১৭ লাখ টাকা ছিনতাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নোয়াখালীর বেগমগঞ্জে আনোয়ারুল করিম (৩০) নামের এক ব্যবসায়ীকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে তাঁর কাছ থেকে ১৭ লাখ ৩১ হাজার টাকা ছিনতাইয়ের অভিযোগ পাওয়া গেছে। আজ রোববার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার একলাশপুর ইউনিয়নের গাবুয়া বাজারের কাছে এ ঘটনা ঘটে।আনোয়ারুল করিম একলাশপুর বাজারের ফিডাপ সিএনজি ফিলিং স্টেশনের পরিচালক। তাঁকে স্থানীয় একটি ক্লিনিকে চিকিত্সা দেওয়া হয়েছে।আহত আনোয়ারুল করিম প্রথম আলো ডটকমকে বলেন, বেলা সাড়ে ১১টার দিকে তিনি ফিলিং স্টেশনের দুই কর্মচারীকে নিয়ে একটি প্রাইভেটকারে করে নগদ ১৭ লাখ ৩১ হাজার টাকা ব্যাংকে জমা দিতে মাইজদী যাচ্ছিলেন। প্রাইভেটকারটি সিএনজি স্টেশন থেকে আনুমানিক আধা কিলোমিটার দক্ষিণে যাওয়ার পর হলুদ রঙের একটি পিকআপ প্রাইভেটকারের গতিরোধ করে। ওই পিকআপ থেকে নেমে সাত-আটজন যুবক চাপাতি দিয়ে তাঁকে আঘাত করে, গাড়ির কাচ ভেঙে ব্যাগভর্তি টাকা নিয়ে পালিয়ে যায়।স্থানীয় লোকজন জানান, ছিনতাইয়ের ঘটনা জানাজানি হলে দুপুুর পৌনে ১২টার দিকে ক্ষুব্ধ জনতা গাবুয়া বাজারের কাছে চৌমুহনী-মাইজদী মহাসড়ক অবরোধ করে। প্রায় এক ঘণ্টা পর বেগমগঞ্জ মডেল থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে ক্ষুব্ধ জনতাকে বুঝিয়ে অবরোধ তুলে নিতে সক্ষম হয়।ছিনতাইয়ের ঘটনা নিশ্চিত করেন ঘটনাস্থল পরিদর্শনকারী বেগমগঞ্জ মডেল থানার উপপরিদর্শক (এসআই) সোহাগ রানা। তিনি প্রথম আলো ডটকমকে বলেন, ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের পরিচয় পাওয়া গেছে। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।