১৭ বিচারকের দুজনের শপথ আজ হচ্ছে না
সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে নতুন নিয়োগ পাওয়া ১৭ জন অতিরিক্ত বিচারকের মধ্যে ১৫ জনের আজ রোববার শপথ হচ্ছে। গতকাল শনিবার সুপ্রিম কোর্ট এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানালেও বাকি দুজনের বিষয়ে কিছু জানানো হয়নি।প্রধান বিচারপতি মোহাম্মদ ফজলুল করিম সকাল ১০টায় সুপ্রিম কোর্ট জাজেস লাউঞ্জে বিচারকদের শপথ করাবেন। শপথ নেওয়ার দিন থেকে পরবর্তী দুই বছরের জন্য অতিরিক্ত বিচারক হিসেবে ১৭ জনকে রাষ্ট্রপতি জিল্লুর রহমান ১১ এপ্রিল নিয়োগ দেন। গতকাল শনিবার সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার শওকত হোসেন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, অনিবার্য কারণবশত প্রধান বিচারপতি আজ ১৫ জনের শপথ পাঠ করাবেন। বিজ্ঞপ্তিতে ১৫ জন বিচারপতির নাম আছে। রুহুল কুদ্দুস ও মো. খসরুজ্জামানের নাম নেই।নবনিযুক্ত ১৭ জন অতিরিক্ত বিচারকের মধ্যে রুহুল কুদ্দুস জাসদ ছাত্রলীগের সভাপতি ছিলেন। ছাত্রশিবিরের কর্মী আসলাম হত্যার ঘটনায় দায়ের করা মামলার তিনি এক নম্বর আসামি ছিলেন। এ মামলায় তাঁকেসহ ১৪ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছিল। এ অবস্থায় তাঁকে বিচারক নিয়োগের আগমুহূর্তে স্বরাষ্ট্র মন্ত্রণালয় পুরো মামলা প্রত্যাহার না করে রুহুল কুদ্দুসসহ কয়েকজনের নাম প্রত্যাহার করার সিদ্ধান্ত নেয়।১৭ বিচারকের আরেকজন মো. খসরুজ্জামান সুপ্রিম কোর্টে ভাঙচুরে অংশ নিয়েছিলেন, এমন ছবি পত্রিকায় ছাপা হয়েছে। তিনি বারের সাবেক সভাপতি মেসবাহ উদ্দিনের জামাতা। ’৯৬ সালে আওয়ামী লীগ সরকারের সময় তাঁকে অতিরিক্ত বিচারক করা হয়েছিল। জোট সরকার তাঁর নিয়োগ স্থায়ী করেনি।