১৭ কোটি টাকায় বর্জ্য পরিষ্কার করার পর আবার ভাগাড়!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাদামতলী থেকে নবাবগঞ্জ পর্যন্ত বুড়িগঙ্গা নদীর তিন কিলোমিটার অংশের বেশির ভাগ আবর্জনায় ভরা। পানি ঘন কালো ও দুর্গন্ধময়। এর অন্যতম কারণ, সিটি করপোরেশনের আবর্জনাবাহী গাড়ি থেকে সরাসরি নদীতে বর্জ্য ফেলা হয়। অথচ মাত্র দেড় বছর আগে ১৭ কোটি টাকা খরচ করে নদীর এ অংশ থেকেই কয়েক লাখ ঘনমিটার বর্জ্য অপসারণ করা হয়েছিল।বুড়িগঙ্গা ও তুরাগ নদের তলায় অনেক বছরের জমে থাকা পলিথিন ও অন্যান্য বর্জ্য তুলতে ২০১০ সালে একটি পাইলট প্রকল্প নেওয়া হয়েছিল। এ কাজে বুড়িগঙ্গার জন্য ১৭ কোটি এবং তুরাগের জন্য চার কোটি টাকা দিয়েছিল জলবায়ু পরিবর্তন ট্রাস্ট। মোট প্রায় ২১ কোটি টাকায় ২০১১ সালের জুন পর্যন্ত বুড়িগঙ্গায় বাবুবাজার বাদামতলী থেকে নবাবগঞ্জ-কামরাঙ্গীরচরের দিকে তিন কিলোমিটার ও তুরাগের টঙ্গী বাজার এলাকায় এক কিলোমিটার অংশের বর্জ্য সরানো হয়। অপসারণ করা মোট বর্জ্যের পরিমাণ ছিল ৮ দশমিক ০৮৭ লাখ ঘনমিটার। নদীর তলা থেকে এ সময় পলিথিনের অসংখ্য ব্যাগ ছাড়াও উঠে আসে প্লাস্টিকের বোতল, নারকেলের খোসা, কাঠ ও লোহার টুকরা, কাদামাটি, বালু এবং অন্যান্য বর্জ্য। ওই বর্জ্য অপসারণ অভিযানের পর নদীর সংশ্লিষ্ট অংশে পানির মান কিছুটা হলেও ভালো হয়েছিল। অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) সূত্র জানায়, পরিবেশ ও বন মন্ত্রণালয়ের পরীক্ষা অনুযায়ী বর্জ্য সরানোর আগে ওই তিন কিলোমিটার অংশে দ্রবীভূত অক্সিজেনের পরিমাণ ছিল লিটারে প্রায় ০ দশমিক ০০। খনন ও বর্জ্য অপসারণের পর এর পরিমাণ দাঁড়ায় প্রায় ১ দশমিক ৫০। পরিবেশ অধিদপ্তরের দায়িত্বশীল সূত্রমতে, বর্তমানে নদীর ওই অংশে দ্রবীভূত অক্সিজেন আবার প্রায় আগের অবস্থায় ফিরে গেছে। নদী না ভাগাড়?: সম্প্রতি এক সকালে নবাবগঞ্জ এলাকায় গিয়ে দেখা যায়, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ময়লাবাহী গাড়ি থেকে সরাসরি নদীতে আবর্জনা ফেলা হচ্ছে। গাড়ির চালক এ প্রতিবেদকের সঙ্গে কথা বলতে রাজি হননি। চালকের দৃষ্টি এড়িয়ে চুক্তিভিত্তিক এক কর্মী বলেন, ‘এখানে আবর্জনা ফেলতে অফিস থেকেই বলা হয়েছে। কারণ, মাতুয়াইল বা আমিনবাজারের ভাগাড়ে জায়গা কম। তা ছাড়া ওই সব জায়গায় যেতে তেলও যায় বেশি।’এলাকার প্রবীণ বাসিন্দা আমীর হোসেন প্রাতর্ভ্রমণ শেষে লালবাগের বাসায় ফিরছিলেন। তিনি বললেন, প্রতি ভোরেই এভাবে নদীতে ময়লা ফেলা হয়। অনেক সময় রাতেও ফেলা হয়। অনেক দিন থেকেই এভাবে চলছে। এলাকায় ঘুরে দেখা যায়, নদীর তীরে গড়ে ওঠা ডিসিসির ট্রেড লাইসেন্সধারী কিছু ক্ষুদ্র শিল্পপ্রতিষ্ঠানও বর্জ্য ফেলে সরাসরি নদীকে দূষিত করছে। বিআইডব্লিউটিএ জানায়, এমন অভিযোগ পেয়ে তা বন্ধে ডিসিসিকে চিঠি দেওয়া হয়। নদীবিষয়ক টাস্কফোর্সের সভায়ও বিষয়টি উল্লেখ করা হয়। কিন্তু তাতে খুব একটা কাজ হয়নি। ডিএসসিসির লালবাগ-নবাবগঞ্জ এলাকার (অঞ্চল-৩) বর্জ্য ব্যবস্থাপক মো. শাহাবুদ্দিন প্রথম আলোর কাছে স্বীকার করেন যে ময়লাবাহী গাড়ি ও কনটেইনার থেকে নদীতে আবর্জনা ফেলা হয়। তবে এ বিষয়ে আনুষ্ঠানিক নির্দেশ দেওয়ার বিষয় তিনি অস্বীকার করেন। মো. শাহাবুদ্দিন বলেন, ‘কোন কোন গাড়ি থেকে ময়লা ফেলা হয়, তা বের করতে গোপনে লোক মোতায়েন করা হচ্ছে। আশা করি, অচিরেই তা বন্ধ হয়ে যাবে।’ বুড়িগঙ্গার তীরে ডিসিসির বেশ কয়েকটি আবর্জনার কনটেইনার রাখা হয়েছে। এগুলো থেকে উপচে পড়েও নদীতে আবর্জনা যায়। এ বিষয়ে বর্জ্য ব্যবস্থাপক জানান, কাছের জনবসতির জন্য নদীর পাড়ে বেশি হারে কনটেইনার বসানোর তাগিদ থাকে। কিন্তু সমস্যা হচ্ছে, অনেক বাসিন্দা কনটেইনারে না ফেলে ময়লা ফেলেন বাইরে। সেগুলোও যায় নদীতে। বিআইডব্লিউটিএর চেয়ারম্যান মো. শামছুদ্দোহা খন্দকার প্রথম আলোকে জানান, সিটি করপোরেশনকে বারবার বলা হয়েছে। তারা ব্যবস্থা নেবে বলে জানিয়েছে। লোকবল বাড়ানোর পর ভবিষ্যতে বর্জ্য সরানোর প্রকল্প নেওয়া হবে।বর্জ্য পরিষ্কারে ব্যয় হওয়া আগের টাকা গচ্চা যাওয়ার বিষয়ে কোনো মন্তব্য করেননি বিআইডব্লিউটিএর চেয়ারম্যান।