১৭ হাজার হাটবাজারে অনিয়ম, অব্যবস্থাপনা
দেশজুড়ে স্থানীয় ব্যবসা-বাণিজ্যের প্রাণকেন্দ্র হাটবাজারগুলোতে চলছে অনিয়ম, অব্যবস্থাপনা ও দখলবাজি। বেশির ভাগ হাটবাজারেরই সীমানা নির্ধারণ করা নেই। এর জেরে প্রান্তিক কৃষক তাঁর উৎপাদিত পণ্য বেচার নির্দিষ্ট ঠাঁই পাচ্ছেন না। তাঁরা বসছেন সড়কের পাশে, নয়তো সড়কের ওপরে।হাটের স্থায়ী দোকানগুলোতে ব্যবসা চালানোর জন্য স্থানীয় প্রশাসনের কাছে খাজনা দিয়ে একসনা বন্দোবস্তি নেওয়ার বিধান আছে। কিন্তু খুব কম জায়গাতেই এই ব্যবস্থা চালু আছে। ফলে ব্যবসায়ীরা আইনের চোখে অবৈধ থেকে যাচ্ছেন। সরকারও বঞ্চিত হচ্ছে বিপুল পরিমাণ রাজস্ব থেকে। বেশির ভাগ হাটবাজারের দোকানগুলো থেকে অবৈধভাবে উচ্চহারে টোল তুলছেন ইজারাদারেরা। এ ছাড়া, রাজনৈতিক প্রভাব খাটিয়ে দোকান বরাদ্দ দেওয়ার অভিযোগও রয়েছে।হাটের জমি সরকারের। কৃষি মন্ত্রণালয়ের অধীন কৃষি বিপণন অধিদপ্তরের হিসাবমতে, দেশে ১৭ হাজার হাটবাজার রয়েছে। মাঠপর্যায়ে হাটবাজার দেখভালের দায়িত্বে থাকা প্রশাসন অব্যবস্থাপনার কথা স্বীকার করেছে। কিন্তু এই অব্যবস্থাপনার কোনো খোঁজ রাখে না সরকার। তবে ভূমি প্রতিমন্ত্রী মোস্তাফিজুর রহমান স্বীকার করেছেন, ‘হাটবাজার নিয়ে আমাদের নজরদারির অভাব আছে।’‘হাটের ভিতর কষ্টের ফসল বেচবার জায়গা নাই’: রংপুর জেলার সবচেয়ে বড় তারাগঞ্জ হাটে ধান, পাট, শাকসবজি নিয়ে আসেন এলাকার কৃষকেরা। কিন্তু হাটে তাঁদের পণ্য নামানোর জায়গা নেই। হাটের জায়গায় গড়ে উঠেছে স্থায়ী দোকানপাট। বাধ্য হয়ে কৃষকেরা পণ্য নিয়ে বসেন হাটসংলগ্ন তারাগঞ্জ-কিশোরগঞ্জ সড়কের পাশে, কখনো বা একেবারেই সড়কের ওপরে।সম্প্রতি সরেজমিনে দেখা গেছে, সড়কের প্রায় মাঝ বরাবর ধানের বস্তা নিয়ে বিক্রির জন্য দাঁড়িয়ে ছিলেন পশ্চিম অনন্তপুর গ্রামের কৃষক ওমর আলী। আটকে পড়া যানগুলো ধীরগতিতে তাঁর গা ঘেঁষে এগোতে থাকলেও তাঁকে বিচলিত মনে হলো না। তিনি বলেন, ‘কেউ কি ইচ্ছা করি রাস্তার ওপর বেচাকেনা করিবার আইসে? হাটের ভিতরত হামার কষ্টের ফসল বেচবার চার আঙ্গুল জায়গাও নাই। আস্তাত (রাস্তায়) দোকান না দিয়া করমো কী?’নিয়মানুযায়ী, যেকোনো হাটের অর্ধেক জমি কৃষকসহ অস্থায়ী হাটুরেদের বসার জন্য ফাঁকা রাখার কথা। হাটের এ অংশকে বলে ‘তোহা বাজার’। দেশের কোনো হাটবাজারে এখন আর মোট আয়তনের অর্ধেকে তোহা বাজার পাওয়া যাবে না বলে মনে করেন খোদ ভূমি মন্ত্রণালয়ের সায়রাত বিভাগের উপসচিব আনোয়ারুল হক। সায়রাত বিভাগের অধীনেই হাটবাজারের মালিকানা।এভাবে তোহা বাজারের পরিমাণ কমে যাওয়ায় হাটবাজারে প্রান্তিক কৃষকের অগ্রাধিকার কমে যাচ্ছে বলে মনে করেন অর্থনীতিবিদ হোসেন জিল্লুর রহমান। তিনি বলেন, ‘এটা অর্থনীতির বড় ক্ষতি, এ নিয়ে কারও কোনো ভাবনা নেই।’ তাঁর মতে, কৃষককে শুধু উৎপাদক হিসেবে বিবেচনা করা হয়, তাঁদের বিক্রেতা ভূমিকাকে অগ্রাহ্য করা হয়—এটা তারই প্রমাণ।রাজস্ববঞ্চিত সরকার: হাটবাজারের যে জায়গায় দোকানপাট থাকে, সেই জায়গাকে বলে চান্দিনা ভিটি। নিয়মানুযায়ী, প্রতিটি বাজারে একজন ব্যবসায়ীকে আধা শতক জমি বন্দোবস্তি দেওয়া হয়। তবে একই পরিবারের একজনের বেশি সদস্য এই বন্দোবস্তি পাবে না। এ ভিটির বন্দোবস্তি দেন জেলা প্রশাসক। উপজেলা ভূমি অফিসের মাধ্যমে বন্দোবস্তি নেওয়া যায়। বন্দোবস্তি প্রতিবছর নবায়ন করতে হয়। পৌরসভা ও ইউনিয়নভেদে বার্ষিক খাজনা হয় প্রতি বর্গমিটারে ১৫০ থেকে ২৫ টাকা।