১৬৬২ টাকায় দায়িত্ব পালন!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১৯৯৪ সালে পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারিত হওয়ার পর দীর্ঘদিন অতিবাহিত হলেও ন্যূনতম মজুরি পুনর্বিবেচনা করার কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। শেষ পর্যন্ত মে, ২০০৬ সালের শ্রমিক-বিক্ষোভের পর ন্যূনতম মজুরি পুনর্বিবেচনা করার সিদ্ধান্ত হয়। ওই সময়ে শ্রমিকদের জন্য অধিকাংশ ফেডারেশন ন্যূনতম মজুরি তিন হাজার টাকা দাবি করলেও শেষ মুহূর্তে বিতর্কিত পরিস্থিতিতে ও অজ্ঞাত কারণে তাঁরা তিন হাজার টাকার দাবি থেকে সরে আসেন এবং কার্যত তাঁদের ‘সম্মতি’র ভিত্তিতেই মজুরি বোর্ড এক হাজার ৬৬২ দশমিক ৫০ টাকা ন্যূনতম মজুরি সুপারিশ করে। ওই সুপারিশ সরকার মেনে নিয়ে গেজেট নোটিফিকেশনে ন্যূনতম মজুরি ঘোষণা করে, যা ২২ অক্টোবর ২০০৬ থেকে কার্যকর হয়।১৯৯৪ সালের মতো ২০০৬ সালের ন্যূনতম মজুরিকাঠামোয় শ্রমিকদের সাতটি গ্রেডে পদবিন্যাস ও শ্রেণী-বিভক্ত করে ন্যূনতম মজুরি নির্ধারণ করা হয়। তার মধ্যে গ্রেড-১-এ ন্যূনতম মজুরি পাঁচ হাজার ১৪০, গ্রেড-২-এ ন্যূনতম মজুরি তিন হাজার ৮৪০, গ্রেড-৩-এ ন্যূনতম মজুরি দুই হাজার ৪৪৯, গ্রেড-৪-এ ন্যূনতম মজুরি দুই হাজার ২৫০.১০, গ্রেড-৫-এ ন্যূনতম মজুরি দুই হাজার ৪৬, গ্রেড-৬-এ ন্যূনতম মজুরি এক হাজার ৮৫১ ও গ্রেড-৭-এ ন্যূনতম মজুরি এক হাজার ৬২.৫০ টাকা নির্ধারিত হয়। কিন্তু একজন শ্রমিক কী দক্ষতা বা যোগ্যতা বা অভিজ্ঞতার বা চাকরিকালীন ভিত্তিতে কোন গ্রেডভুক্ত শ্রমিক বলে বিবেচিত হবেন, সে সম্পর্কে কোনো নির্দেশনা গেজেট বিজ্ঞপ্তিতে নেই। ২০০৬ সালের ন্যূনতম মজুরির গেজেট বিশ্লেষণ করলে দেখা যায়, সিনিয়র মেশিন অপারেটর, সেলাই মেশিন অপারেটর, জুনিয়র সেলাই মেশিন অপারেটর ও সাধারণ সেলাই মেশিন অপারেটর যথাক্রমে গ্রেড-৩, গ্রেড-৪, গ্রেড-৫ ও গ্রেড-৬-এ মজুরি প্রাপ্য হবেন। কিন্তু কত বছর চাকরি করলে একজন শ্রমিক সিনিয়র অপারেটর বলে গণ্য হবেন, গেজেটে তার কোনো উল্লেখ না থাকায় একজন শ্রমিকের ১০ বছর চাকরি করার পরও সিনিয়র অপারেটর হিসেবে দাবি করার কোনো সুযোগ নেই। এ ক্ষেত্রে তাঁকে মালিকের মর্জির ওপরই নির্ভর করতে হবে। তা ছাড়া ১৯৯৪ সালের ন্যূনতম মজুরিকাঠামোয় শ্রমিক যে গ্রেডে মজুরি পাচ্ছিলেন, ২০০৬ সালের ন্যূনতম মজুরি কার্যকর হওয়ার পর ওই শ্রমিকের মজুরি একই গ্রেডে নির্ধারিত হবে, এরূপ কোনো নির্দেশনাও ২০০৬ সালের গেজেটে ছিল না।