এসেছে। বোরহানউদ্দিন উপজেলার কুতুবা ইউনিয়নের লক্ষ্মীপুর ব্লকের উপসহকারী কৃষি কর্মকর্তা সজীব কর্মকার জানান, তার ব্লকে ৫৯৬ হেক্টর জমির মধ্যে মাত্র ৭৫ হেক্টরে বোরো আবাদ হয়েছে। কাঞ্চন ও শতাব্দী জাত মিলিয়ে ৪৫ হেক্টরে গমচাষ হয়েছে। এ অবস্থায় পুরো জমিতে গমচাষ করা সম্ভব। কারণ, গম চাষে সেচ লাগলেও তা মাত্র দুইবার। এ পানি পুকুর ও গভীর নলকূপ থেকে উত্তোলন করা সম্ভব। ওই ব্লকের কৃষক মো. মোজাম্মেল ও মো. হানিফ জানান, তারা ২৫ শতাংশ জমি চাষ করেছেন। এতে যে ফলন হবে তা বীজ হিসেবে সংরক্ষণ করা এবং আগামী বছর এ বীজ বপন করা হবে।গত ২২ ফেব্রুয়ারি গম গবেষণাকেন্দ্রের সাবেক বৈজ্ঞানিক কর্মকর্তা ও অস্ট্রেলিয়ান সেন্টার ফর ইন্টারন্যাশনাল এগ্রিকালচার রিসার্সের কনসালটেন্ট (গম) মো. সাইফুজ্জামানের নেতৃত্বে অস্ট্রেলিয়ার একটি দল ভোলার গম খেত পরিদর্শন করে। ওই দলে ছিলেন দিনাজপুর গম গবেষণাকেন্দ্রের পরিচালক মো. সিরাজুল ইসলাম, গাজীপুর কৃষি গবেষণা ইনস্টিটিউটের সাবেক মহা-পরিচালক এম এ রাজ্জাক, গম গবেষণাকেন্দ্রের সাবেক পরিচালক এ বি সাখওয়াত হোসেন, পিটার কারবেরি, নীলডাল গিনিস, রবার্ট ফ্রিবেম, পেরিপল্টন, রেবেকা রাইট ও জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক আফসার আলী খান প্রমুখ। গম গবেষণাকেন্দ্রের সাবেক বৈজ্ঞানিক কর্মকর্তা ও অস্ট্রেলিয়ান সেন্টার ফর ইন্টারন্যাশনাল এগ্রিকালচার রিসার্সের কনসালটেন্ট (গম) মো. সাইফুজ্জামান প্রথম আলোকে বলেন, ‘তিন বছর ধরে তারা সরকারের সঙ্গে যৌথভাবে উপকূলীয় অঞ্চলের ছয়টি জেলায় গম চাষের বিস্তারের জন্য গম চাষের ওপর গবেষণা চালাছেন। পরীক্ষা-নিরীক্ষায় প্রমানিত হয়েছে, ভোলার মাটি গম চাষের জন্য খুবই উপযোগী। এখানে বাংলাদেশ গম গবেষণাকেন্দ্র উদ্ভাবিত (দেশি) সৌরভ, শতাব্দী, প্রদীপ, বিজয় ও সুফি জাতের চাষ করলে হেক্টরে সাড়ে তিন থেকে চার মেট্রিক টন ফলন হবে। এতে হেক্টরে উৎপাদন খরচ হবে ২৫ থেকে ২৭ হাজার টাকা। এজাতগুলো লবণ সহিষ্ণু। গম কাটা হলে জমিতে একটি চাষ দিয়ে বিআর-৬ জাতের মুগডাল বুনে দিতে হয়। কোনো সার দিতে হবে না। শুধু বীজ অঙ্কুরিত হওয়ার ২০ দিনের মাথায় একটি সেচ দিতে হবে। বৃষ্টি হলে দরকার নেই। তবে রোগবালাই দমনে সাবধান থাকতে হবে। তাতে ৫৫ দিনের মাথায় ফসল কাটা যাবে। এতে ফলন আসবে হেক্টরে এক হাজার ৮০০ থেকে দুই হাজার কেজি।’ জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক আফসার আলী খান বলেন, ‘বাকি জমিতে অনায়াশেই ১৬০ দিনের মধ্যে গম ও বিআর-৬ মুগচাষ করা সম্ভব। এ জন্য কৃষকদের অবশ্যই নভেম্বরের ১৫ তারিখের মধ্যে আমন কেটে ফেলতে হবে। সে ক্ষেত্রে কৃষকদের আরও সচেতন হয়ে দিনক্ষণ মেনে চাষাবাদে নামতে হবে।’