বান্দরবানের নাইক্ষ্যংছড়ির ১৫ রাইফেল ব্যাটালিয়নের বিডিআর বিদ্রোহ মামলার রায় আজ সোমবার ঘোষণা করা হয়েছে। রায়ে ৩৫ আসামির মধ্যে ১৭ জনকে সাত বছর করে কারাদণ্ড এবং ১০০ টাকা করে জরিমানা করা হয়েছে। বাকি আসামিদের সর্বনিম্ন এক বছর থেকে সর্বোচ্চ তিন বছর মেয়াদে সাজা এবং ১০০ টাকা করে জরিমানা করা হয়েছে। আজ সকাল ১০টায় চট্টগ্রামের সাতকানিয়ার বায়তুল ইজ্জতে অবস্থিত রাইফেল ট্রেনিং সেন্টার ও স্কুলে স্থাপিত বিশেষ আদালত-১৬ এ রায় ঘোষণা করেন। আদালতে সভাপতিত্ব করেন বিডিআরের রাঙামাটি সেক্টরের কমান্ডার কর্নেল বশিরুল ইসলাম।প্রসঙ্গত, পিলখানায় বিডিআর বিদ্রোহের সঙ্গে একাত্মতা পোষণ করে ২০০৯ সালের ২৬ ফেব্রুয়ারি আসামিরা বিদ্রোহ করে। গত বছরের ২২ অক্টোবর বিদ্রোহের ঘটনায় বিডিআর আইনে মামলা করেন ১৫ রাইফেল ব্যাটালিয়নের নায়েক সুবেদার আবদুর রশিদ। ২৫ অক্টোবর থেকে বিচারকাজ শুরু হয়। এ মামলায় প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন ১৫ রাইফেল ব্যাটালিয়নের অধিনায়ক শফিউল আজম। মামলায় ২৫ জনের সাক্ষ্য নেওয়া হয়।