১৭ আগস্টের বোমা হামলায় তৎকালীন সরকারের মদদ ছিল: শেখ হাসিনা
২০০৫ সালের ১৭ আগস্টের সিরিজ বোমা হামলায় তৎকালীন সরকারের মদদ ছিল বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, সরকারের মদদ ছাড়া একই সময় দেশের ৬৩ জেলায় একসঙ্গে বোমা বিস্ফোরণ ঘটানো সম্ভব নয়।আজ মঙ্গলবার ন্যাশনাল একাডেমি ফর এডুকেশন ম্যানেজমেন্টের (নায়েম) একটি অনুষ্ঠানে বক্তৃতা দেওয়ার সময় প্রধানমন্ত্রী এ কথা বলেন।শেখ হাসিনা বলেছেন, ২০০৫ সালের ১৭ আগস্ট সারা দেশজুড়ে সিরিজ বোমা হামলার পেছনে জড়িত অপরাধীদের খুঁজে বের করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। জঙ্গিবাদ ও সব ধরনের সন্ত্রাসমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে সরকারের দৃঢ় অবস্থানের কথা উল্লেখ করে তিনি দেশ থেকে জঙ্গিবাদ সমূলে বিনাশ করার অঙ্গীকার ব্যক্ত করেন।প্রধানমন্ত্রী আরও বলেন, দেশে জঙ্গিবাদের বিস্তার ঘটাতেই ১৭ আগস্টের এই বোমা হামলা চালানো হয়েছিল। এ ধরনের জঘন্য বোমা বিস্ফোরণের ঘটনা বাংলাদেশে যেন আর না ঘটে, সে জন্য তাঁর সরকার বদ্ধপরিকর।২০০৫ সালের ১৭ আগস্ট বেলা ১১টা থেকে সাড়ে ১১টার মধ্যে দেশের ৬৩ জেলায় একসঙ্গে বোমা বিস্ফোরণ ঘটায় নিষিদ্ধ ঘোষিত জঙ্গী সংগঠন জামাআতুল মুজাহিদীন বাংলাদেশ (জেএমবি)।বিভিন্ন সরকারি স্থাপনা, বিশেষত জেলা প্রশাসকের কার্যালয় ও আদালত প্রাঙ্গণে এই বিস্ফোরণ ঘটানো হয়। এতে দুজন নিহত এবং ১০০ জনের বেশি আহত হয়।—ইউএনবি