১৬৪ ধারায় জবানবন্দি দিলেন র‌্যাবের সোর্স দিদার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের আনোয়ারা উপজেলার তালসরা দরগাহ থেকে দুই কোটি টাকা লুটের ঘটনায় দিদার-উল ইসলাম নামে র‌্যাবের একজন সোর্স ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন। আজ রোববার সকালে চট্টগ্রামের বিচারিক হাকিম মাসুদ পারভেজ তাঁর জবানবন্দি নেন।আদালত সূত্র জানায়, দিদার-উল ইসলামও এই মামলার আসামি। জবানবন্দিতে তিনি তালসরা দরগায় র‌্যাবের অভিযান থেকে শুরু করে দুই কোটি টাকা লুটের ঘটনার বিস্তারিত বর্ণনা দেন। আদালত সূত্র জানায়, সোর্স দিদার র‌্যাব-৭-এর তত্কালীন অধিনায়ক লে. কর্নেল জুলফিকার আলী মজুমদার, ফ্লাইট লেফটেন্যান্ট শেখ মাহমুদুল হাসান, এসআই তরুণ কুমার বসুসহ কয়েকজনকে জড়িয়ে বক্তব্য দেন। পরে বিচারিক হাকিম দিদারকে কারাগারে পাঠানোর আদেশ দেন।গত বছরের ৪ নভেম্বর আনোয়ারার তালসরা দরগায় অভিযানের কথা বলে দুই কোটি সাত হাজার টাকা লুটে নেন র‌্যাবের কর্মকর্তারা। র‌্যাবের নিজস্ব তদন্তে এর সত্যতা মেলে। এরপর সংশ্লিষ্ট ব্যক্তিদের নিজ নিজ বাহিনীতে ফেরত পাঠানো হয়। এই ডাকাতির নেতৃত্ব দেন লে. কর্নেল জুলফিকার আলী মজুমদার। এ ঘটনায় ১৩ মার্চ ১২ জনকে আসামি করে আনোয়ারা থানায় একটি ডাকাতির মামলা হয়।