বৃহস্পতিবার সন্ধ্যায় তাঁদের হাঁটানো শুরু করে অপহরণকারীরা। ভেবেছিলেন, প্রতিদিনের মতোই স্থান বদল করা হচ্ছে। রাত সাড়ে ১২টায় মেরুংয়ে পৌঁছানোর পর তাঁরা দুটি গাড়ির বাতি দেখেন। এ সময় অপহরণকারীরা দ্রুত সটকে পড়ে। গাড়িগুলো ছিল গোয়েন্দা সংস্থার। গোয়েন্দা সংস্থার লোকজন তাঁদের পরে একটি পিকআপে করে রাঙামাটি নিয়ে আসেন।দীর্ঘ ১৭ দিনের দুঃসহ বন্দিদশা থেকে মুক্তি পাওয়ার ঘটনাটি এভাবে বর্ণনা করলেন মোহাম্মদ হেমায়েত হোসেন। তিনি রাষ্ট্রায়ত্ত একমাত্র মুঠোফোন অপারেটর টেলিটককে কারিগরি সহায়তা দেওয়া বি-টেকনোলজির টেকনিশিয়ান। ৮ জুলাই তাঁর সঙ্গে রাঙামাটির বাঘাইছড়ি থেকে অপহূত অপর চারজনও একই প্রতিষ্ঠানের এবং তাঁরা একই সঙ্গে মুক্তি পেয়েছেন। ওই চারজন হলেন প্রকৌশলী আখতারুজ্জামান, টেকনিশিয়ান মো. ইমরুল হোসেন, অনিয়মিত টেকনিশিয়ান সুজাউদ্দিন ও খাগড়াছড়ি কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র মো. মুজিবুর রহমান।প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের (ডিজিএফআই) সূত্র জানায়, বৃহস্পতিবার দিবাগত রাত একটায় বাঘাইছড়ি ও খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার সীমান্তবর্তী মেরুং এলাকার জঙ্গলাকীর্ণ একটি টিলা থেকে অপহূত পাঁচজনকে উদ্ধার করা হয়। গতকাল শুক্রবার ভোরে ডিজিএফআইয়ের সদস্যরা তাঁদের রাঙামাটি সদরে নিয়ে আসেন। পরে তাঁদের রাঙামাটির পুলিশ সুপারের কার্যালয়ে সাংবাদিকদের সামনে হাজির করা হয়।উদ্ধার হওয়া ব্যক্তিরা বিকেলে রাঙামাটির বিচারিক হাকিম জাহেদ আহমেদের আদালতে দেওয়া জবানবন্দিতে ওই ১৭ দিনের মানবেতর জীবনের বর্ণনা দেন। ৮ জুলাই দুপুরে বাঘাইছড়ির মারিশ্যা থেকে তাঁদের অপহরণ করে দুর্বৃত্তরা।রাঙামাটির পুলিশ সুপার আমেনা বেগম বলেন, ‘আসলে সেনাবাহিনী, গোয়েন্দা সংস্থা ও বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সঙ্গে সমম্বয় করে আমরা কাজ করেছি, যে কারণে অপহরণকারীরা চাপে পড়ে পাঁচজনকে ছেড়ে দিতে বাধ্য হয়।’ তিনি বলেন, ‘অপহূতদের মেরুং থেকে উদ্ধার করা হয়। অপহরণকারীদের এক পয়সাও মুক্তিপণ দেওয়া হয়নি। উদ্ধার হওয়া ব্যক্তিরা আদালতে জবানবন্দি দেওয়ার পর তাঁদের স্বজনদের কাছে হস্তান্তর করা হয়।’ডিজিএফআইয়ের রাঙামাটির অধিনায়ক মেজর মুহাম্মদ তাজ-উল ইসলাম গতকাল নিজ কার্যালয়ে সাংবাদিকদের জানান, ‘অপহরণকারীরা স্থান বদল করে মেরুংয়ের দিকে এলে আমরা তাদের ঘিরে ফেলি। একপর্যায়ে আমাদের অবস্থান টের পেয়ে অপহরণকারীরা পাঁচজনকে রেখে পালিয়ে যায়। অপহূত ব্যক্তিদের অক্ষত উদ্ধারের স্বার্থে আমরা অপহরণকারীদের গুলি করিনি।’