১৭ ঘণ্টা পর মহানন্দা এক্সপ্রেসের চলাচল শুরু, তদন্ত কমিটি গঠন
প্রায় ১৭ ঘণ্টা পর আজ বুধবার সকাল থেকে চুয়াডাঙ্গার দর্শনায় লাইনচ্যুত মহানন্দা এক্সপ্রেস ট্রেনটি আবার চলাচল শুরু করেছে। গতকাল দুপুর দুইটার দিকে ট্রেনটি লাইনচ্যুত হওয়ার পর খুলনার সঙ্গে সারা দেশের ট্রেন যোগাযোগ বন্ধ থাকার পর আজ সকাল সাড়ে ছয়টার দিকে ওই লাইনে আবার ট্রেন চলাচল শুরু হয়। তবে ট্রেন চলাচল স্বাভাবিক হতে, অর্থাত্ নির্ধারিত সময়সূচি অনুসারে ট্রেন চলাচল করতে আজ সারা দিন লেগে যাবে বলে বাংলাদেশ রেলওয়ের কর্মকর্তারা জানিয়েছেন।এদিকে দুর্ঘটনার কারণ তদন্ত করতে গতকাল রাতেই চার সদস্যের একটি কমিটি গঠন করা হয়। কমিটি আজ সকাল থেকে আনুষ্ঠানিকভাবে তদন্তের কাজ শুরু করেছে।তদন্ত কমিটির প্রধান পশ্চিমাঞ্চল রেলওয়ের বিভাগীয় পরিবহন কর্মকর্তা সহিদুল ইসলাম আজ প্রথম আলোকে জানান, স্টেশন মাস্টার মনির হোসেনের গাফিলতির বিষয়টি প্রাথমিকভাবে প্রমাণিত হয়েছে। ট্রেনের গতি কম থাকায় ব্যাপক প্রাণহানি থেকে ট্রেনটির সাত শতাধিক যাত্রী বেঁচে গেছে।প্রসঙ্গত, চুয়াডাঙ্গার দর্শনা রেলওয়ে জংশনের কাছে ১৬ ডাউন মহানন্দা এক্সপ্রেস যাত্রীবাহী ট্রেনটির পাঁচটি বগি লাইনচ্যুত হয়ে অন্তত ৩০ জন যাত্রী আহত হয়। এটি চাঁপাইনবাবগঞ্জ থেকে খুলনা যাচ্ছিল। ট্রেনটি লাইনচ্যুত হওয়ায় খুলনার সঙ্গে সারা দেশের ট্রেন যোগাযোগ বন্ধ হয়ে যায়। পরে সন্ধ্যা সাতটার দিকে ঈশ্বরদী থেকে একটি উদ্ধারকারী ট্রেন গিয়ে উদ্ধারকাজ শুরু করে। উদ্ধারকাজ শেষ হওয়ার পর আজ সকাল সাড়ে ছয়টা থেকে ট্রেন চলাচল আবার শুরু হয়।