রাজধানী ঢাকাসহ তিন জেলার ভূমিকম্প-পরবর্তী উদ্ধার তৎপরতার জন্য ১৬৪ কোটি টাকার সরঞ্জাম কেনার উদ্যোগ নিয়েছে খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়। দু-এক দিনের মধ্যে এ প্রস্তাব পরিকল্পনা কমিশনে পাঠানো হবে। একই সঙ্গে ভূমিকম্প-পরবর্তী দুর্যোগ মোকাবিলা এবং সচেতনতা বাড়াতে একটি নীতিমালা করার উদ্যোগ নিয়েছে মন্ত্রণালয়।এদিকে ভূমিকম্পের সময় ঝুঁকি এড়াতে রাজউককে দ্রুত ঝুঁকিপূর্ণ ভবনগুলো ভেঙে ফেলাসহ তিন দফা নির্দেশনা দেওয়া হয়েছে। সম্প্রতি দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় থেকে দেওয়া এক সার্কুলারে রাজউককে এ কথা জানানো হয়েছে।দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় সূত্র জানায়, সম্প্রতি বেশ কয়েকবার মাঝারি মাত্রার ভূমিকম্প অনুভূত হওয়ায় ‘আকস্মিক দুর্যোগ মোকাবিলা পরিকল্পনা’ কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। আগে দুর্যোগসংক্রান্ত জরুরি বার্তায় (এসওডি) ভূমিকম্পের বিষয়টি রাখা ছিল না। বর্তমানে এটি যুক্ত করা হয়েছে। এ ছাড়া ভূমিকম্প-পরবর্তী দুর্যোগ মোকাবিলায় দেশের ৬২ হাজার স্বেচ্ছাসেবককে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। উদ্ধারের সময় জনগণের পাশে থেকে স্বেচ্ছাসেবকেরা যাতে সহায়তা করতে পারেন, সে জন্য তাঁদের মধ্যে হালকা উদ্ধার-সরঞ্জাম বিতরণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।জানা গেছে, গত মাসে ৫৯ কোটি টাকার উদ্ধার-সরঞ্জাম কিনেছে দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়। এরই মধ্যে এসব সরঞ্জামের বেশির ভাগ ফায়ার সার্ভিসকে দেওয়া হয়েছে। বাকি সরঞ্জাম প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী মাসে ফায়ার সার্ভিসের কর্মকর্তাদের হাতে তুলে দেবেন।জানতে চাইলে দুর্যোগ ব্যবস্থাপনাসচিব মোখলেছুর রহমান গতকাল প্রথম আলোকে বলেন, বাংলাদেশে ভূমিকম্পের ঝুঁকি রয়েছে। ১৯৮৭ সালের পর দেশে বড় ধরনের কোনো ভূমিকম্প হয়নি। যে কারণে এত দিন বিষয়টিকে গুরুত্ব দেয়নি মন্ত্রণালয়।সচিব বলেন, ‘ভূমিকম্প-পরবর্তী উদ্ধার তৎপরতা চালাতে আমাদের প্রস্তুতি রয়েছে। কিন্তু ভূমিকম্প নয়, দুর্বল স্থাপনাই বড় সমস্যা তৈরি করবে। সে কারণে ভূমিকম্প-পরিস্থিতি মোকাবিলায় রাজউককে উদ্যোগ নিতে হবে। তাদের এ ব্যাপারে নির্দেশনা দেওয়া হয়েছে।’