১৬৬ কি.মি. পথ টহলের জন্য হাইওয়ে পুলিশের একটি গাড়ি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশে মহাসড়ক আছে প্রায় ১২ হাজার কিলোমিটার। দীর্ঘ এই পথের নিরাপত্তায় টহলের জন্য হাইওয়ে পুলিশের গাড়ি আছে ৭২টি। অর্থাৎ, প্রায় ১৬৬ কিলোমিটার মহাসড়ক টহলের জন্য আছে একটি গাড়ি। আর হাইওয়ে পুলিশের সদস্য আছেন দুই হাজার ১৯২ জন।হাইওয়ে পুলিশের ২৮টি থানা থাকলেও মহাসড়কে ছিনতাই, ডাকাতিসহ অন্যান্য অপরাধের ঘটনায় এগুলোতে মামলা লিপিবদ্ধ বা তদন্ত করার ক্ষমতা নেই। এ অবস্থায় হাইওয়ে পুলিশেরই কোনো কোনো কর্মকর্তার মতে, এই বাহিনী আসলে ঢাল-তলোয়ারহীন।অথচ মহাসড়কে যানজট নিরসন, নিরাপত্তা বিধান ও অপরাধ পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য ২০০৫ সালে হাইওয়ে পুলিশ গঠিত হয়। ২০০৯ সালে তৈরি বিধিমালায় হাইওয়ে থানায় মামলা লিপিবদ্ধ করার ও অপরাধ তদন্তের বিষয়টি উল্লেখ নেই। দুর্ঘটনা ছাড়া মহাসড়কে সংঘটিত অপরাধের ঘটনায় মামলা হয় জেলার থানায়। ফলে মহাসড়কে অপরাধের পরিসংখ্যানও হাইওয়ে থানায় থাকে না।পুলিশের হাইওয়ে রেঞ্জ সূত্র জানায়, হাইওয়ে রেঞ্জের প্রধান হলেন উপমহাপরিদর্শক (ডিআইজি) পর্যায়ের একজন কর্মকর্তা। তাঁর অধীনে আছেন একজন অতিরিক্ত ডিআইজি, পাঁচজন পুলিশ সুপার, ১০ জন অতিরিক্ত পুলিশ সুপার, ১৫ জন সহকারী পুলিশ সুপার ও ৩২ জন পুলিশ পরিদর্শক। অন্যরা উপপরিদর্শক (এসআই) ও কনস্টেবল। এই রেঞ্জে ২৮টি থানার পাশাপাশি আছে ৪২টি ফাঁড়ি। ৭২টি গাড়ি, দুর্ঘটনা কিংবা সহিংসতাকবলিত যানবাহন সরাতে আটটি রেকার এবং আক্রান্তদের সেবা দিতে রয়েছে দুটি অ্যাম্বুলেন্স।পরিসংখ্যান অনুযায়ী, গত বছর মহাসড়কে পণ্যবাহী যান ডাকাতি-ছিনতাইয়ের ঘটনায় মামলা হয়েছে ২৭টি। তবে এমন ঘটনার প্রকৃত সংখ্যা আরও বেশি। একটি হাইওয়ে থানা-ফাঁড়ি থেকে আরেকটি হাইওয়ে থানা-ফাঁড়ির দূরত্ব ৫০ কিলোমিটার। এক প্রান্তে টহলে গেলে আরেক প্রান্ত থাকে ফাঁকা। ফলে অপরাধ নিয়ন্ত্রণে যথাযথ টহল দিতে পারে না হাইওয়ে পুলিশ। অপর্যাপ্ত জনবলের পাশাপাশি আছে যোগাযোগব্যবস্থার দুর্বলতা।হাইওয়ে পুলিশের কর্মকর্তারা জানান, এসব কারণে মহাসড়কে ডাকাতি, ছিনতাই, চাঁদাবাজিসহ অপরাধ নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। রেকার ও অ্যাম্বুলেন্সের সংখ্যাও বাড়াতে হবে। দুর্ঘটনায় আহতদের প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা হাইওয়ে থানা, ফাঁড়ি ও গাড়িতে থাকলে প্রাণহানি কমে আসবে।হাইওয়ে রেঞ্জের প্রধান ডিআইজি মো. আছাদুজ্জামান মিয়া প্রথম আলোকে বলেন, অপর্যাপ্ত জনবল ও নানা সমস্যার মধ্যেও সাধ্যমতো নিরাপত্তা দেওয়ার চেষ্টা করা হচ্ছে। জনবল, যানবাহন ও আনুষঙ্গিক সরঞ্জামসহ সুবিধাদি বাড়ানো গেলে হাইওয়ে পুলিশ মানুষকে কাঙ্ক্ষিত সেবা দিতে পারবে। তিনি বলেন, জনবল, থানা-ফাঁড়িসহ সরঞ্জাম বাড়লে দুই থানার মধ্যে দূরত্ব কমবে, বাড়বে টহল। মহাসড়কের গুরুত্বপূর্ণ স্থান চিহ্নিত করে ক্লোজ সার্কিট ক্যামেরা ও নিয়ন্ত্রণ কক্ষ (কন্ট্রোল রুম) বসিয়ে পুলিশ সুপারের পর্যবেক্ষণ ব্যবস্থা করতে হবে। তাঁদের জবাবদিহির মাধ্যমে অপরাধ নিয়ন্ত্রণ করতে হবে।জানতে চাইলে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) হাসান মাহমুদ খন্দকার হাইওয়ে পুলিশের সীমাবদ্ধতা ও সংকটের বিষয়টি স্বীকার করেন। তিনি প্রথম আলোকে বলেন, জনবল বৃদ্ধিসহ আনুষঙ্গিক সমস্যার সমাধান করে খুব শিগগির হাইওয়ে পুলিশে গুণগত পরিবর্তন আনা হবে।