বিএনপির ‘নিখোঁজ’ নেতা এম ইলিয়াস আলীকে ফিরিয়ে দেওয়ার দাবিতে ১৭ সেপ্টেম্বর সিলেটে সমাবেশ ডেকেছে বিএনপি। ‘ইলিয়াসকে ফিরিয়ে দাও’—এই স্লোগান সামনে রেখে বিকেলে নগরের কোর্ট পয়েন্টে এই সমাবেশ হবে। গতকাল বৃহস্পতিবার রাতে বিএনপির জেলা কমিটির জরুরি সভা শেষে এ কর্মসূচি ঘোষণা করা হয়।বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক এম ইলিয়াস আলী গত ১৭ এপ্রিল রাতে ঢাকার বনানী থেকে গাড়িচালকসহ ‘নিখোঁজ’ হন।এম ইলিয়াস আলীকে সরকার পরিকল্পিতভাবে গুম করে রেখেছে দাবি করে গতকালের সভায় বক্তারা বলেন, পাঁচ মাস হয়ে গেছে সরকার এখনো তাঁর সন্ধান দিচ্ছে না। ইলিয়াস আলীকে তাঁর পরিবার-পরিজন তথা দেশবাসীর কাছে অবিলম্বে ফিরিয়ে দেওয়ার আহ্বান জানান বক্তারা। জেলা বিএনপির জ্যেষ্ঠ সহসভাপতি ও সাবেক সাংসদ দিলদার হোসেন সেলিমের সভাপতিত্বে জরুরি সভায় বক্তব্য দেন সাধারণ সম্পাদক আবদুল গফফার, সহসভাপতি নূরুল হক, শেখ মো. মকন মিয়া, মইনুল হক চৌধুরী, মোজাহিদ আলী, সাংগঠনিক সম্পাদক আলী আহমদ, যুগ্ম সম্পাদক মাহবুবুর রব চৌধুরী, এ টি এম ফয়েজ, দপ্তর সম্পাদক ও ইলিয়াস আলীর ব্যক্তিগত সচিব মো. ময়নুল হক, সদর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি শহীদ আহমদ, বিশ্বনাথ উপজেলার সভাপতি মো. জালাল উদ্দিন, ওসমানীনগর থানার সভাপতি সৈয়দ মোতাহির আলী, জাতীয়তাবাদী মহিলা দলের কেন্দ্রীয় সদস্য রুকসানা বেগম, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আরিফ ইকবাল, সিলেট সিটি করপোরেশনের সংরক্ষিত ওয়ার্ডের নারী কাউন্সিলর সালেহা কবির প্রমুখ।সভায় সিলেটের কানাইঘাট, কোম্পানীগঞ্জ, গোলাপগঞ্জ, জকিগঞ্জ, দক্ষিণ সুরমা, গোয়াইনঘাট, জৈন্তাপুর, বিয়ানীবাজার উপজেলা ও পৌর কমিটির নেতারা উপস্থিত ছিলেন।