সাভারের রানা প্লাজা ধসের ১৭তম দিনে আজ শুক্রবার ভবনের ধ্বংসস্তূপ থেকে রেশমা খাতুন (২১) নামের এক নারীকে জীবিত উদ্ধার করা হয়েছে। বিকেল সাড়ে চারটার দিকে তাঁকে উদ্ধার করে সেনাবাহিনীর অ্যাম্বুলেন্সে করে সাভারের সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) নিয়ে যাওয়া হয়। উদ্ধারের সময় তিনি অক্ষত ছিলেন বলে উদ্ধারকাজে নিয়োজিত সেনাবাহিনীর সদস্যরা জানিয়েছেন। হাসপাতালে নেওয়ার পথে রেশমা তাঁর বোন আসমাকে দেখতে চান। এ সময় ঘটনাস্থলে হাতমাইকে আসমার সন্ধান চাওয়া হয়। তখন রেশমার ছবিসহ আসমা হাজির হলে তাঁকেও সেনাবাহিনীর গাড়িতে করে সিএমএইচে নিয়ে যাওয়া হয়। আমাদের বিরামপুর, হাকিমপুর ও দিনাজপুর প্রতিনিধি জানান, রেশমার বাড়ি দিনাজপুর জেলার ঘোড়াঘাট উপজেলায়। ঘোড়াঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান কাজী শুভ রহমান চৌধুরী ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাকসুদা বেগম সিদ্দিকা প্রথম আলো ডটকমকে এ তথ্য জানান। তাঁরা জানান, রেশমার বাড়ি উপজেলার ৩ নম্বর সিংড়া ইউনিয়নের কশিগাড়ি গ্রামে। তিনি মৃত আনসার আলীর মেয়ে। তাঁর মায়ের নাম জোবেদা খাতুন। তাঁর দুই ভাই ও দুই বোন আছে।এদিকে বার্তা সংস্থা বাসসের খবরে বলা হয়, রেশমা ধসেপড়া ভবন রানা প্লাজার চতুর্থ তলায় ফ্যান্টম গার্মেন্টসে সুইয়িং অপারেটর হিসেবে কর্মরত ছিলেন। তাঁর বেতন ছিল পাঁচ হাজার টাকা, আইডি কার্ড নম্বর ২৩৮। তাঁর স্বামীর নাম আবদুর রাজ্জাক। তাঁর একটি মেয়ে আছে। তিনি সাভারের ব্যাংক কলোনিতে বসবাস করতেন।বাসস আরও জানায়, রেশমার স্বামী আবদুর রাজ্জাক আজ দুপুরে টেলিভিশনে সরাসরি উদ্ধার অভিযানের দৃশ্য দেখে ঘটনাস্থলে দ্রুত ছুটে যান।এ ঘটনার পরে উদ্ধারকর্মীদের অভিনন্দন জানিয়েছেন রাষ্ট্রপতি আবদুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া।গত ২৪ এপ্রিল সকাল পৌনে নয়টার দিকে সাভার বাসস্ট্যান্ডের পাশে রানা প্লাজা ভবনটি ধসে পড়ে। এ পর্যন্ত এ দুর্ঘটনায় নিহত মানুষের সংখ্যা হাজার ছাড়িয়েছে।