১৭ জেলার ওয়েব পোর্টালে হ্যাকারের হামলা!
বাংলাদেশের বিভিন্ন জেলার ওয়েব পোর্টাল গতকাল শনিবার হ্যাকিংয়ের শিকার হয়েছে। দুপুরের দিকে দেখা যায়, ‘জেলা তথ্য বাতায়ন’ শিরোনামে ৬৪টি জেলার ওয়েব পোর্টালের মধ্যে ১৭টিই হ্যাকারদের দখলে।দেখা যায়, পোর্টালগুলোর ওপর জেলার নাম, ডানে-বাঁয়ে কিছু তথ্য রেখে মাঝখানে ইংরেজিতে ‘জয় হিন্দ’ লেখা এবং কিছু হিন্দি অক্ষর। কয়েকটি পোর্টালে হ্যাকাররা এসবের নিরাপত্তাব্যবস্থা নিয়ে অশ্লীল বাক্যও লিখে রাখে। কম্পিউটার-ব্যবস্থায় অনুপ্রবেশ করে কোনো ওয়েবসাইটের বিষয়বস্তু বদল বা নিয়ন্ত্রণ নিয়ে নেওয়ার মতো বিষয়কে বলে হ্যাকিং।খোঁজ নিয়ে জানা গেছে, ওয়েব পোর্টালগুলোর দুর্বল পাসওয়ার্ডনির্ভর নিরাপত্তাব্যবস্থার কারণেই হ্যাকিংয়ের এ ঘটনা ঘটে। নিরাপত্তাব্যবস্থা নিয়মিত হালনাগাদ ও পাসওয়ার্ড শক্তিশালী করলে সহজে এসব পোর্টালে অনুপ্রবেশ করা যেত না বলেও মনে করেন বিশেষজ্ঞরা।হ্যাক হওয়া ১৭ জেলার ওয়েব পোর্টালের প্রতিটিতেই দাবি করা হয়, ‘এমিল ইন্ডিয়ান হ্যাকার’ পোর্টাল হ্যাক করেছে। হ্যাক করা পোর্টালে বার্তা হিসেবে ভারত ও বাংলাদেশ সীমান্তের ‘নিরাপত্তা বাড়ানোর’ কথা বলা হয়েছে। পাশাপাশি পাকিস্তান থেকে বাংলাদেশ হয়ে কোনো সন্ত্রাসী ভারতে প্রবেশ করলে ‘সাইবার যুদ্ধ’ ঘোষণার হুমকিও রয়েছে এসব বার্তায়। মুম্বাই হামলার প্রতি ইঙ্গিত করে এতে আরও বলা হয়, ‘আমরা আর কোনো ২৬/১১ চাই না।’বিকেলের পর থেকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ধীরে ধীরে ওয়েব পোর্টালগুলোকে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনে। হ্যাকাররা যেসব জেলার পোর্টালের নিয়ন্ত্রণ নিয়েছিল সেগুলো হলো—লালমনিরহাট, বান্দরবান, মৌলভীবাজার, পিরোজপুর, লক্ষ্মীপুর, খাগড়াছড়ি, রাঙামাটি, কক্সবাজার, পটুয়াখালী, নারায়ণগঞ্জ, বরিশাল, সাতক্ষীরা, ঝিনাইদহ, রংপুর, কুড়িগ্রাম, হবিগঞ্জ ও দিনাজপুর। প্রধানমন্ত্রীর কার্যালয়ের ‘সাপোর্ট টু ডিজিটাল বাংলাদেশ (অ্যাকসেস টু আইসিটি—এটুআই কর্মসূচি)’-এর পরিকল্পনা ও সহায়তায় দেশের ৬৪টি জেলায় আলাদা ওয়েব পোর্টাল—জেলা ডিজিটাল তথ্য বাতায়ন নামে ৬ জানুয়ারি থেকে চালু হয়। এ পোর্টালগুলোর ব্যবস্থাপনার দায়িত্বে আছে স্থানীয় জেলা প্রশাসন। পোর্টালগুলোর কারিগরি দিক এখনো এটুআই প্রকল্প তত্ত্বাবধান করে। হঠাত্ এই হ্যাকিং সম্পর্কে এটুআই প্রকল্পের প্রযুক্তি উপদেষ্টা আজিমুল হক প্রথম আলোকে বলেন, ‘সাইটগুলোর দুর্বল ওয়েব অ্যাডমিন পাসওয়ার্ডের কারণে হ্যাকাররা এ সুযোগ পেয়েছে। ৬৪ জেলার জেলা প্রশাসকের কার্যালয়ের ওয়েব দলকে ওয়েব পোর্টালের পাসওয়ার্ড দিয়ে দেওয়া হয়েছে। এই পাসওয়ার্ডগুলো পরিবর্তন করা এবং পোর্টালের নিরাপত্তার দিকে নিয়মিত খেয়াল হয়তো রাখা হয়নি, তাই হ্যাকিংয়ের ঘটনা ঘটেছে।’ আজিমুল হক জানান, যখনই হ্যাকিংয়ের ঘটনা ঘটেছে, তখনই সংশ্লিষ্ট ব্যক্তিদের দরকারি ব্যবস্থা নিতে বলা হয়েছে। হ্যাক হওয়া ওয়েব পোর্টালগুলো স্বাভাবিক অবস্থায় ফিরে এলেও গতকাল রাত নয়টা পর্যন্ত ঝিনাইদহ, লক্ষ্মীপুর ও খাগড়াছড়ির পোর্টালে ঢোকা যায়নি। আর পটুয়াখালী ও বরিশালের পোর্টালের প্রথম পৃষ্ঠায় লেখা ছিল, ‘পাতাটি অতিসত্বর আপডেট করা হবে।’ এই হ্যাকিংয়ের পেছনে কারা দায়ী বা কোথা থেকে এটি করা হয়েছে, তা গতকাল রাত পর্যন্ত শনাক্ত করা যায়নি। এ ব্যাপারে কোনো মামলাও দায়ের করা হয়নি।