১৭ জানুয়ারি সব বিদ্যুৎকেন্দ্র ঘেরাওয়ের ঘোষণা
সমাবেশে পুলিশি হামলার প্রতিবাদে ও গ্যাস-বিদ্যুতের সংকট সমাধানে সাত দফা আদায়ের লক্ষ্যে ১৭ জানুয়ারি দেশের সব বিদ্যুৎকেন্দ্র ঘেরাওয়ের কর্মসূচি দিয়েছে তেল-গ্যাস খনিজ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটি।আজ সোমবার জাতীয় প্রেসক্লাবের সামনের সমাবেশ থেকে এই কর্মসূচির ঘোষণা দেন জাতীয় কমিটির সদস্যসচিব আনু মুহাম্মদ। এ ছাড়া ওইদিন ঢাকায় সমাবেশ করার কথাও জানান তিনি।গত ২৯ ডিসেম্বর জাতীয় কমিটির সমাবেশে পুলিশি হামলার প্রতিবাদে এবং গ্যাস-বিদ্যুতের সংকট সমাধানে সাত দফা দাবি আদায়ের লক্ষ্যে আজ এই সমাবেশের আয়োজন করা হয়। সমাবেশ থেকে তেল-গ্যাস-বিদ্যুতের মূল্য বৃদ্ধির প্রতিবাদ জানিয়ে কুইক রেন্টাল চুক্তি বাতিল করে রাষ্ট্রীয় বিদ্যুৎপ্লান্ট মেরামত, নবায়ন ও সম্প্রসারণ করে বিদ্যুৎ-সংকটের সমাধানের দাবি জানানো হয়।সমাবেশে জাতীয় কমিটির আহ্বায়ক শেখ মুহাম্মদ শহীদুল্লাহ বলেন, তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ নিয়ে সরকার যত অপকর্মের চেষ্টা করবে, সবকিছুর প্রতিবাদ করবে জাতীয় কমিটি। তিনি অভিযোগ করেন, সাম্রাজ্যবাদীদের স্বার্থ রক্ষার জন্য তেল-গ্যাস নিয়ে সব চুক্তি করা হচ্ছে। কনোকো ফিলিপসের সঙ্গে সরকার যে চুক্তি করেছে, তাতে সমুদ্রবক্ষের গ্যাস পাচার হয়ে যাবে।জাতীয় কমিটির সদস্যসচিব আনু মুহাম্মদ বলেন, বিদ্যুৎ-সংকটের সাময়িক সমাধান হিসেবে কুইক রেন্টাল পদ্ধতির প্রচলন অর্থনীতির ওপর চাপ ফেলছে, যার ভুক্তভোগী সাধারণ মানুষ। এর ফলে যেমন অতিরিক্ত দামে বিদ্যুৎ কিনতে হচ্ছে, তেমনি জ্বালানিতে বিপুল পরিমাণ ভর্তুকি দিতে হচ্ছে। সেটিও জনগণের ঘাড়েই যাচ্ছে।আনু মুহাম্মদ আরও বলেন, ‘আমরা বারবার কুইক রেন্টালের বিরোধিতা করে আসছি। কুইক রেন্টালে যে বিদ্যুৎ পাওয়া যাচ্ছে, তার চেয়ে অনেক বেশি বিদ্যুৎ পাওয়া যেত রাষ্ট্রীয় বিদ্যুৎপ্লান্ট মেরামত, নবায়ন ও সম্প্রসারণ করে। কিন্তু সরকার সেটি করবে না। তারা চায়, ব্যক্তিবিশেষকে সুবিধা দিতে। জ্বালানি মন্ত্রণালয়ও আজকে কমিশন ভোগীদের কুঠিতে পরিণত হয়েছে। তাই আমরা এই মন্ত্রণালয়কে বলছি, কাশিমবাজারের কুঠি। আর তাই এই মন্ত্রণালয় ঘেরাও করার অধিকার আমাদের আছে। কিন্তু পুলিশ আমাদের সেই কর্মসূচিতে বাধা দিয়েছে, কর্মীদের রক্ত ঝরিয়েছে। তবে একটি জিনিস সরকারকে মনে রাখতে হবে, যে আন্দোলনে রক্ত ঝরে, সেই আন্দোলন বৃথা যায় না।’বিদ্যুৎ উৎপাদনে কুইক রেন্টাল পদ্ধতি বাতিল এবং বাপেক্সের মাধ্যমে সুনেত্র এবং রশিদপুরে গ্যাস উত্তোলনের দাবিতে গত বৃহস্পতিবার জ্বালানি মন্ত্রণালয় ঘেরাও কর্মসূচি দিয়েছিল কমিটি। তবে পুলিশের হামলায় সেটি পণ্ড হয়ে যায়। এরই প্রতিবাদে আজ বিক্ষোভ কর্মসূচি করা হয়। সমাবেশ শেষে জাতীয় কমিটি প্রেসক্লাবের সামনে থেকে একটি মিছিল বের করে। মিছিলটি পল্টন হয়ে আবার প্রেসক্লাবে এসে শেষ হয়।