১৭ বছর পর মডেলিংয়ে কনা
কণ্ঠশিল্পী দিলশাদ নাহার কনা প্রথম বিজ্ঞাপনচিত্রে কাজ করেন ১৯৯৫ সালে। তখন তিনি স্কুলে পড়েন। নন্দিত নির্মাতা আফজাল হোসেনের পরিচালনায় বিজ্ঞাপনচিত্রটি ছিল একটি বিস্কুট প্রস্তুতকারী প্রতিষ্ঠানের। এরপর বেশ কয়েকটি বিজ্ঞাপনচিত্রের প্রস্তাব এলেও আর কোনো বিজ্ঞাপনচিত্রে কাজ করেননি তিনি। প্রায় ১৭ বছর পর আবারও বিজ্ঞাপনচিত্রের কাজ করতে যাচ্ছেন কনা। এটি একটি মেহেদীর বিজ্ঞাপন। বিজ্ঞাপনচিত্রটি নির্মাণ করবেন আনজাম মাসুদ। এ প্রসঙ্গে কনা জানিয়েছেন, ৩ থেকে ৫ মের মধ্যে গাজীপুরের একটি শুটিং বাড়িতে বিজ্ঞাপনচিত্রটির দৃশ্য ধারণের কাজ করা হবে।প্রথম আলো ডট কমকে কনা বলেন, আমার সর্বশেষ একক অ্যালবাম ‘সিম্পলি কনা’ অ্যালবামে ‘বিয়েবাড়ি’ শিরোনামের একটি গান আছে। মেহেদীর পণ্যের নতুন বিজ্ঞাপনের জন্য গানটি পছন্দ করা হয়েছে। গানটির পাশাপাশি নির্মাতার পছন্দের কারণেও বিজ্ঞাপনচিত্রটিতে কাজ করার জন্য রাজি হয়েছি।কনা আরও বলেন, ‘বিভিন্ন সময়ে আমার গাওয়া গানের মিউজিক ভিডিওতে মডেল হিসেবে কাজ করেছি। কিন্তু ’৯৫ সালের পর এখন পর্যন্ত আর কোনো বিজ্ঞাপনচিত্রের কাজ করিনি। বহু বছর পর আবারও পণ্যের মডেল হতে যাচ্ছি। আশা করি, নতুন একটি অভিজ্ঞতা হবে।’সিম্পলি কনা অ্যালবামে ‘বিয়েবাড়ি’ শিরোনামের গানটি লিখেছেন শাহান কবন্ধ, সুর করেছেন ফুয়াদ।এদিকে কনা আজ বুধবার সিম্পলি কনা অ্যালবামের ‘যাই ভুলে যাই’ শিরোনামের একটি গানের মিউজিক ভিডিওর শুটিংয়ে অংশ নেবেন বলেও জানিয়েছেন।