নরসিংদী পৌরসভার মেয়র লোকমান হোসেন হত্যা মামলায় গ্রেপ্তার হওয়া মোটর-সাইকেল গ্যারেজের মালিক হাজি সেলিম গতকাল বুধবার ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন।দুপুরে জেলার জ্যেষ্ঠ বিচারিক হাকিম শাহিবুল ইসলাম সন্দেহভাজন আসামি সেলিমের লিখিত জবানবন্দি গ্রহণ করে তাঁকে নরসিংদী জেলা কারাগারে পাঠাতে বলেন। পরে তাঁকে জেলহাজতে পাঠানো হয়।নরসিংদী গোয়েন্দা পুলিশ (ডিবি) সূত্র জানায়, লোকমান হত্যাকাণ্ডের ঘটনাস্থল থেকে উদ্ধার করা মোটরসাইকেলের সূত্র ধরে সেলিমকে গাজীপুরের টঙ্গী এলাকা থেকে ৮ নভেম্বর গ্রেপ্তার করে পুলিশ। তবে ডিবি পুলিশ তাঁকে ১২ নভেম্বর গ্রেপ্তার দেখিয়ে পরদিন আদালতে হাজির করে। পরে তাঁকে প্রথম দফায় চার দিন, দ্বিতীয় দফায় চার দিন ও তৃতীয় দফায় তিন দিন রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করে পুলিশ। গতকাল তৃতীয় দফায় জিজ্ঞাসাবাদ শেষে ১৬৪ ধারায় লিখিত স্বীকারোক্তির জন্য আদালতে পাঠানো হয়।জ্যেষ্ঠ বিচারিক হাকিম শাহিবুল ইসলামের কাছে সেলিম কী স্বীকারোক্তি দিয়েছেন, তার সঠিক তথ্য পাওয়া যায়নি।সেলিম লোকমান হত্যা মামলার এজাহারভুক্ত আসামি মোবারক হোসেন ওরফে মোবার ভাইয়ের মেয়ের স্বামী। তিনি লোকমান হত্যাকাণ্ডে ব্যবহূত মোটরসাইকেলের মালিক। হত্যাকাণ্ডের সঙ্গে সম্পৃক্ততা পাওয়ায় সন্দেহভাজন আসামি হিসেবে তাঁকে গ্রেপ্তার করে পুলিশ।এদিকে রিমান্ডে থাকা অন্য আসামিদের কাছ থেকে তেমন কোনো তথ্য বের করতে পারেনি পুলিশ। সন্দেহভাজন আসামি কাজী মাসুদুর রহমান ওরফে টিপনকে প্রথম দফায় আট দিনের রিমান্ড শেষে গত মঙ্গলবার দ্বিতীয় দফায় রিমান্ডে নিয়েছে পুলিশ। প্রথম দফায় তাঁর কাছ থেকে পাওয়া তথ্য যাচাই করছে পুলিশ।যোগাযোগ করা হলে নরসিংদীর পুলিশ সুপার খন্দকার মহিদ উদ্দিন বলেন, ‘হাজি সেলিমকে তৃতীয় দফার রিমান্ড শেষে আদালতে সোপর্দ করা হয়েছে। বাকিদের রিমান্ডে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। হত্যাকাণ্ডে সম্পৃক্ত বিভিন্ন আলামত উদ্ধার করতে পেরেছি। এখানে যাদের নাম এসেছে, তাদের গ্রেপ্তারের জন্য আমরা প্রতিনিয়ত অভিযান চালাচ্ছি।’আসামি মোন্তাজের নাম প্রত্যাহারের দাবি: লোকমান হত্যা মামলার এজাহারভুক্ত চার নম্বর আসামি ও নরসিংদী শহর আওয়ামী লীগের সভাপতি মোন্তাজ উদ্দিন ভূঁইয়ার পরিবার গতকাল সংবাদ সম্মেলন করে মামলা থেকে তাঁর নাম প্রত্যাহারের দাবি জানিয়েছে। গতকাল দুপুরে নরসিংদী পৌর শহরের দত্তপাড়া এলাকায় নিজ বাড়িতে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পড়েন মোন্তাজের বড় ভাই জেলা আওয়ামী লীগের সদস্য মোস্তাক আহাম্মেদ ভূঁইয়া। পুলিশের ভাষ্যমতে, মোন্তাজ বর্তমানে পলাতক।সংবাদ সম্মেলনে মোস্তাক বলেন, ‘আমার ভাই মোন্তাজের হাত ধরে লোকমান রাজনৈতিক জীবনে প্রবেশ করেন। লোকমানের সঙ্গে মোন্তাজের সুসম্পর্ক ছিল। আমি নিশ্চিত করে বলতে পারি, একটি কুচক্রী মহল মোন্তাজের রাজনৈতিক “ক্যারিয়ার” নষ্ট করতে লোকমানের পরিবারের অসহায়ত্বের সুযোগ নিয়ে তাদের ভুল বুঝিয়ে ষড়যন্ত্রমূলকভাবে আসামি করা হয়েছে।’সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল মতিন ভূঁইয়া, যুগ্ম সাধারণ সম্পাদক হাবিবুর রহমান, সাংগঠনিক সম্পাদক নাসিরুল হক, জেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক আসাদুজ্জামান ভূঁইয়া প্রমুখ।