১৭ অক্টোবর পর্যন্ত ড্রাইভিং লাইসেন্স না দেওয়ার নির্দেশ
আইন প্রতিপালন ও পরীক্ষা ছাড়া সব ধরনের ড্রাইভিং লাইসেন্স প্রদান থেকে ১৭ অক্টোবর পর্যন্ত বিরত থাকার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে গত পাঁচ বছরে কী প্রক্রিয়ায় কিসের ভিত্তিতে ড্রাইভিং লাইসেন্স দেওয়া হয়েছে তা আগামী ১৭ অক্টোবরের মধ্যে বিআরটিএসহ সংশ্লিষ্টদের জানাতে বলা হয়েছে।আজ বৃহস্পতিবার বিচারপতি মির্জা হোসেইন হায়দার ও বিচারপতি মো. নূরুজ্জামানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ নির্দেশনা চেয়ে করা এক আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন। আবেদনের পক্ষে সারা হোসেন ও ইকবাল কবির লিটন শুনানি করেন। উল্লেখ্য, মানিকগঞ্জের ঘিওরে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন চিত্র নির্মাতা তারেক মাসুদ ও এটিএন নিউজের প্রধান নির্বাহী মিশুক মুনীরের নিহত হওয়ার ঘটনার পরিপ্রেক্ষিতে ১৪ আগস্ট রিট আবেদনটি করা হয়। বাংলাদেশ বার কাউন্সিলের লিগ্যাল এইড অ্যান্ড হিউম্যান রাইটস কমিটি, আইন ও সালিশ কেন্দ্রের (আসক) পক্ষে আইনজীবী অবন্তী নুরুল, বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতির (বেলা) পক্ষে আইনজীবী ইকবাল কবির ও বাংলাদেশ লিগ্যাল এইড অ্যান্ড সার্ভিসেস ট্রাস্ট (ব্ল¬াস্ট) পক্ষে আইনজীবী শাহনাজ বাবলী আবেদনকারীর হয়ে রিটটি করেন। ১৭ আগস্ট আবেদনের ওপর শুনানি নিয়ে আদালত কয়েক দফা নির্দেশনাসহ রুল জারি করেন। এর পরও লাইসেন্স প্রদান নিয়ে চাপের কথা উল্লেখ করে রিট আবেদনকারীদের পক্ষে ২৩ আগস্ট নির্দেশনা চেয়ে আবেদন করা হয়। এর ওপর শুনানি নিয়ে আদালত আজ অন্তর্বর্তীকালীন এ আদেশ দেন।