সংশ্লিষ্ট সূত্র জানায়, মারিশ্যার বারিবিন্দুঘাট এলাকায় ৮ জুলাই দুপুরে কাজ করার সময় এই পাঁচজনকে অপহরণ করে সশস্ত্র দুর্বৃত্তরা। পরে অপহরণকারীরা বি-টেকনোলজির প্রতিনিধির সঙ্গে টানা পাঁচ দিন ফোনে যোগাযোগ করে। ৪০ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়। অপহরণের চতুর্থ দিনে মুক্তিপণ নিয়ে খাগড়াছড়ির গোপন স্থানে দুর্বৃত্তদের সঙ্গে বি-টেকনোলজির প্রতিনিধিদের বৈঠক হয়। মুক্তিপণ কয়েক গুণ বাড়িয়ে তিন কোটি টাকা চাওয়ায় ওই বৈঠক ভেস্তে যায়। ১২ জুলাই দুর্বৃত্তরা টেলিটক কর্তৃপক্ষের সঙ্গে বৈঠকের আগ্রহ দেখায়। তবে টেলিটক কর্তৃপক্ষ তা প্রত্যাখ্যান করলে দুই পক্ষের মধ্যে যোগাযোগ বন্ধ হয়ে যায়।বি-টেকনোলজির ব্যবস্থাপনা পরিচালক এস এম ইউসুফ বলেন, ‘দুর্বৃত্তরা মুক্তিপণ বাড়িয়ে তিন কোটি টাকা চাইলে আমরা সব কিছু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর ছেড়ে দিই। সেনাবাহিনী ও পুলিশ আমাদের পাঁচজনকে উদ্ধার করেছে।’পুলিশ সূত্র জানায়, বারিবিন্দুঘাটের মাঝি হিরণ্ময় চাকমা ও টেলিটকের স্থানীয় টাওয়ার তত্ত্বাবধায়ক মন্টু বিকাশ চাকমাকে গ্রেপ্তারের পর জড়িত ব্যক্তিদের নামধাম বেরিয়ে আসে। এরপর দুর্বৃত্তদের ওপর সামাজিক চাপ সৃষ্টির পাশাপাশি সম্ভাব্য জায়গায় অভিযান অব্যাহত রাখা হয়। এ কারণে পাঁচজনকে অক্ষত উদ্ধার করা সম্ভব হয়েছে।উদ্ধার হওয়া সুজাউদ্দিন বলেন, ‘১৭ দিনে অন্তত ২০-২২ বার স্থান বদল করা হয়েছে। স্থান বদলের জন্য চার-পাঁচ ঘণ্টা হাঁটানো হতো। রাতে রাখা হতো পাহাড়ের চূড়ায় বা জঙ্গলে ঢাকা ঢালুতে। সব সময় ভয়ের মধ্যে থাকতাম। পরিবার-স্বজনদের কথা খুব মনে পড়ত। ভাবতাম, আর কি কখনো দেখা হবে?’ দুঃসহ সেই দিনগুলোর কথা বলতে বলতে বারবার শিউরে উঠছিলেন তিনি।অপহূত প্রকৌশলী আখতারুজ্জামান প্রথম আলোকে বলেন, ‘১৭ দিন আমাদের মানবেতর জীবন কেটেছে।’ তিনি বলেন, বারিবিন্দুঘাট থেকে তাঁদের অপহরণের পর কাচালং নদী পার করানো হয়। এরপর তাঁদের চোখ বেঁধে মোটরসাইকেলে উঠিয়ে ৩০-৪০ মিনিট গিয়ে নামানো হয়। এরপর নেওয়া হয় গহিন পাহাড়ের দিকে।হেমায়েত বলেন, ‘প্রথম দিন আমাদের নিয়ে যাওয়ার কারণ জানতে চাইলে ওরা আমাদের সঙ্গে দুর্ব্যবহার করে। এরপর আর এ বিষয়ে কোনো কথা বলতাম না।’নড়াইল প্রতিনিধি জানান, অপহূত ইমরুলের বাড়ি নড়াইল সদর উপজেলার তারাপুর গ্রামে। হেমায়েতের বাড়ি একই জেলার কালিয়া উপজেলার মহিষখোলা গ্রামে। গতকাল এ দুজনের বাড়িতে দেখা যায় আনন্দের বন্যা। ইমরুলের স্ত্রী রেবিনা খানম বলেন, খুব ভোরে স্বামীর সঙ্গে ফোনে কথা হয়েছে। আনন্দে পরিবারের সদস্যরা নফল নামাজ আদায় করেছেন। তবে সামনাসামনি দেখা না হওয়া পর্যন্ত তাঁর ভালো লাগবে না।হেমায়েতের বাবা রেজাউল হোসেন ছেলের সঙ্গে রাঙামাটিতেই আছেন। মুঠোফোনে তিনি বলেন, ছেলের ওপর দিয়ে অনেক ধকল গেছে। তবে সে বেঁচে আছে। এ জন্য আল্লাহর কাছে হাজার শোকর।