মন্ত্রণালয় সূত্র জানায়, ভরাট করা জমিতে বিল্ডিং কোড না মেনে বাড়িঘর তৈরি করায় বড় ভূমিকম্পের সময় এগুলোই হবে ঢাকায় ধ্বংসযজ্ঞের প্রধান কারণ। এ ব্যাপারে মানুষ এখনো সচেতন নয়। এ কারণে দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় রাজউককে ঝুঁকিপূর্ণ ভবনগুলো ভেঙে ফেলার নির্দেশ দিয়েছে এবং একই সঙ্গে যেসব ভবন পুরোপুরি ঝুঁকিপূর্ণ নয়, সেগুলোকে আরও শক্তিশালী করার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি রাজউক নতুনভাবে যেসব ভবন নির্মাণের অনুমতি দেবে, সেসব ভবন অবশ্যই নতুন ইমারত বিধিমালা আইন অনুসারে এবং ৭ মাত্রার ভূমিকম্প প্রতিরোধযোগ্য হতে হবে।রাজউকের চেয়ারম্যান নূরুল হুদা প্রথম আলোকে বলেন, ‘দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের সার্কুলার পেয়েছি। আমরা ঝুঁকিপূর্ণ ভবনগুলোর তালিকা করছি। যদিও সিটি করপোরেশন আইন ২০০৮ অনুযায়ী এ বিষয়ে সিটি করপোরেশনেরই পদক্ষেপ নেওয়ার কথা। দ্বিতীয়ত, অর্ধেক ঝুঁকিপূর্ণ ভবনগুলো শক্তিশালী করার দায়িত্ব রাজউকের নয়, বর্তমানে যারা এসব ভবন ব্যবহার করছে, তাদের।’ তিনি আরও বলেন, ‘ইমারত বিধিমালা অনুযায়ী যেকোনো ভবন অবশ্যই রিখটার স্কেলে ৭ মাত্রা পর্যন্ত ভূমিকম্প প্রতিরোধযোগ্য হতে হবে। আমরা এরই মধ্যে এ আইন মেনেই ভবন নির্মাণের অনুমতি দিচ্ছি।’মন্ত্রণালয় সূত্র জানায়, ভূমিকম্প-পরবর্তী দুর্যোগ মোকাবিলার বিষয়টি জাতীয় পরিকল্পনায় অন্তর্ভুক্ত করেছে দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়। এ ছাড়া মানুষের মধ্যে সচেতনতা বাড়াতে প্রচারপত্র বিলি, গণমাধ্যম ও টেলিভিশনে প্রচারণার কার্যক্রম হাতে নিয়েছে। আকস্মিক এ দুর্যোগ মোকাবিলায় পূর্ত, স্বাস্থ্য, স্থানীয় সরকার, জ্বালানি ও বিদ্যুৎসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে বিভিন্ন সেবা দেওয়ার জন্য প্রস্তুত থাকতে বলা হয়েছে। ভূমিকম্প হওয়ার সঙ্গে সঙ্গে কে কোন এলাকায় যাবে, সে প্রস্তুতি নিতেও সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়েছে। এ ছাড়া বড় ধরনের এ দুর্যোগের পর আহত ব্যক্তিরা যাতে নিশ্চিতভাবে স্বাস্থ্যসেবা পায়, সে ব্যাপারে সংশ্লিষ্টদের প্রস্তুত থাকতে বলা হয়েছে।প্রসঙ্গত, বাংলাদেশকে ঘিরে এ বছর এখন পর্যন্ত সংঘটিত ১৯টি ভূমিকম্প নথিভুক্ত (রেকর্ড) করা হয়েছে, যার মধ্যে দুটি ছাড়া সব কটিই রিখটার স্কেলে ৪ থেকে ৫ দশমিক ৪ মাত্রার। অন্য দুটি ৪ মাত্রার নিচে। এই ১৯টির মধ্যে চারটির উৎপত্তিস্থল (এপি সেন্টার) দেশের অভ্যন্তরে। বাকিগুলোর উৎপত্তিস্থল বাংলাদেশ-মিয়ানমার ও বাংলাদেশ-ভারত সীমান্তবর্তী এলাকায়। দেশের অভ্যন্তরের চারটি ভূমিকম্পের মধ্যে একটির উৎপত্তিস্থল ছিল ময়মনসিংহের ফুলপুরে এবং অন্য তিনটির চাঁদপুর এলাকায়। এগুলোকেই বেশি বিপজ্জনক বলে মনে করছেন বিশেষজ্ঞরা।