প্রথম আলোর অনুসন্ধানে দেখা গেছে, হাটবাজারে চান্দিনা ভিটির স্থায়ী বন্দোবস্ত যে নিতে হয়, এটা জানেনই না বেশির ভাগ ব্যবসায়ী। চান্দিনা ভিটি বন্দোবস্তহীন থাকার কারণে সরকার ন্যায্য আয় থেকে বঞ্চিত হচ্ছে। অথচ ব্যবসায়ীদের কাছ থেকে অবৈধভাবে আয় করছেন ইজারাদারেরা।ফরিদপুরের হাটবাজারগুলো ইজারা দিয়ে গত বছর সরকারের আয় হয়েছে ছয় কোটি ৩৫ লাখ ৫৭ হাজার ৪৭৪ টাকা। জেলায় ১৯৮টি হাটবাজার রয়েছে। হাটপ্রতি গড়ে ৩০০ ব্যবসায়ীর দোকান আছে। সে হিসেবে মোট ব্যবসায়ীর সংখ্যা ৫৩ হাজারের মতো। ফরিদপুরের হাটগুলোর মধ্যে ১৩টি ইজারা দেওয়া হয়নি, সরকার প্রতিনিধির মাধ্যমে খাজনা আদায় করছে (খাস আদায়) সাতটি থেকে। বাকি ১৭৮টি হাট ইজারা দেওয়া হয়েছে। ফরিদপুরে সপ্তাহে দুদিন হাট বসে। ইজারাদার প্রতি হাটে দোকানিদের কাছ থেকে গড়ে ৪০ টাকা হারে টাকা তোলেন। এভাবে গড় হিসাব ধরলে দেখা যায়, ইজারাদারেরা ১৭৮টি হাটের দোকানদারদের কাছ থেকে বছরে ২২ কোটির বেশি টাকা তুলে নিচ্ছেন।বগুড়া জেলায় ২৩৫টি হাটবাজার ইজারা দিয়ে সরকার বছরে নয় কোটি ৯৬ লাখ টাকা আয় করে। এসব বাজারে ৭০ হাজারের বেশি ব্যবসায়ী রয়েছেন। ইজারাদারেরা ব্যবসায়ীদের কাছ থেকে বছরে গড়ে হয়তো ৫০ কোটিরও বেশি টাকা তুলছেন। অথচ একসনা বন্দোবস্ত দিলে সরকার ন্যূনতম ২৫ কোটি টাকা রাজস্ব আয় করতে পারত বলে মনে করে জেলা প্রশাসন।জেলা রেভিনিউ ডেপুটি কালেক্টর (আরডিসি) মুহাম্মদ শরিফুল হক প্রথম আলোকে বলেন, ‘সিংহভাগ হাটে পেরিফেরি বা সীমানা নির্ধারণ না থাকায় চান্দিনা ভিটি বন্দোবস্ত এলাকা ও তোহা বাজার এলাকা আলাদা করা যাচ্ছে না। সব হাটে চান্দিনা ভিটিতে দোকান বরাদ্দ দেওয়া সম্ভব হলে বর্তমানের চেয়ে কয়েক গুণ বেশি রাজস্ব আয় হতো।’মাঠপর্যায়ে হাটবাজারের এই করুণ দশার খোঁজ রাখে না মন্ত্রণালয়। স্থানীয় সরকার বিভাগের সায়রাত বা হাটবাজারের দায়িত্বে থাকা উপসচিব কে এফ এম জেসমিন আখতারের স্বীকারোক্তি, ‘মাঠে কী অবস্থা চলছে তার কোনো খবর আমাদের কাছে নেই।’হাটবাজারে রাজনৈতিক দখলবাজি: যখন যে দল ক্ষমতায় থাকে হাটবাজারের নিয়ন্ত্রণ নেয় সেই দলের সমর্থকেরা। এটা এক অলিখিত নিয়ম। চাঁদাবাজি বেশি চলে দোকানপাটে। হাটবাজার স্থানীয় সরকারি দলের নেতা-কর্মীদের আয়ের একটা বড় উৎস। ভূমি প্রতিমন্ত্রী বলছেন, ‘কিছু কিছু ক্ষেত্রে রাজনৈতিক বিবেচনায় ইজারা দেওয়া হতে পারে। তবে সব ক্ষেত্রে নয়।’ময়মনসিংহের নান্দাইল উপজেলার হাটবাজারগুলোর জমি সরকারের নিয়ন্ত্রণে নেই, আছে প্রভাবশালীদের দখলে। তবে কী পরিমাণ জমি বেহাত হয়েছে, তার কোনো পরিসংখ্যান স্থানীয় ভূমি কার্যালয় দিতে পারেনি। একসময় এসব জমিতে ব্যবসায়ীদের দোকানপাট ছিল।নান্দাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আবদুল হামিদ মিয়া বলেন, দখলদারদের তালিকা প্রণয়ন করে তা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানোর পদক্ষেপ নেওয়া হচ্ছে।অর্থনীতিবিদ হোসেন জিল্লুর রহমান বলেন, ‘আমরা ঐতিহাসিকভাবে যেসব দুর্নীতিগ্রস্ত প্রতিষ্ঠান পেয়েছি তার মধ্যে হাটবাজার একটি।’