একজন মালিক শুধু গ্রেড-৭ (এক হাজার ৬৬২.৫০ টাকা) বাস্তবায়ন করে খুবই নিরাপদে তাঁর প্রতিষ্ঠানে ন্যূনতম মজুরি বাস্তবায়ন করা হয়েছে বলে দাবি করছেন। পোশাক কারখানার মালিকদের সংগঠন বিজিএমইএ ও বিকেএমইএ গ্রেড-৭-এর বাস্তবায়নের হিসাবে ৯৯ দশমিক ৯৯ শতাংশ ন্যূনতম মজুরি বাস্তবায়ন হয়েছে বলে জোর গলায় দাবি করে যাচ্ছে। কিন্তু গ্রেড-১ থেকে গ্রেড-৬ আদৌ বাস্তবায়ন হয়েছে কি না বা ওই গ্রেডগুলো বাস্তবায়ন করার বিষয়ে আদৌ কোনো কার্যক্রম আছে কি না, সে সম্পর্কে বিজিএমইএ বা বিকেএমইএর বক্তব্য আদৌ শোনা যায়নি।২০০৬ সালের ন্যূনতম মজুরি ২২ অক্টোবর ২০০৬ সালে কার্যকর হওয়া সত্ত্বেও দীর্ঘদিন ধরে অনেক প্রতিষ্ঠানে গ্রেড-৭ বাস্তবায়ন করা হয়নি। তত্ত্বাবধায়ক সরকারের সময়ে বারবার ন্যূনতম মজুরি বাস্তবায়নের ‘তাগিদ’ দেওয়া হয়। কিন্তু ওই মালিকদের বিরুদ্ধে সরকারের পক্ষ থেকে কোনো শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়নি। অবশেষে দীর্ঘ বিলম্বে ওই সব প্রতিষ্ঠানে ন্যূনতম মজুরি বাস্তবায়ন হয়েছে হয়তো, কিন্তু বাস্তবায়ন ভূতাপেক্ষভাবে (Retrospectively) হয়নি। এ ক্ষেত্রেও শ্রমিকদের চরমভাবে ঠকানো হয়েছে। সংগত কারণে বিজিএমইএ বা বিকেএমইএ বা সরকারের এ বিষয়ে কোনো উচ্চবাচ্য নেই। কিন্তু শ্রমিকদের প্রতিধিত্বকারী শ্রমিক সংগঠনগুলো বা এনজিওদের নীরব ভূমিকা খুবই হতাশাজনক।দেশে দ্রব্যমূল্য ও জীবনযাত্রার ব্যয়ের অস্বাভাবিক বৃদ্ধির কারণে ২০০৯ সাল থেকেই মজুরি বৃদ্ধির জন্য পোশাকশ্রমিকেরা দাবি করতে থাকেন। কার্যত মালিকপক্ষের বিরোধিতার কারণে মজুরি বৃদ্ধির জন্য তেমন কোনো কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হচ্ছিল না। অবশেষে মার্চ-এপ্রিল মাসে পোশাকশ্রমিকদের বিক্ষোভ সহিংস আকার ধারণ করতে শুরু করলে সরকার দ্রুত ন্যূনতম মজুরি বোর্ড পুনর্গঠন করে তিন মাসের মধ্যে ন্যূনতম মজুরি সুপারিশ করার জন্য মজুরি বোর্ডকে নির্দেশ দেয়। ২০০৬ সালের মতো এবারও দেখা যায়, শ্রমিকদের দাবি-আন্দোলন ‘শান্তিপূর্ণ’ থাকা পর্যন্ত তাঁদের মজুরি বৃদ্ধির দাবিগুলো আমলে নেয়নি।