আজ বুধবার শুরু হচ্ছে ‘দ্বাবিংশ জাতীয় রবীন্দ্রসংগীত উৎসব’। আয়োজন করেছে বাংলাদেশ রবীন্দ্রসংগীত শিল্পী সংস্থা। শাহবাগ কেন্দ্রীয় গণগ্রন্থাগারের শওকত ওসমান মিলনায়তনে আয়োজিত এবারের উৎসব হবে পাঁচ দিন। এতে সহযোগিতা করছে বাংলালিংক। উৎসব নিয়ে কথা বললেন বাংলাদেশ রবীন্দ্রসংগীত শিল্পী সংস্থার সভাপতি তপন মাহমুদ।পাঁচ দিনের উৎসব আয়োজনের কারণ কী?গত বছরও এ উৎসবটি পাঁচ দিন হয়েছিল। এখন অনেকেই রবীন্দ্রসংগীতের চর্চা করছেন। তাই আমাদের শিল্পীর সংখ্যা যথেষ্ট বেড়েছে। আমরা চাই, সবাই যেন এ উৎসবের সঙ্গে সম্পৃক্ত হতে পারেন। গান করার সুযোগ পান। এবার একক কণ্ঠের গান করবেন ১৭৫ জন শিল্পী। কোরাস কণ্ঠে গান করবেন ১৫০ জন শিল্পী। উৎসবের প্রথম দিন আর শেষ দিন তিনটি করে কোরাস গান থাকবে, অন্য দিনগুলোতে হবে দুটি করে গান।এবারের অনুষ্ঠানে নতুন কী থাকছে?রবীন্দ্রনাথের কাহিনি নিয়ে তৈরি চলচ্চিত্রের প্রদর্শনী এবং নাগরিক নাট্য সম্প্রদায়ের পরিবেশনায় রবীন্দ্রনাথের নাটক অচলায়তন। এ ছাড়া থাকবে আবৃত্তি ও গীতিনৃত্যনাট্য শ্যামা। পঁচিশে বৈশাখ বাংলাদেশ রবীন্দ্রসংগীত শিল্পী সংস্থার প্রতিষ্ঠাতা সভাপতি প্রয়াত কলিম শরাফীরও জন্মদিন। তাঁকে ছাড়াই এবার আমরা উৎসব করছি। তাঁর ওপর তৈরি তথ্যচিত্র পথে পথে দিলাম ছড়াইয়ার প্রদর্শনী হবে উৎসবের শেষ দিনে। উৎসবে রবীন্দ্রনাথকে নিয়ে আলোচনা থাকছে?প্রতিদিনই বিভিন্ন বিষয়ের ওপর আলোচনা হবে। সবগুলো বিষয়ই রবীন্দ্রনাথের সার্ধশততম জন্মবার্ষিকীকে ঘিরে। এ সময়ে রবীন্দ্রনাথকে নতুনভাবে দেখার চেষ্টা করা হয়েছে। রবীন্দ্রনাথের সার্ধশততম জন্মবার্ষিকী উপলক্ষে কী পরিকল্পনা করছেন?সারা বছরই নানা কর্মসূচি পালন করা হবে। ‘দ্বাবিংশ জাতীয় রবীন্দ্রসংগীত উৎসব’ তার সূচনা মাত্র। উৎসব শেষ করেই সারা দেশে রবীন্দ্রসংগীতের প্রতিযোগিতার আয়োজন করেছি। এখানে বিজয়ীদের ‘কলিম শরাফী পদক’ দেওয়া হবে। এবার রবীন্দ্রনাথের প্রয়াণ দিবসের অনুষ্ঠানটি করব রোজার ঈদের পর। ২০১৩ সালে রবীন্দ্রনাথের নোবেল পাওয়ার শতবর্ষ পূর্তি হবে। ওই বছর পর্যন্ত আমরা নানা কর্মসূচি পালন করব। বিনোদন প্রতিবেদক