আগামী ১৭ জুন বৃহস্পতিবার চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনের ভোট গ্রহণ করা হবে। এ নির্বাচনে রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ২০ মে বৃহস্পতিবার, মনোনয়নপত্র বাছাই হবে ২২ ও ২৩ মে এবং প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ১ জুন মঙ্গলবার। নির্বাচন কমিশন গতকাল মঙ্গলবার চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনের এ তফসিল ঘোষণা করে। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ টি এম শামসুল হুদা বেলা দেড়টার দিকে এ তফসিল ঘোষণা করেন। এ সময় সিইসি বলেন, ‘নির্বাচনী বিধান অনুযায়ী মেয়র প্রার্থীকে সিটি করপোরেশনের এবং কাউন্সিলর প্রার্থীকে সংশ্লিষ্ট ওয়ার্ডের ভোটার হতে হবে। যাঁরা এক ওয়ার্ডের বাসিন্দা হয়ে অন্য ওয়ার্ডে প্রার্থী হতে চান, তাঁদের অবিলম্বে আবেদন করতে হবে। আমরা তাঁদের ভোটার ঠিকানা স্থানান্তর করে দেব।’ তিনি জানান, প্রার্থীকে অবশ্যই সাত ধরনের তথ্য, সম্ভাব্য ব্যয়ের উেসর বিবরণ এবং আয়করদাতা হলে রিটার্ন দাখিল করতে হবে। প্রার্থীদের জামানতের টাকা নগদে নয়, পে-অর্ডার অথবা ট্রেজারি চালানের মাধ্যমে জমা দিতে হবে। প্রার্থীদের মনোনয়ন ফরম পূরণে সহযোগিতা করার জন্য রিটার্নিং কর্মকর্তার দপ্তরে একটি ‘হেলপ ডেস্ক’ খোলা থাকবে। প্রার্থীরা এ ডেস্কের সহযোগিতা নিয়ে ফরম পূরণ করতে পারবেন। এর পরও মনোনয়নপত্রে ভুল পাওয়া গেলে তা বাতিল হবে। সিইসি বলেন, এ নির্বাচনে ভোট গ্রহণের ২৪ ঘণ্টা আগে পোলিং এজেন্টদের নামের তালিকা রিটার্নিং কর্মকর্তার কাছে জমা দিতে হবে। যাঁরা পোলিং এজেন্টের দায়িত্ব পালন করবেন, তাঁদের সংশ্লিষ্ট ওয়ার্ডের ভোটার হতে হবে। তাঁদের জাতীয় পরিচয়পত্র ও দুই কপি ছবি রিটার্নিং কর্মকর্তার কাছে জমা দিতে হবে। তিনি বলেন, ‘ভোটকেন্দ্রে যাঁরা এজেন্টের দায়িত্ব পালন করবেন, তাঁদের জন্য এবার আমরা বাহুবন্ধনী (আর্ম ব্যান্ড) সরবরাহ করব। যতক্ষণ দায়িত্ব পালন করবেন, ততক্ষণ তাঁদের বাহুবন্ধনী পরে থাকতে হবে।’ সিইসি আরও বলেন, ‘এবারের নির্বাচনে ভোটকেন্দ্রের বাইরে গিয়ে যার-তার কাছে অভিযোগ করলে সেটা আমরা গ্রহণ করব না। কেন্দ্রে আমাদের রিটার্নিং কর্মকর্তা, সহকারী রিটার্নিং কর্মকর্তা ও বিচারিক হাকিম দায়িত্ব পালন করবেন। কোনো অনিয়ম হলে সে বিষয়ে তাঁদের কাছে লিখিত অভিযোগ করতে হবে।’শামসুল হুদা জানান, যাঁরা নির্বাচনে প্রার্থী হবেন, তাঁরা যদি এরই মধ্যে কোনো ধরনের প্রচারপত্র সাঁটিয়ে থাকেন, তা ২০ মে মনোনয়নপত্র দাখিলের আগেই তুলে ফেলতে হবে। মে মাসের ২০ তারিখের পর প্রচারণার সময় শুরুর আগে যদি কোনো প্রার্থীর পোস্টার পাওয়া যায়, তবে তাঁর মনোনয়নপত্র বাতিল হয়ে যাবে। ভোট গ্রহণের সময় পর্যবেক্ষকেরা বুথে যেতে পারবেন না। তবে গণনার সময় তাঁরা উপস্থিত থাকতে পারবেন।’ নির্বাচনী প্রচার সম্পর্কে সিইসি বলেন, ‘নির্বাচনে কোনো ধরনের জনসভা করা যাবে না। তবে পথসভা করা যাবে, সে জন্য পুলিশের অনুমোদন নিতে হবে। প্রার্থীরা টিভিতে প্রচারণা চালাতে পারবেন। পোস্টার ছাপালে তাতে ছাপাখানার নাম, মুদ্রিত পোস্টারসংখ্যা এবং তারিখ উল্লেখ করতে হবে। নির্বাচনের আইনশৃঙ্খলা সম্পর্কে তিনি জানান, ১৪ থেকে ১৮ জুন পর্যন্ত ছয় কোম্পানি সেনাসদস্য মোতায়েন করা হবে। ৯ থেকে ১৮ জুন পর্যন্ত দুই কোম্পানি বিডিআর সদস্য মোতায়েন করা হবে। ৩ থেকে ১৮ জুন পর্যন্ত প্রতিটি থানায় দুজন করে বিচারিক হাকিম দায়িত্ব পালন করবেন। তাঁরা যেকোনো ধরনের নির্বাচনী অপরাধের তাত্ক্ষণিক বিচার করে জেল-জরিমানা করতে পারবেন। এর বাইরে নির্বাহী ম্যাজিস্ট্রেটরাও ১৩ থেকে ১৮ জুন পর্যন্ত ভ্রাম্যমাণ আদালতের সঙ্গে দায়িত্ব পালন করবেন। মোবাইল কোর্ট আইন অনুযায়ী তাঁরাও জেল-জরিমানা করতে পারবেন। সিইসি বলেন, ‘পুলিশ এবং র্যাবকে বলেছি সন্দেহভাজনদের পর্যবেক্ষণ করতে। বিভিন্ন জায়গায় চেকপোস্ট ও চৌকি বসিয়ে তল্লাশি চালানো হবে। এর বাইরে চট্টগ্রাম সিটির ৪১টি ওয়ার্ডেই কমপক্ষে একজন করে আমাদের নিজস্ব পর্যবেক্ষক থাকবেন। কোনো ধরনের অনিয়ম দেখা গেলে এঁরা সরাসরি রিটার্নিং কর্মকর্তা বা সহকারী রিটার্নিং কর্মকর্তা অথবা কমিশনকে অবহিত করতে পারবেন।’ গতকাল কমিশনের এক প্রজ্ঞাপনে জানানো হয়, নির্বাচন কমিশন সচিবালয়ের উপসচিব জেসমিন টুলিকে নির্বাচনে রিটার্নিং কর্মকর্তা নিয়োগ দেওয়া হয়েছে। এ ছাড়া চট্টগ্রামের দুজন এবং চট্টগ্রামের বাইরের জেলার পাঁচজন জেলা কর্মকর্তাকে সহকারী রিটার্নিং কর্মকর্তা হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। নির্বাচনে মনোনয়নপত্র গ্রহণ এবং বাতিলের বিরুদ্ধে আপিল মীমাংসার জন্য চট্টগ্রামের বিভাগীয় কমিশনারকে আপিল কর্তৃপক্ষ হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।