১৭ আগস্ট থেকে ভারতীয় ভিসার আবেদন অনলাইনে বাধ্যতামূলক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতে যেতে আগ্রহী ভিসা প্রার্থীদের এখন থেকে অনলাইনে আবেদন জমা দেওয়া বাধ্যতামূলক করা হয়েছে। আগামী ১৭ আগষ্ট থেকে ঢাকা, চট্টগ্রাম ও সিলেটের ভারতীয় ভিসা আবেদন কেন্দ্রে (আইভিএসি) অনলাইনে আবেদনপত্র জমা নেওয়া হবে। ঢাকায় ভারতীয় দূতাবাস আজ রোববার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। ভারত ভ্রমণে আগ্রহীদের ভারতীয় ভিসা আবেদন কেন্দ্র (www.ivacbd.com) ও ভারতীয় হাই কমিশনের (www.hcidhaka.org) ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন করতে পারবেন। অনলাইনে আবেদনপত্র জমা দেওয়ার পর তার একটি নমুনা পত্র, পাসপোর্ট ও অন্যান্য প্রয়োজনীয় কাগজপত্রসহ সকাল আটটা থেকে বেলা ১২ টার মধ্যে নির্ধারিত দিনে ভারতীয় ভিসা আবেদন কেন্দ্র জমা দিতে হবে। ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের আবেদনকারীদের আইভিএসির ঢাকার গুলশান কিম্বা মতিঝিল শাখায় আবেদন জমা দিতে হবে। সিলেট বিভাগের আবেদনকারীদের আইভিএসি সিলেট শাখা এবং চট্টগ্রাম বিভাগের আবেদনকারীদের আইভিআইসি চট্টগ্রাম শাখায় আবেদন জমা দিতে হবে। অনলাইনে আবেদনের জন্য যে তারিখ নির্ধারণ করা হয়েছে তারপর ভিসার আবেদন জমা নেওয়া হবে না। জরুরি চিকিত্সার জন্য ভারত ভ্রমণ করবেন এমন ভিসা প্রার্থীদের ক্ষেত্রে পরিস্থিতি বিবেচনা করে আগেভাগেই অনলাইনে আবেদনের দিনক্ষণ নির্ধারণের সুযোগ পাবেন। এ ধরণের ভিসা প্রার্থী কিম্বা তাদের প্রতিনিধিরা আইভিএসি গুলশান ও আইভিএসি চট্টগ্রাম শাখার মেডিকেল হেলপ ডেস্কের সহায়তা চাইতে পারেন। পরিবারের একজন সদস্য সম্পর্কের যথাযথ প্রমাণ জমা দেওয়ার পর সর্বোচ্চ পাঁচজনের জন্য একই দিনে আবেদন জমা দিতে পারবেন। পরিবারের সদস্য বলতে স্বামী-স্ত্রী, সন্তান ও বাবা-মা হতে হবে। সাংসদ, বিচার বিভাগের সদস্য, খ্যাতনামা প্রতিষ্ঠানের চেয়ারম্যান, প্রধান নির্বাহী কর্মকর্তা, ব্যবস্থাপনা পরিচালক ও সত্তরের বেশী বয়সের আবেদনকারীরা যথাযথ প্রমাণসহ তাদের প্রতিনিধিদের মাধ্যমে আবেদন জমা দিতে পারবেন। ইতোমধ্যে যারা ই-টোকেনের মাধ্যমে আবেদন করেছেন, আগামী ১৬ আগষ্ট পর্যন্ত নির্ধারিত সময়ে আইভিএসিতে তাদের আবেদন জমা নেওয়া হবে। নতুন করে নির্দেশনা না দেওয়া পর্যন্ত রাজশাহী বিভাগের আবেদনকারীরা রাজশাহীর সহকারী ভারতীয় হাই কমিশনারের কার্যালয়ের মাধ্যমে আবেদন করতে পারবেন।