বাংলাদেশ শ্রম আইন, ২০০৬ অনুসারে মজুরি বোর্ডকে ন্যূনতম মজুরির হার সুপারিশ প্রণয়ন করার সময়ে জীবনযাপন ব্যয়, জীবনযাত্রার মান, উৎপাদন খরচ, উৎপাদনশীলতা, উৎপাদিত দ্রব্যের মূল্য, মুদ্রাস্ফীতি, কাজের ধরন, ঝুঁকি ও মান, ব্যবসায়িক সামর্থ্য দেশের এবং সংশ্লিষ্ট এলাকার আর্থসামাজিক অবস্থা এবং অন্যান্য প্রাসঙ্গিক বিষয় বিবেচনা করে দেখতে হবে। এ অবস্থায় বাংলাদেশ শ্রম আইন, ২০০৬ সালে এরূপ বিধিবিধানের কারণে শ্রমিক সংগঠনগুলোর বাঁচার মতো মজুরির ভিত্তিতে পাঁচ হাজার টাকা ন্যূনতম মজুরি পাওয়ার দাবি বাস্তবায়িত হওয়ার সম্ভাবনা খুবই কম। মজুরি নির্ধারণ বিষয়ে প্রধানত অসন্তোষগুলো সংঘটিত হয় সোয়েটার কারখানায়। এখানে শ্রমিকেরা মূলত পিস রেটে মজুরি পান, যা অন্যান্য (টাইম রেটেড) শ্রমিকদের তুলনায় অনেক বেশি। মনে রাখা দরকার, মজুরি বোর্ড নিশ্চিতভাবে সর্বনিম্ন গ্রেডের জন্য যে ন্যূনতম মজুরি সুপারিশ করবে, অধিকাংশ শ্রমিকই এখন তার চেয়ে বেশি মজুরি পাচ্ছেন। উপরন্তু যেসব শ্রমিক এখন ওপরের গ্রেডগুলোয় মজুরি পাচ্ছেন, নতুন মজুরিকাঠামোয় যদি তাঁদের মজুরি বৃদ্ধির সুস্পষ্ট নির্দেশনা না থাকে, তাহলে ওই সব শ্রমিকের মজুরি বৃদ্ধির জন্য মালিকদের ওপর কোনো বাধ্যবাধকতা থাকবে না। সুতরাং বর্তমানে ১ থেকে ৬ নম্বর গ্রেডে যাঁরা মজুরি পাচ্ছেন, নতুন ন্যূনতম মজুরিতে তাঁদের কীভাবে নির্ধারণ বা বৃদ্ধি পাবে তার সুনির্দিষ্ট বাধ্যতামূলক নির্দেশনা প্রদান করতে হবে। পোশাকশ্রমিকদের মজুরিসংক্রান্ত সমস্যাগুলোর সার্বিক সমাধানের জন্য ‘ন্যূনতম মজুরি’র পরিবর্তে সংবাদপত্রের মতো পোশাক খাতের শ্রমিকদের জন্য ‘পূর্ণাঙ্গ মজুরিকাঠামো’ ঘোষণা ও বাস্তবায়ন করা যেতে পারে। এ ক্ষেত্রে বাংলাদেশ শ্রম আইন, ২০০৬ সালের সংশোধন প্রয়োজন হবে। মালিকপক্ষ অবশ্যই এর বিরোধিতা করবে, সন্দেহ নেই। কিন্তু শিল্পে শ্রমিকদের মজুরিসংক্রান্ত সমস্যার পরিপূর্ণ সমাধানের জন্য সরকারের বিষয়টি গুরুত্বের সঙ্গে ভাবা উচিত বলেই মনে করি।লেখক  প্রোগ্রাম অফিসার, লিগ্যাল অ্যান্ড লেবার স্ট্যান্ডার্ড কমপ্লায়েন্স প্রোগ্রাম, আমেরিকান সেন্টার ফর ইন্টারন্যাশনাল লেবার সলিডারিটি।